Dhaka Mail Logo

শিক্ষা

শীতকালীন ছুটি: স্কুল, কলেজ ও মাদরাসা কবে থেকে কতদিন বন্ধ?

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ এএম

আসন্ন ডিসেম্বর মাসে শীতকালীন লম্বা ছুটিতে যাবে দেশের সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ১৩ ডিসেম্বর থেকে এই লম্বা ছুটি শুরু হবে। তবে প্রতিষ্ঠানভেদে আগে-পরে ছুটি শুরু হবে। প্রতিষ্ঠাভেদে ছুটির সময়ও ভিন্ন ভিন্ন হবে।

শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, এ বছর শীতকালীন ছুটি সবচেয়ে বেশি পাবে কলেজগুলোর শিক্ষার্থীরা। আর সবচেয়ে কম ছুটি পাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ছুটির তালিকা অনুযায়ী, সবার আগে ছুটি শুরু হবে মাদরাসায়। সরকারি ও বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসার শীতকালীন ছুটি শুরু হবে ১৩ ডিসেম্বর। এসব মাদরাসার ছুটি চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। এতে টানা ১৫ দিন বন্ধ থাকবে মাদরাসা।

মাদরাসা ছুটির পরপরই শীতকালীন ছুটি শুরু হবে সরকারি ও বেসরকারি কলেজে।

ছুটির পঞ্জিকা অনুযায়ী, কলেজগুলোতে শীতকালীন ছুটি শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। ছুটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরমধ্যে বড়দিনের ছুটিও থাকবে। এর আগে, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটিও পাবে কলেজ শিক্ষার্থীরা। এ ছাড়া ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরের দুই দিন সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। ফলে কলেজের শিক্ষার্থীরা মোট ছুটি পাবে ১৮ দিন।

ছুটির তালিকা অনুযায়ী, এবার প্রাথমিক, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ছুটি শুরু হবে ২০ ডিসেম্বর থেকে। এই ছুটি চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। এরমধ্যে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি অন্তর্ভুক্ত থাকবে। এ ছাড়া শীতকালীন ছুটি শুরু হওয়ার আগে দুইদিন সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে সব মিলিয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীরা ছুটি পাবে ১২ দিন।

ছুটির পঞ্জিকা অনুযায়ী, শীতকালীন ছুটির মধ্য দিয়েই ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত ছুটির তালিকা সমাপ্তি ঘটবে। এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি ব্যবহার করলে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন অতিরিক্ত ছুটি পেতে পারেন।

এএম