সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইন্টার্নশিপের সুযোগ খুঁজে দেবে ইউজিসির ‘নেক্সাস’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

শেয়ার করুন:

ইন্টার্নশিপের সুযোগ খুঁজে দেবে ইউজিসির ‘নেক্সাস’
সেমিনারে বক্তব্য দিচ্ছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ বাড়াতে ‘নেক্সাস’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ খুঁজে পাবেন। এমনকি ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা : বিশ্ববিদ্যালয় হতে পারে নতুন উদ্যোক্তা তৈরির অন্যতম সূতিকাগার, চাই সমন্বিত ইকোসিস্টেম’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, উচ্চশিক্ষা শেষ করে দীর্ঘদিন চাকরি খোঁজার পর একপর্যায়ে চাকরি খোঁজা ও পড়াশোনা—দুটিই ছেড়ে দিয়েছেন, এমন তরুণের হার ২৩ শতাংশ। বিষয়টি উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সঙ্গে শ্রমবাজারের চাহিদা ও প্রয়োজনীয় দক্ষতার সমন্বয় না থাকাও এ সংকটের অন্যতম কারণ।

গবেষণায় অর্থায়নের বিষয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে কমিশনের অর্থায়নে গবেষণা প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে দেশের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানভিত্তিক প্রস্তাবকে অগ্রাধিকার দেওয়া হবে। এসব গবেষণায় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

উদ্যোক্তা তৈরিতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ইনকিউবেশন হাব প্রতিষ্ঠায় পৃথকভাবে কাজ করছে। তবে এসব উদ্যোগের মধ্যে যথাযথ সমন্বয় না থাকলে অর্থ ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে।

তিনি আরও বলেন, নতুন উদ্যোক্তা তৈরিতে শুধু অর্থায়ন নয়, প্রশিক্ষণ, পরামর্শ, প্রযুক্তি হস্তান্তর ও বাজার সংযোগের সমন্বয়ে কার্যকর পরিবেশ গড়ে তুলতে হবে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। স্বাগত বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুলতানা ইয়াসমীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান।

এম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর