শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইবিতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি-স্বাক্ষর আছে, নেই কার্যক্রম

রাকিব রিফাত, ইবি
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১২:০১ পিএম

শেয়ার করুন:

ইবিতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি-স্বাক্ষর আছে, নেই কার্যক্রম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তর্জাতিক শিক্ষাবিনিময় ও গবেষণা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হলেও অধিকাংশই কার্যকর হয়নি। বিশ্বের ১০টি দেশের ২১টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তির মধ্যে মাত্র একটিই যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনের গাফিলতি ও দপ্তরের লোকবল সংকটই চুক্তি বাস্তবায়নে প্রধান প্রতিবন্ধকতা।

সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশন’ এর মাধ্যমে বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, গবেষণা ও দক্ষতা উন্নয়ন বিষয়গুলো দেখভাল করা হয়ে থাকে। শুধু তুরস্কের চানকিরি কারাকেতিন ইউনিভার্সিটির ইরাসমাস+ কেএ১৭১ চুক্তিটিই যথাযথভাবে বাস্তবায়িত হয়ে থাকে। এছাড়া বাকি ২০টি চুক্তির কখনোই যথাযথ বাস্তবায়ন হয়নি।

এদিকে, সম্প্রতি জার্মানির ‘টেকনিশে হোচসচুলে মিটেলহেসেন ইউনিভার্সিটি’র ইরাসমাস+ কেএ১৭১ চুক্তির অধীনে এক শিক্ষার্থী গবেষণার উদ্দেশ্যে নির্বাচিত হয়। তবে তা ইবির সংশ্লিষ্ট অফিস বিস্তারিত অবগত নয় বলে জানিয়েছে।

আগের চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো হলো— দক্ষিণ কোরিয়ার চনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি, চীনের ইনান ইউনিভার্সিটি, ব্রুনাই দারুসসালামের সুলতান শরিফ আলী ইসলামিক ইউনিভার্সিটি, তুরস্কের চানকিরি কারাকেতিন ইউনিভার্সিটি, ইগদির ইউনিভার্সিটি, কাফকাস ইউনিভার্সিটি, ইস্তাম্বুল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স, ইস্তাম্বুল ফাউন্ডেশন অব সায়েন্স অ্যান্ড কালচার, ইউনিভার্সিটি অব টোকাট গাজীওসমানপাশা ও সেলজুক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলানতান, জার্মানির টেকনিশে হোচসচুলে মিটেলহেসেন ইউনিভার্সিটি, ফিনল্যান্ডের টাম্পেরে ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার এডিথ কোয়ান ইউনিভার্সিটি এবং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট।

জুলাই পরবর্তী প্রশাসনের চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো হলো— যুক্তরাজ্যের ইসলামিক ফাউন্ডেশন, আমেরিকার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট, যুক্তরাজ্যের মার্কফিল্ড ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন, চীনের হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উচাং ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং গুইলিন ইউনিভার্সিটি অব টেকনোলজি।

তবে চীনের হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও গুইলিন ইউনিভার্সিটি অব টেকনোলজির সঙ্গে চুক্তি এখনো সম্পন্ন হয়নি বলে সূত্র জানিয়েছে।

এদিকে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনে লোকবল সংকট থাকায় ম্যানেজমেন্ট, ই-মেইল আদান-প্রদান ও ইবিতে অবস্থানকৃত বিদেশি শিক্ষার্থীদের যথাযথভাবে দেখভাল সম্ভব হচ্ছে না বলে অভিযোগ দপ্তর সংশ্লিষ্টদের। গণ-অভ্যুত্থানের পরেও ইবির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়নি বলে হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী খন্দকার বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ইবির জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতা ও সমঝোতা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। স্টুডেন্ট এক্সচেঞ্জ, ক্রেডিট ট্রান্সফারসহ আন্তর্জাতিক মানের একাডেমিক কার্যক্রম চালু রাখা সময়ের দাবি। কিন্তু এখানে উদ্বেগের বিষয়, বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে একাডেমিক কনফার্মেশনাল মেইল বা প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য ইবির প্রশাসন ভবনে গিয়ে অনেক অনভিজ্ঞতা ও জটিলতার মুখোমুখি হতে হয়। উচ্চশিক্ষার পথে এ প্রতিবন্ধকতা দূর না করলে ইবির মানোন্নয়ন ও আন্তর্জাতিক অগ্রযাত্রা নিশ্চিত করা সম্ভব নয়।

নেপাল থেকে আসা শিক্ষার্থী মুবাশ্বির রেজা জানান, ইবির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশন বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে একজন দেশীয় ছাত্রের মতোই যোগাযোগ করে। ইবি থেকে আমরা ন্যূনতম কোনো ভর্তুকি পাই না। স্বল্পমূল্যের ভর্তুকি দেওয়ার কথা থাকলেও তা কখনো দেয়নি। আমাদের মতো বাইরে থেকে আসা বিদেশি ছাত্রদের জন্যও গবেষণায় বিশেষ কোনো উদ্যোগ নিতে দেখিনি।

জানা যায়, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনে নেই কোনো কার্যালয় এবং স্থায়ী কর্মকর্তা। একজন কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও তাকে এ দপ্তরের বাইরেও এমফিল, পিএইচডি, শিক্ষাছুটি সংক্রান্তসহ অন্যান্য দায়িত্ব পালন করতে হয়। ফলে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এ দপ্তরে আসা মেইলগুলোর যথাসময়ে জবাব ও যোগাযোগে ব্যাঘাত ঘটছে। সেলটির পরিচালক শুধু রুটিন দায়িত্ব পালন করে থাকেন। এ ছাড়া সেলের সুনির্দিষ্ট অফিস না থাকায় কাজগুলোর তদারকিতেও ঘাটতি হচ্ছে।

এ দপ্তরের পরিচালক প্রফেসর ড. নাসির উদ্দিন মিঝি বলেন, শিক্ষা-গবেষণায় অনেকগুলো চুক্তি সম্পাদিত থাকলেও তুরস্কের ইরাসমাস+ ছাড়া বাকিগুলো অ্যাক্টিভ নেই। এটাতেই ছাত্র-শিক্ষক বিনিময় প্রোগ্রাম চালু রয়েছে। বাকিগুলোর কোনোটি অ্যাক্টিভ করা যায় কি না এবং নতুন কিছু চুক্তি সম্পাদনের বিষয়ে আমরা কাজ করছি।

ইবি ভিসি প্রফেসর  ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এ বিষয়ে সবচেয়ে বেশি জরুরি যথাসময়ে মেইলের রেসপন্স ও চুক্তিকৃত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ নিশ্চিত করা। ইতোমধ্যে এ বিষয়ে ডিভিশনের পরিচালকের সঙ্গে কথা হয়েছে। তুরস্কের ইরাসমাস+ এর অধীনে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় হার বাড়ানোর চেষ্টা করছি। এছাড়া নতুন অনেক সমঝোতা চুক্তি করব যেগুলো ইবির উচ্চশিক্ষার পথকে সুগম করবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর