মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

৭৭টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে জবিতে জব ফেয়ার অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

৭৭টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে জবিতে জব ফেয়ার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

৭৭ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে( জবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার। 

শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পেশাগত দক্ষতা বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞানের সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার সমন্বয় ঘটানোর লক্ষ্যে এই আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন শিল্প, বাণিজ্যিক, আর্থিক, প্রযুক্তি, শিক্ষা ও সেবামূলক খাতের মোট ৭৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। 

জব ফেয়ারে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও এমবিএ (প্রফেশনাল প্রোগ্রাম) সম্পন্নকারী এবং বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রায় দুই হাজার চাকরিপ্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রস্তাবিত চাকরির বিপরীতে মেলায় অংশগ্রহণ করেন।

জব ফেয়ারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও জব ফেয়ার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আলী নূর, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। 

এদিকে দুপুরে জব ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক।

একইদিনে জবিতে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ সেমিনার। উচ্চশিক্ষার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ স্থাপন, শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে এই সেমিনার আয়োজন করা হয়। উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও জব ফেয়ার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আলী নূর এবং বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুর। 

স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন।

সেমিনারে উচ্চশিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মক্ষেত্রের চাহিদার মধ্যে সমন্বয়, কর্মমুখী শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে শিল্পপ্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের চাহিদা, পেশাগত দক্ষতা ও কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

এমএইচএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর