বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৬, ০৪:০৩ এএম
যান্ত্রিক জীবনের ব্যস্ততা, পড়াশোনার চাপ আর প্রাতিষ্ঠানিক গণ্ডি পেরিয়ে শিক্ষা সফর মানুষকে দেয় প্রশান্তি। মানুষ ভ্রমণে যেয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন, জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি খুঁজে পায়। সোনালি ধানের হাসিতে মুখর বাংলার মাঠ, শিশিরভেজা ঘাসের ওপর ভোরের মিষ্টি পরশ আর নবান্নের ঘ্রাণে মাতোয়ারা গ্রামবাংলার মায়াবী সৌন্দর্য পেরিয়ে সাগরকন্যা কুয়াকাটার পথে যাত্রা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ৩৬তম ব্যাচ। আইন বিভাগের অধ্যাপক ড. নুরুন নাহার ও সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদুর রহমান টিটুর নেতৃত্বে সাগরকন্যা কুয়াকাটার নীল জলরাশি, বিস্তীর্ণ বালুকাবেলা, সূর্যোদয়-সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য ও প্রকৃতির নিবিড় সান্নিধ্যে উপভোগ করেছে শিক্ষার্থীরা।
ইবির প্রধান ফটক থেকে গত ১৭ নভেম্বর ‘সোহাইল’ বাসে চড়ে কুষ্টিয়া হয়ে সাগরকন্যা কুয়াকাটার উদ্দেশে যাত্রা শুরু হয়। বাসের ভেতর চলেছে গান, আড্ডা, নাচ ও খুনসুটির প্রাণবন্ত আয়োজন। পথিমধ্যে একাধিক স্থানে বিরতি দিয়ে হয়েছে চা-চক্র।
বাসের আনন্দে বিশেষ মাত্রা যোগ করে ধ্রুব পাল, তানজীর, সাইফুল, হীরা মানিক, রাকিব, রক্তিম, সামান্তা, সাদিয়া, জুই, সালসাবিলা, তাকিয়া, মোনামি ও কেয়া।
এদিকে প্রিয়জনকে পাশে নিয়ে সিফাত লিখছিল পৃথিবীর অন্যতম এক মহাকাব্য। তাদের মিষ্টি খুনসুটি ও আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন টিটু স্যার। সোহাইল বাস ছিল বন্ধুত্বে মোড়ানো এক চলন্ত স্মৃতির বাক্স।
টিটু স্যার ও নুরুন নাহার ম্যামের নেতৃত্বে সাগর কন্যায় গিয়েছিল হীরা মানিক, তানজিল রহমান, জাহিদ, কামরুল হাসান, আতিক, জাকারিয়া হোসাইন, রক্তিম দে, সাইফুল ইসলাম, রাকিব, সাদ আকাশ, লিখন বাবু, অনুপ কুমার, আল আমিন মৃধা, মাহির, শ্রী নিদয় চন্দ্র রায়, সিফাত, শিহাব মোল্লা, সৈকত শাহরিয়ার শিহাব, নুর শাওন, মনিরুজ্জামান মনি, ধ্রুব পাল ও সাজ্জাদ।
আরও ছিল শামীম, সুকান্ত কুজুর, রুহুল আমিন, মাসুম, আব্দুল্লাহ, রজবি,তানজির, মোতালেব, আব্দুল্লাহ আল নোমান, মহিমা, আয়শা তাকিয়া, সামিয়া কেয়া, অহনা, সামান্তা, মোবাশ্বিরা মাহি মোনামি, সাদিয়া জান্নাত, হাফসা আক্তার, সালসাবিলা, মুক্তা মাহমুদা, পরশ প্রভা শিকদার ও ফাহমিদা খাতুন জুই।
বর্তমানে কুয়াকাটা উন্নত থেকে উন্নততর হচ্ছে। পর্যটন কেন্দ্র হিসেবে অনেক অত্যাধুনিক আবাসিক হোটেল ও খাবার রেস্টুরেন্ট গড়ে উঠেছে।
সফরে সেখানকার গঙ্গামতির চর থেকে লাল কাঁকড়ার চর সবত্র চষে বেড়িয়েছে ইবি আইন বিভাগের ৩৬তম ব্যাচের সবাই।
কুয়াকাটার দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে- কুয়া বা কুপ, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, নৌকা জাদুঘর, বিভিন্ন রাখাইন পল্লি, কুয়াকাটা ইকোপার্ক, গঙ্গামতির চর, সাপুড়ে আব্দুল আলী গাড়ুলির স্মৃতিবিজড়িত স্থান, মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহার, ইলিশ পার্ক, আলীপুর ও মহিপুর মৎস্যবন্দর, শুঁটকি পল্লি, লেম্বুর বন,সুইজারল্যান্ড বন, ফেতরার চর, লাল কাঁকড়ার চর, সোনার চর ও পানি জাদুঘর ইত্যাদি।
যেখানে শিক্ষার্থীরা শিখে আইনের কঠিন ভাষা,খুঁজে পায় স্নেহের আশ্রয়, কণ্ঠে কখনো রবীন্দ্রনাথ, কখনো নজরুল,যাঁর পরিচয়ে মিশে আছে জ্ঞান,সুর ও মমতা তিনি অধ্যাপক ড. নুরুন নাহার।
আইন বিষয়ে একাধিক বইয়ের লেখক তিনি। তিনি শ্রেণিকক্ষে আইন শেখানোর ক্ষেত্রে যতটা আপসহীন, শ্রেণিকক্ষের বাইরে স্নেহ-মমতা ততটাই গভীর।
তার পাঠদানের কঠোরতার আড়ালে লুকিয়ে থাকে শিক্ষার্থীদের প্রতি অবিভাবকসুলভ ভালোবাসা। বিশেষ করে আইন বিভাগের ৩৬তম ব্যাচের শিক্ষার্থীদেরকে ‘পবিত্র ব্যাচ’ নামে উপাধি দিয়েছেন। নামকরণের মধ্য দিয়ে তৈরি হয়েছে এক আলাদা আবেগ ও স্মৃতির বন্ধন।
সব মিলিয়ে অধ্যাপক ড. নুরুন নাহার কেবল একজন আইন শিক্ষক নয়। নানা প্রতিভা ও পরিচয়ের সমন্বয়ে গড়ে ওঠা এক অন্যমাত্রার ব্যক্তিত্ব।
একজন শিক্ষক, ভ্রমণপ্রেমী, অভিজ্ঞ পথিক ও অসংখ্য সফল মানুষের নির্মাতা সব মিলিয়ে অধ্যাপক ড. সাজ্জাদুর রহমান টিটু এক বহুমাত্রিক ব্যক্তিত্ব।
দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলার মধ্য দিয়ে সঞ্চয় করেছেন নানা অভিজ্ঞতা, জেনেছেন মানুষের জীবন, সমাজ, সংস্কৃতি ও ইতিহাসকে। তিনি দেশ-বিদেশের নানা স্থান, মানুষ ও সংস্কৃতির সঙ্গে নিজেকে সমৃদ্ধ করেছেন প্রতিনিয়ত।
কুয়াকাটার থেকে ফেরার পথে তারই এক শিক্ষার্থী পায়রা বন্দরের সহযোগী কর্তৃপক্ষ ইউসুফ সরকারের সৌজন্যে পায়রা বন্দর পরিদর্শনের সুযোগ পায় শিক্ষার্থীরা।
এই অধ্যাপকের দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় গড়ে উঠেছেন বিচারক, আইনজীবী, ব্যারিস্টার, লিগ্যাল অফিসার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যাংকার এবং সেনাবাহিনীর কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশার অসংখ্য মানুষ। এভাবেই তিনি কেবল প্রতিষ্ঠানের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়েন অসংখ্য মানুষের জীবনে, স্মৃতিতে ও সাফল্যের গল্পে।
কিছু মুহূর্ত সময়ের স্রোতে না হারিয়ে স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকে। কুয়াকাটার অবিস্মরণীয় মুহূর্ত ছিল ১৮ তারিখ বুধবারের রাত। রাতের খাবার শেষে বিখ্যাত মালাই চা-চক্রের আয়োজন করা হয়। চায়ের কাপে চুমুক দিতেই প্রকৃতি আনন্দের সঙ্গী হয়ে ঝিরিঝিরি বৃষ্টির স্নিগ্ধ আবহে রাতটিকে মায়াবী করে তুলে।
পরে সান ফ্লাওয়ার হোটেলের ২০৩ নম্বর কক্ষে শুরু হয় জমজমাট গানের আসর। একদিকে ম্যামের নেতৃত্বে মেয়েরা অন্যদিকে স্যারের নেতৃত্বে ছেলেরা দুই দলে ভাগ হয়ে শুরু হয় জনপ্রিয় ‘গানের কলি’ খেলা।
গানের কলির দুই রাউন্ডের মধ্যে এক রাউন্ডে ছেলেদের দল ও অন্য রাউন্ডে মেয়েদের দল জয়লাভ করে। গান, হাসি, খুনসুটি আর মজার মজার কথায় পুরো কক্ষ পরিণত হয়েছিল আনন্দের রাজ্যে।
সেই রাতে ভাগাভাগি হয়েছিল হাজারো গল্প, জমে থাকা কথা আর জীবনের নানা অভিজ্ঞতা। বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততা, পড়াশোনার চাপ, পরীক্ষা বা ভবিষ্যতের চিন্তা ভুলে সবাই ফিরে গিয়েছিল নির্ভার দিনে।
কুয়াকাটার সেই বৃষ্টিভেজা রাতটি আমাদের কাছে এক রুপকথার গল্প।
একের পর এক দর্শনীয় স্থান ঘুরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, সমুদ্রের বিশালতা, গহিন অরণ্যের পরিবেশ ও স্থানীয় খাবারের স্বাদ উপভোগ করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের একটি দল ঘুরে দেখেছে কুয়াকাটার অন্যতম আকর্ষণীয় স্থান চর বিজয়। বিস্তীর্ণ জলরাশি আর প্রাকৃতিক পরিবেশের মাঝে সময় কাটিয়ে উপভোগ করেছে ভিন্ন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।
অন্যদিকে আরেকদল শিক্ষার্থী ছুটে গেছে ঝাউবনে। গহিন অরণ্যের মতো সবুজে ঘেরা পরিবেশ, গাছের ফাঁক দিয়ে আসা মৃদুমন্দ বাতাস আর প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য তাদের মুগ্ধ করেছে।
কেউ আবার বেছে নিয়েছে সমুদ্রের বালুকাবেলা, নীল জলরাশির ঢেউয়ের সঙ্গে খুনসুটি ও সমুদ্রের গর্জন। বালুচরে বসে প্রিয়জনদের সঙ্গে গল্পেও কেটেছে আনন্দঘন সময়।
কুয়াকাটার বিখ্যাত সামুদ্রিক মাছ, শুঁটকি ভর্তাসহ স্থানীয় নানা পদের খাবারের স্বাদ নিয়েছে অনেকে। রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও বাহারি খাবার নিতেও ভুলে নাই তারা। নতুন স্বাদ, ভিন্ন সংস্কৃতি আর স্থানীয় জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ ভ্রমণকে দিয়েছে বাড়তি মাত্রা।
কুয়াকাটার নীল জলরাশি, ঢেউয়ের গর্জন, ঝাউবনের স্নিগ্ধতা, চর বিজয়ের রোমাঞ্চ, রাখাইন পল্লীর ঐতিহ্য ও বৃষ্টিভেজা রাতের আড্ডা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৬তম ব্যাচের শিক্ষা সফর হয়ে উঠেছে এক স্মরণীয় অধ্যায়। হয়ত সময়ের ব্যবধানে ফিরে যাবে নিজ নিজ ব্যস্ততায়। আবার শুরু হবে ক্লাস, পরীক্ষা, পড়াশোনা ও পেশাগত জীবনের প্রস্তুতি।
সমুদ্রের ঢেউ হয়ত তীরে এসে মিলিয়ে যাবে। সফরের পথও একদিন শেষ হবে। কিন্তু আইন ৩৬তম ব্যাচের কুয়াকাটার এই স্মৃতি কখনো ফুরাবে না। জীবনের নানা বাঁকে এই স্মৃতিগুলোই হয়ে উঠবে একসঙ্গে ফিরে তাকানোর সবচেয়ে সুন্দর উপলক্ষ।
প্রতিবেদক/এএম