নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, শিক্ষার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ তৈরি হলে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কাজ করছে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিল্প মন্ত্রণালয় আয়োজিত ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা: বিশ্ববিদ্যালয়ই হতে পারে নতুন উদ্যোক্তা সৃষ্টির সুতিকাগার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ব্যবসা-বিনিয়োগ সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ দিচ্ছেন। এ জন্য উদ্যোক্তা বিকাশে ঋণ দেওয়ার কর্মসূচিও নেওয়া হয়েছে।
মতবিনিময় পর্বে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভালো উদ্যোক্তা হতে হলে উদ্ভাবনী মেধার পাশাপাশি বাজারের চাহিদা বোঝার সক্ষমতা থাকতে হবে।
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা খাতায় যা লিখেছে, তার যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম মাসুদ।
সেমিনারে শতাধিক উদ্যোক্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।
এমএইচ/এএম