শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ফেল করা প্রায় ৬ লাখ শিক্ষার্থীর মধ্যে সাপ্লিমেন্টারিতে আবেদন দেড় লাখের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

শেয়ার করুন:

ফেল করা প্রায় ৬ লাখ শিক্ষার্থীর মধ্যে সাপ্লিমেন্টারিতে আবেদন দেড় লাখের
ফাইল ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ফেল করেছেন প্রায় ছয় লাখ শিক্ষার্থী। তাদের মধ্যে এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন চার লাখ ২২ হাজার ৯০৫ জন। এসব শিক্ষার্থীর জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করা হলেও এতে অংশ নিতে আবেদন করেছেন মাত্র এক লাখ ৫৮ হাজার ২৬৮ জন। অর্থাৎ ফেল করা শিক্ষার্থীদের ৭৩ শতাংশের বেশি এই পরীক্ষার জন্য আবেদনই করেননি।

শুক্রবার (১৩ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১০টি শিক্ষা বোর্ডে সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য আবেদন করেছেন এক লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী। এখনও একটি শিক্ষা বোর্ডের তথ্য পাওয়া যায়নি। ওই বোর্ডকে তথ্য দিতে বলা হয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। চলে ৯ নভেম্বর পর্যন্ত। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ফেল করেছেন পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

ফল প্রকাশের দিন গত ৩১ অক্টোবর শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন জানান, এক ও দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা এক মাসের মধ্যে নেওয়া হবে। 

তিনি জানান, এবার মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে চার লাখ ২২ হাজার ৯০৫ জন এক ও দুই বিষয়ে ফেল করেছেন।

এমএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর