Dhaka Mail Logo

শিক্ষা

সন্ত্রাস দমনের নামে মানবাধিকার লঙ্ঘন নয়: সামিনা লুৎফা

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের নেত্রী সামিনা লুৎফা। একই সঙ্গে সন্ত্রাস দমনের নামে যেন মানবাধিকারের স্বীকৃত সীমা লঙ্ঘিত না হয়, সেই বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও ফ্যাসিবাদী অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সামিনা লুৎফা বলেন, আমরা এমন একটি দেশ চেয়েছিলাম, যে দেশ আইনের শাসনে পরিচালিত হবে; যেখানে মানুষের মানবিক অধিকার, বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার এবং প্রতিবাদ করার অধিকার নিশ্চিত থাকবে। সেই প্রত্যাশা থেকেই ২৪ এর জুলাইয়ে রাস্তায় নেমেছিলাম।  সহিষ্ণুতার মধ্য দিয়ে মানবাধিকার নিশ্চিত করে আমরা জুলাইয়ের হত্যাকাণ্ড এবং আহত ব্যক্তিদের দুর্বিষহ জীবনের দিকে ঠেলে দেওয়ার ঘটনায় জড়িত সংগঠনটির প্রত্যেকের ফৌজদারি অপরাধের বিচার চাই।

তিনি আরও বলেন, বিচার অবশ্যই আইনের শাসনের মধ্য দিয়ে হতে হবে। বিষয়টি আমাদের সবাইকে মনে রাখতে হবে। আমরা শিক্ষক, তাই সব সময় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ঘৃণা নয়, প্রতিশোধ নয়; বরং ন্যায়বিচারের পক্ষে আমাদের অবস্থান থাকতে হবে। ন্যায়বিচারের পক্ষে ছিলাম বলেই আমরা ২৪-এর আন্দোলনে রাজপথে নেমেছিলাম।

সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে মানবাধিকারের সীমা রক্ষার ওপর গুরুত্ব দিয়ে সামিনা লুৎফা বলেন, কোনো ধরনের সন্ত্রাসী আচরণকে প্রশ্রয় দেওয়া যাবে না। তবে এসব কর্মকাণ্ড দমনের নামে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা মানবাধিকারের স্বীকৃত সীমা অতিক্রম করে। রাষ্ট্র এ বিষয়টি নিশ্চিত করে জড়িতদের যথাযথভাবে বিচারের আওতায় আনবে বলে আশা রাখি।

দেশের বাইরেও এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন দেশে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। এসব ঘটনায় বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। হামলাকারীদের দ্রুত বিচারের ব্যবস্থা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সামিনা লুৎফা বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা ধৈর্য, ন্যায়বিচার ও মানবাধিকারের ধারণাকে সামনে রেখে মোকাবিলা করতে হবে। একই সঙ্গে এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীদের ককটেল বিস্ফোরণের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে সাদা দল। কর্মসূচি থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সাদা দলের সদস্য না হলেও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে এ মানববন্ধনে অংশ নেন অধ্যাপক সামিনা লুৎফা।

এমএইচ/এফএ