বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর চূড়ান্ত পর্ব। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ রসায়ন সমিতির (বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি) যৌথ উদ্যোগে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা যায়, এর আগে গত ৩১ অক্টোবর ঢাকাসহ সারা দেশের ১৪টি আঞ্চলিক কেন্দ্রে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্র থেকে মেধাক্রম অনুযায়ী নির্বাচিত সেরা শিক্ষার্থীরা আগামীকাল রসায়ন বিভাগ প্রাঙ্গণে চূড়ান্ত লড়াইয়ে অংশ নেবে।
চূড়ান্ত পর্বের ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী সেরা চারজন শিক্ষার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত এই চার শিক্ষার্থী ২০২৭ সালের ১৯ থেকে ২৮ জুলাই তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে (IChO) বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
এবারের আয়োজনের সময়সূচি প্রসঙ্গে অলিম্পিয়াডের আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আমিনুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বারের মতো এই জাতীয় আয়োজনের সুযোগ পেয়েছে।
সাধারণত বোর্ড পরীক্ষার ব্যস্ততার কারণে নির্বাচিত শিক্ষার্থীদের আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য প্রস্তুতি নিতে সমস্যা হয়। সে বিষয়টি বিবেচনায় রেখে এবার তিন থেকে চার মাস সময় হাতে রেখেই চূড়ান্ত পর্বের সময় এগিয়ে আনা হয়েছে, যাতে বিজয়ীরা আন্তর্জাতিক আসরের জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারে।
উল্লেখ্য, তরুণ প্রজন্মের মধ্যে রসায়নকে জনপ্রিয় করা এবং বিজ্ঞানমনস্ক ও মুক্তচিন্তার অধিকারী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ রসায়ন সমিতি ১৯৮৬ সাল থেকে নিয়মিত এই অলিম্পিয়াডের আয়োজন করে আসছে। গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত প্রাথমিক পর্বে কেবল ঢাকা অঞ্চলেই নিবন্ধিত ২৮৭ শিক্ষার্থীর মধ্যে ২৪০ জন অংশ নেয় এবং সারা দেশের কেন্দ্রগুলো থেকে বাছাইকৃত মেধাবীরাই আগামীকালের চূড়ান্ত পর্বে মুখোমুখি হতে যাচ্ছে।
প্রতিবেদক/এএম