মাহফুজ উল্লাহ হিমু
১৯ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম
রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী তন্ময় তালুকদার চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেন। অন্য বিষয়গুলোতে তুলনামূলক ভালো ফল করলেও রসায়নে অকৃতকার্য হয়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে গিয়ে মাঝপথেই থমকে যেতে হয়েছে তাকে।
তন্ময়ের দাবি, রসায়ন পরীক্ষার আগে তিনি অসুস্থ ছিলেন। তবে পরীক্ষায় যতটুকু লিখেছেন, তাতে অকৃতকার্য হওয়ার কথা নয় বলে মনে করেন তিনি। এ অবস্থায় খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন তন্ময়। তবে পুনর্নিরীক্ষণের ফল ইতিবাচক হবে কি না, তা নিয়ে সংশয় আছে তার। এমন পরিস্থিতিতে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন তিনি।
এবার এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। এতে অকৃতকার্য শিক্ষার্থীদের নতুন করে পরীক্ষায় অংশ নেওয়া এবং পরবর্তী শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। আর ফেল করেছে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই উত্তীর্ণ হতে পারেননি।
অকৃতকার্যদের মধ্যে এক বা দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। অর্থাৎ মোট ফেল করা শিক্ষার্থীর প্রায় ৭১ শতাংশই এক বা দুই বিষয়ে আটকে গেছেন।
নিয়ম অনুযায়ী, তারাই সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। ফলে এই শিক্ষার্থীদের জন্য নতুন করে পরীক্ষার সুযোগ কেবল ব্যক্তিগত ফল সংশোধনের বিষয় নয়, উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে পরবর্তী শিক্ষাজীবনে যাওয়ার পথও তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশে এবারই প্রথম এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের স্বল্প সময়ে পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষাবর্ষে নিয়মিত হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে সরকার। তবে শুরুতে সাপ্লিমেন্টারির এ সুযোগ গ্রহণে শিক্ষার্থীদের সাড়া কিছুটা কম ছিল। নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই ফরম পূরণ না করায় বাড়ানো হয় আবেদনের সময়। এরপরই আবেদনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৪ লাখ ২২ হাজার যোগ্য শিক্ষার্থীর মধ্যে ৩ লাখ ৬৫ হাজার আবেদন করেছেন।
শিক্ষা বোর্ডের এ তথ্য বলছে, নতুন করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগটি অধিকাংশ যোগ্য শিক্ষার্থী গ্রহণ করতে চাচ্ছেন। শুরুতে আবেদনের সংখ্যা কম থাকায় যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সময় বাড়ানোর পর তা অনেকটাই কেটেছে। এখন বাকি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ তৈরি হয়েছে। তবে বর্ধিত সময়ের শেষ দিন পর্যন্ত মোট কতজন আবেদন করেছেন, তার চূড়ান্ত হিসাব পাওয়া যায়নি।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিনই এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, এসব শিক্ষার্থীর এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। ঘোষণার পর ৫ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হয়। প্রাথমিকভাবে ৯ নভেম্বর পর্যন্ত আবেদনের সময় দেওয়া হয়েছিল।
তবে নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য শিক্ষার্থীদের বড় একটি অংশ আবেদন না করায় বিষয়টি পুনরায় আলোচনায় আসে। ১৪ নভেম্বর পর্যন্ত ১০টি শিক্ষা বোর্ডের পাওয়া তথ্য অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন। তখন একটি বোর্ডের তথ্য পাওয়া যায়নি। ওই সময় এক বা দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার ৯০৫ জনের বিপরীতে ১০টি বোর্ডে আবেদনকারীর সংখ্যা ছিল তুলনামূলক কম। হিসাব অনুযায়ী, তখনো ২ লাখ ৬৪ হাজার ৬৩৭ জনের আবেদন করেনি।
এই অবস্থায় ফরম পূরণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ১৫ নভেম্বর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। পাশাপাশি সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয় ১৯ নভেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়।
সময়সীমা বাড়ানোর পর আবেদনের সংখ্যা বেড়েছে বলে জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর মধ্যে ১৭ নভেম্বর পর্যন্ত ৩ লাখ ৬৫ হাজার আবেদন করেছে। বাকি রয়েছে প্রায় ৫৬ হাজার শিক্ষার্থী। অর্থাৎ, অধিকাংশ শিক্ষার্থীই ইতোমধ্যে আবেদন করেছে। যারা এখনও আবেদন করেনি, তাদের জন্য ১৮ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। আশা করছি, বর্ধিত সময়ের মধ্যে বাকি শিক্ষার্থীরাও আবেদন সম্পন্ন করবে।’
তবে ১৮ নভেম্বর পর্যন্ত মোট কতজন আবেদন করেছেন, তার সর্বশেষ তথ্য এ মুহূর্তে তার কাছে নেই বলে জানান অধ্যাপক আক্তারুজ্জামান।
এক বা দুই বিষয়ে আটকে যাওয়া শিক্ষার্থীদের সামনে নতুন সুযোগ
এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ তৈরি করে দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষাবিদরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মজিবুর রহমান সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘গ্রেস মার্ক দিয়ে পাস করানোর সুযোগ থাকলে সরকার তা করতে পারে। তবে নতুন করে পরীক্ষা নেওয়ার উদ্যোগটি ইতিবাচক। অনেক সময় কোনো শিক্ষার্থী পরীক্ষার আগে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, পরিবারের কোনো আত্মীয় মারা যায় কিংবা বিশেষ কোনো শারীরিক বা মানসিক পরিস্থিতির কারণে সে পরীক্ষায় অংশ নিতে পারে না। এমনও হতে পারে, পরীক্ষার হলে উপস্থিত থাকলেও শারীরিক বা মানসিক অবস্থার কারণে তার পক্ষে লেখা সম্ভব হয়নি। এ ধরনের শিক্ষার্থীরা নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ পেলে উপকৃত হবে। তাদের জন্য এই সুযোগ থাকা উচিত।’
তবে তিনি মনে করেন, এ সুযোগে সব শিক্ষার্থী সমানভাবে উপকৃত হবে না। বিশেষ পরিস্থিতির কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি কিংবা প্রত্যাশিত ফল করতে পারেননি, তাদের জন্য এটি কার্যকর হতে পারে। কিন্তু দীর্ঘদিনের পড়াশোনার ঘাটতি এক মাসে পূরণ করা কঠিন।
ডিসেম্বরে পরীক্ষা, প্রস্তুতির সময় সীমিত
শিক্ষা বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। সে হিসাবে আবেদন করা শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য সময় খুব বেশি নেই। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এই স্বল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট বিষয়ের প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও ফরম পূরণ ও পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।
অধ্যাপক মজিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের জন্য এবার সুযোগটি এসেছে ফল প্রকাশের পরপরই। তাই যারা বিশেষ কোনো কারণে পরীক্ষায় ভালো করতে পারেননি, তাদের জন্য দ্রুত প্রস্তুতি নিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। তবে যাদের দুর্বলতা দীর্ঘদিনের, তাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে কাঙ্ক্ষিত প্রস্তুতি নেওয়া চ্যালেঞ্জের হতে পারে।
তবে যারা দীর্ঘ ১২ বছর পড়াশোনা করার পরও কোনো কিছু ভালোভাবে শিখতে পারেনি বা পরীক্ষায় পাস করতে পারেনি, তাদের পক্ষে মাত্র এক মাসের প্রস্তুতিতে সবকিছু শিখে পাস করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। এই শিক্ষাবিদ বলেন, ‘এ উদ্যোগে সব শিক্ষার্থী সমানভাবে উপকৃত হবে না। বিশেষ কোনো কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি বা ভালো ফল করতে পারেনি, মূলত তারাই এই সুযোগ থেকে উপকৃত হতে পারে।’
তিনি আরও বলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরই নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ, যারা দুইয়ের বেশি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তারা এ সুযোগ পাবেন না। বিশেষ পরিস্থিতির কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য উদ্যোগটি ইতিবাচক হলেও দীর্ঘদিন পড়াশোনায় পিছিয়ে থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে এক-দুই মাসের ব্যবধানে নতুন পরীক্ষা কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
এমএইচ/এমআর