মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

জাবিতে ভর্তি আবেদন শুরু ২২ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম

শেয়ার করুন:

জাবিতে ভর্তি আবেদন শুরু ২২ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ২২ নভেম্বর। আবেদন চলবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে সাতটি ইউনিটের অধীনে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য জানান। একই দিন বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজেও ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট (admission.juniv.edu) থেকে। ইউনিটভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ থেকে ৮০০ টাকা। এর সঙ্গে ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে।

ইউনিটভিত্তিক আসনসংখ্যার মধ্যে এ ইউনিটে ৪২৪টি, বি ইউনিটে ৩৯৬টি, সি ইউনিটে ৪০২টি, সি১ ইউনিটে ৬৪টি, ডি ইউনিটে ৩১৬টি, ই ইউনিটে ১৭৬টি এবং আইবিএ-জেইউতে ৭০টি আসন রয়েছে। প্রতিটি ইউনিটে ছাত্র ও ছাত্রীদের জন্য সমানসংখ্যক আসন বরাদ্দ রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। এ ছাড়া ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে। ইউনিট ও বিভাগভেদে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম গ্রেডের পৃথক শর্ত নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষা হবে বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে। প্রতিটি ইউনিটে ৯০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রশ্নের মান ১ দশমিক ১২৫। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২০ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। ওএমআর শিট পূরণের জন্য অতিরিক্ত পাঁচ মিনিট সময় দেওয়া হবে। সব ইউনিটে পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।

আগামী ২৫ ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। পরীক্ষার চূড়ান্ত তারিখ, সময়সূচি ও আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটের ফল প্রকাশ করা হবে। ফল ওয়েবসাইট ও সংশ্লিষ্ট ইউনিট অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, একজন আবেদনকারী নিজের অথবা অভিভাবকের মোবাইল নম্বর ব্যবহার করে একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন। তবে একই ইউনিটে একাধিকবার আবেদন করার সুযোগ নেই।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর