পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম পেছানো নিয়ে গত ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
একইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন, বিধি-বিধান ও একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কমিশনের সদস্যরা এবং ভার্চুয়াল মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা অংশ নেন।
সভা শেষে ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ নভেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা না নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ জানানো হয়েছিল। একইসঙ্গে নিজ নিজ আইন, বিধি-বিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়টিও উল্লেখ করা হয়।
তবে ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সৃষ্ট ভুল-বোঝাবুঝি নিরসন এবং ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে বুধবার বিশেষ সভা ডাকা হয়। এতে বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা এবং একাডেমিক স্বায়ত্তশাসনের বিষয়টি বিস্তারিত পর্যালোচনা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়ার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা ও একাডেমিক বিষয়ে প্রযোজ্য আইনগত কাঠামোর মধ্যে তাদের স্বায়ত্তশাসন ও স্বাধীনতা রয়েছে। ভর্তি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা, একাডেমিক স্বায়ত্তশাসন এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এমএইচ/এএইচ




