Dhaka Mail Logo

শিক্ষা

শিক্ষক নিয়োগে এনটিআরসিএর পরীক্ষা বিসিএসের মানে নেওয়ার চিন্তা সরকারের

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ পরীক্ষার মান বিসিএস পরীক্ষার কাছাকাছি নেওয়ার কথা ভাবছে সরকার। একই সঙ্গে শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির জটিলতা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যকার বৈষম্য এবং আত্মীকরণসংক্রান্ত সমস্যাগুলোও সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আগের চাকরির পদমর্যাদা ও বেতনের সঙ্গে বর্তমান চাকরির তুলনা করা ঠিক হবে না। সামাজিক মর্যাদা ও মানুষের সম্মানই একজন শিক্ষকের বড় অর্জন।

শিক্ষকদের প্রশিক্ষণের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রশিক্ষণ শুধু গতানুগতিক বা রুটিননির্ভর হলে চলবে না। এতে নতুন ধারণা, সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার এবং বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সবাই শিক্ষক। প্রত্যেক শিক্ষকই একজন শিক্ষার্থী। আমি শিখব, আপনি শিখবেন, আপনি শেখাবেন, আমি শেখাব।

প্রশিক্ষণ থেকে কী শিখেছেন, কী শিখতে পারেননি এবং কী শেখার প্রত্যাশা ছিল, তা লিখিতভাবে জানানোর আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, শিক্ষকদের মতামত ও অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে।

এমএইচ/এএম