বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে শীর্ষ দশে স্থান পেয়েছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদ মুফতি মুহাম্মদ তাকি উসমানি। এছাড়া তালিকায় স্থান পেয়েছেন উপমহাদেশের বিভিন্ন ধারার একাধিক শীর্ষস্থানীয় আলেম, ধর্মীয় নেতা ও ইসলামি চিন্তাবিদ। তাদের মধ্যে রয়েছেন ভারতের মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি, মুফতি আবুল কাসিম নোমানি, মাওলানা সাদ কান্ধলভিসহ আরও কয়েকজন।
শনিবার (১৪ নভেম্বর) ইসলামবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইসলামঅনওয়েবের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের সংস্করণটি প্রকাশিত হয়েছে। এটি প্রকাশনাটির ১৮তম বার্ষিক আয়োজন। এতে ধর্মীয় জ্ঞানচর্চা, নেতৃত্ব, দাওয়াত, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মুসলিম বিশ্বে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্বদের তুলে ধরা হয়েছে।
শীর্ষ দশে মুফতি তাকি উসমানি
২০২৭ সালের তালিকায় পাকিস্তানের বিশিষ্ট আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি সপ্তম স্থানে রয়েছেন। হাদিস, ইসলামি আইনশাস্ত্র (ফিকহ) ও ইসলামি অর্থনীতিতে তাঁর দীর্ঘদিনের গবেষণা, পাঠদান ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বদের অন্যতম হিসেবে স্থান দেওয়া হয়েছে। তিনি দেওবন্দি ইলমি ধারার অন্যতম প্রধান বুদ্ধিবৃত্তিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত।
এর আগে ২০২৬ সালের সংস্করণে তিনি দ্বিতীয়, ২০২৫ সালে ষষ্ঠ এবং ২০২৪ সালে অষ্টম স্থানে ছিলেন।
তালিকার শীর্ষস্থান যৌথভাবে অধিকার করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরপর চতুর্থ স্থানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ মোজতবা খামেনি, পঞ্চম স্থানে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ষষ্ঠ স্থানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি রয়েছেন।
অন্যদিকে, ইয়েমেনের প্রখ্যাত আলেম ও দারুল মুস্তফার প্রতিষ্ঠাতা হাবিব ওমর বিন হাফিজ রয়েছেন অষ্টম স্থানে।
ভারতের শীর্ষস্থানীয় আলেমদের উপস্থিতি
২০২৭ সালের তালিকায় ভারতের বেশ কয়েকজন পরিচিত আলেম ও ইসলামি চিন্তাবিদ স্থান পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি ও মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি। উপমহাদেশের দেওবন্দি ধারার ধর্মীয় নেতৃত্বে তাদের দীর্ঘদিনের ভূমিকা রয়েছে।
আরও পড়ুন
সংসদে চার ইসলামি দলের ২৪ জন আলেম, বদলাচ্ছে সমীকরণ
বাংলাদেশ সফরে আসছেন বিশ্বখ্যাত আলেম মুফতি তাকি উসমানি
এ ছাড়া তালিকায় রয়েছেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নোমানি এবং তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি। ধর্মীয় শিক্ষা ও দাওয়াতের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে ইসলাম প্রচারের জন্য পরিচিত ডা. জাকির নায়েকও রয়েছেন তালিকায়।
ভারতের অন্য যেসব ধর্মীয় ও ইসলামি ব্যক্তিত্ব স্থান পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন শেখ আবুবকর আহমদ, সৈয়দ ইব্রাহিমুল খলিল আল-বুখারি এবং দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. বাহাউদ্দিন মুহাম্মদ জামালুদ্দিন নদভী।
যেভাবে তৈরি হয় প্রভাবশালী মুসলিমদের তালিকা
‘দ্য মুসলিম ৫০০’ তালিকায় প্রভাব বলতে ধর্মীয় জ্ঞানচর্চা, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক কর্মকাণ্ড, সংস্কৃতি, অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে মুসলিম বিশ্বে উল্লেখযোগ্য প্রভাব রাখার সক্ষমতাকে বোঝানো হয়েছে। তালিকা তৈরিতে বিশেষজ্ঞদের মূল্যায়ন, জনসাধারণের মনোনয়ন এবং সামাজিক বিভিন্ন সূচক বিবেচনা করা হয়। এক বছরের অর্জনের তুলনায় ব্যক্তির সামগ্রিক জীবনের অবদানকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
প্রকাশনাটিতে প্রথম ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়েছে। বাকি ৪৫০ জনকে ইসলামি জ্ঞানচর্চা, রাজনীতি, ধর্মীয় প্রশাসন, দাওয়াত ও আধ্যাত্মিক দিকনির্দেশনা, দাতব্য কার্যক্রম, সামাজিক কর্মকাণ্ড, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি, কোরআন তেলাওয়াত, গণমাধ্যম, প্রভাবশালী ব্যক্তিত্ব ও খেলাধুলাসহ ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশকদের ভাষ্য অনুযায়ী, তালিকায় কারও অন্তর্ভুক্তি তার মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি সমর্থন কিংবা অনুমোদন নির্দেশ করে না; বরং মুসলিম বিশ্বে তার প্রভাবের একটি মূল্যায়ন তুলে ধরে।
জেবি




