বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে পাকিস্তানের শায়খুল ইসলাম জাস্টিস মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। তবে ঢাকার একটি খতমে বোখারীর অনুষ্ঠানে অনলাইনে বক্তব্য দেবেন তিনি। আর রাজনৈতিক পরিস্থিতি উন্নতি হলে তিনি বাংলাদেশ সফর করবেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সৌদি আরবের আন্তর্জাতিক ফিকহ একাডেমির সদস্য মুফতি মিজানুর রহমান সাঈদ।
মুফতি মিজানুর সাঈদ বলেন, ‘আগামী ২২ নভেম্বর ভোরে সাত দিনের সফরে বাংলাদেশে আসার কথা ছিল মুফতি তাকি উসমানির। দেড় যুগ পড়ে বাংলাদেশে এই সফর ছিল। তাঁর সফর কেন্দ্র করে সিডিউল ও সব আয়োজন সম্পূর্ণ করা হয়েছে। তবে দুঃখজনক বিষয় হলো বর্তমান পরিস্থিতিতে তাঁর সফরটি বাতিল করা হয়েছে।’
মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, ‘মুফতি তাকি উসমানির সফর উপলক্ষে স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় থেকে সবকিছু সম্পূর্ণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও জানানো হয়েছে ভিআইপি পোর্টোকল দিবে এবং ধর্ম মন্ত্রণালয় থেকেও সহযোগিতা করা হয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রক্রিয়া বাকি ছিল, এটি হলো এনওসি। তাঁর সব সঙ্গীদের এনওসি দেওয়া হয়েছে, তবে তাঁর এনওসি দেওয়া হয়নি। দেশের বর্তমান পরিস্থিতির কারণে তাঁকে এনওসি দেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘এটি আমাদের জন্য দুঃখের খবর। আমরা চাই দেশের পরিস্থিতি সুন্দর হোক। দেশের সার্বিক পরিস্থিতি ভালো হলে তিনি আসবেন। তাঁর বয়ান শুনার জন্য এবং তাকে দেখার জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে আছেন। তবে মুফতি তাকি উসমানি ঢাকার একটি খতমে বোখারীর অনুষ্ঠানে অনলাইনে বক্তব্য দেবেন।’
সংবাদ সম্মেলনে ইসলামি আন্দোলন বাংলাদেশ নেতা মুফতি রেজাউল করিম আবরারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএইচ/এএম




