Dhaka Mail Logo

শিক্ষা

ফরিদাবাদের ৭০ সালা সম্মেলন শুরু, ভার্চুয়ালি যুক্ত হলেন তাকি উসমানি

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী ‘৭০ সালা ফুজালা সম্মেলন’ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুসের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সম্মেলনের প্রথম দিন রাত ৮টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন পাকিস্তানের প্রখ্যাত আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। প্রায় ১৫ বছর পর তার বাংলাদেশ সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে সফর স্থগিত হওয়ায় সরাসরি উপস্থিত হতে পারেননি তিনি। তবে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনে হাদিসের দরস পেশ করেন। তার বক্তব্য ঘিরে উপস্থিত আলেম-ওলামা ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ভার্চুয়ালি মুফতি তাকি উসমানি জানান, তাঁর অনেক ইচ্ছা ছিল মোবারক এই মাহফিলে সরাসরি উপস্থিত হওয়ার। অনাকাঙ্ক্ষিত কিছু কারণে সেটা সম্ভব হয়নি। তবে ভার্চুয়ালি যুক্ত হতে পারায় তিনি আল্লাহর শোকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

মুফতি তাকি উসমানি তাঁর বক্তব্যে ফরিদাবাদ মাদরাসার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি মাওলানা শামছুল ফরিদপুরী রহ.-এর কথা বিশেষভাবে স্মরণ করেন। তিনি জানান, তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং বারবার সাক্ষাৎ হয়েছে। এ সময় তিনি ছদর সাহেব খ্যাত মাওলানা শামছুল হক ফরিদপুরীর ইখলাস, লিল্যাহিয়াত এবং দীনের জন্য কোরবানির কথা স্মরণ করেন।

আরও পড়ুন

যে কারণে বাংলাদেশে আসছেন না মুফতি তাকি উসমানি

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এসব দীনি মাদরাসার প্রাণ হচ্ছে দারুল উলুম দেওবন্দ। এসব মাদরাসা যতদিন দেওবন্দের উসুল অনুযায়ী পরিচালিত হবে ততদিন দুনিয়া ও আখেরাতে সফল হবে। এজন্য তিনি সর্বাবস্থায় আকাবিরের দেখানো পথে অবিচল থাকার তাগিদ দেন।

আগামী বুধবার (২৫ নভেম্বর) পর্যন্ত চলবে তিন দিনব্যাপী এ সম্মেলন। মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সম্মেলনের কার্যক্রম চলবে। এতে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় আলেম, ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদরা পর্যায়ক্রমে বক্তব্য পেশ করবেন।

পাগড়ি নেবেন ২০ হাজার সাবেক শিক্ষার্থী। ছবি: সংগৃহীত
পাগড়ি নেবেন ২০ হাজার সাবেক শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

ইতোমধ্যে সম্মেলনে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেশ কয়েকজন আলেম। তাদের মধ্যে রয়েছেন পাকিস্তান মাদরাসা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি, জামিয়া ফারুকিয়া করাচির প্রিন্সিপাল মাওলানা ওবাইদুল্লাহ খালিদ, মাওলানা ফয়সাল নাদিম শাহ এবং ভারতের মাওলানা মুহাম্মদ রমজান মেওয়াতি, মাওলানা শাহ হাকিম মাজহার, মাওলানা সাইয়িদ আজহার মাদানী ও মাওলানা হুসাইন আহমাদ পালনপুরী। এ ছাড়া দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী, মাওলানা ইলিয়াস ঘুম্মান ও মাওলানা আওরঙ্গজেব ফারুকী।

আরও পড়ুন

৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় তাকি উসমানিসহ ঠাঁই পেলেন যেসব আলেম

দেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে উপস্থিত থাকবেন মাওলানা নূরুল ইসলাম আদীব, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশী, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা সোলাইমান নোমানী ও মুফতি দিলাওয়ার হুসাইন প্রমুখ।

মিডিয়া সমন্বয়ক মুফতি আহসান শরীফ জানান, সম্মেলনের প্রথম দিন বাদ এশা তিন হাজার ফুজালাকে সম্মাননা স্মারক হিসেবে পাগড়ি প্রদান করা হবে। পরবর্তী দুই দিন অবশিষ্ট ফুজালাদের পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হবে।

জেবি