মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতা উইকিস্কলারের নিবন্ধন শুরু হয়েছে। ‘কৌতূহল থাকুক অফুরন্ত, জ্ঞান হোক বিকশিত’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নিবন্ধন করা যাবে। এতে অংশগ্রহণের জন্য কোনো ফি দিতে হবে না।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। উইকিমিডিয়া বাংলাদেশের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটি আয়োজন করছে উইকিস্কলার আয়োজক কমিটি।
আয়োজকেরা জানান, উইকিস্কলারের পাঠ্যতালিকা সাজানো হয়েছে বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত ২৫টি নিবন্ধ দিয়ে। প্রতিযোগিতার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের সরাসরি উইকিপিডিয়ায় গিয়ে নিবন্ধগুলো পড়তে হবে। এর মাধ্যমে মুক্ত জ্ঞান ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি তথ্যের উৎস খোঁজা ও যাচাই করার অভ্যাস গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
আয়োজকদের ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের এ সময়ে কোনো তথ্যের উত্তর জানার পাশাপাশি তার উৎস খুঁজে দেখা এবং তথ্যের সত্যতা যাচাই করতে শেখা জরুরি। উইকিপিডিয়ার নিবন্ধ মনোযোগ দিয়ে পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এ অভ্যাস গড়ে তোলা সম্ভব।
সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির সদস্যসচিব মাসুম আল হাসান রকি। এ সময় উপস্থিত ছিলেন উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রতিযোগিতার সহসভাপতি শাবাব মুস্তাফা ও যুগ্ম সচিব মুহাম্মদ ইয়াহিয়া।
তিন পর্বে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা
উইকিস্কলারে অংশ নিতে wikischolar.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিবন্ধন ফরম পূরণ করতে হবে। নিবন্ধন শেষে প্রত্যেক শিক্ষার্থীকে একটি উইকিস্কলার আইডি দেওয়া হবে।
প্রতিযোগিতার প্রথম পর্ব হবে অনলাইনে। আগামী ১৯ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিতব্য এ পর্বে মোবাইল ফোন, ট্যাবলেট বা কম্পিউটার ব্যবহার করে অংশ নেওয়া যাবে। বাংলায় অনুষ্ঠিত পরীক্ষায় থাকবে জ্ঞানমূলক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন।
দেশের ৬৪ জেলাকে ছয়টি নদীর নামে ছয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে। অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রতিটি অঞ্চল থেকে নির্বাচিত শিক্ষার্থীরা সরাসরি আঞ্চলিক পর্বে অংশ নেবে। সেখানে প্রতিযোগিতার পাশাপাশি কর্মশালা ও সচেতনতামূলক সেশনের আয়োজন থাকবে।
আঞ্চলিক পর্বের সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, পদ্মা অঞ্চলে ২ জানুয়ারি, তিস্তা অঞ্চলে ৯ জানুয়ারি, কর্ণফুলী অঞ্চলে ১৬ জানুয়ারি, সুরমা অঞ্চলে ২৩ জানুয়ারি, রূপসা অঞ্চলে ৩০ জানুয়ারি এবং যমুনা অঞ্চলে ৬ ফেব্রুয়ারি ২০২৭ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সবগুলো দিনই শনিবার।
প্রতিটি অঞ্চল থেকে সেরা ১০ জন করে মোট ৬০ জন শিক্ষার্থী জাতীয় চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। আগামী ৮ মে ২০২৭ (শনিবার) ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতা ও জাতীয় উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পাঠ্যতালিকায় এআই, তথ্য নিরাপত্তা ও মুক্তিযুদ্ধ
এবারের প্রতিযোগিতার পাঠ্যতালিকায় ইতিহাস, সাহিত্য, প্রযুক্তি, পরিবেশ ও অর্থনীতি বিষয়ে বাংলা উইকিপিডিয়ার ২৫টি নিবন্ধ রাখা হয়েছে। এর মধ্যে প্রথম পর্বের জন্য ১০টি, আঞ্চলিক পর্বের জন্য ১২টি এবং চূড়ান্ত পর্বের জন্য ১৬টি নিবন্ধ নির্ধারণ করা হয়েছে।
তালিকায় বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, বাংলা ভাষা আন্দোলন ও সুন্দরবনের মতো বিষয়ের পাশাপাশি রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, অপতথ্য ও তথ্য নিরাপত্তাবিষয়ক নিবন্ধ। নিবন্ধন শুরুর আগে বাংলা উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকেরা এসব নিবন্ধ হালনাগাদ ও মানোন্নয়ন করেছেন।
বিজয়ীদের জন্য পুরস্কার
জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন পাবে একটি ম্যাকবুক। প্রথম রানারআপ পাবে একটি ল্যাপটপ এবং দ্বিতীয় রানারআপ পাবে একটি ই-রিডার। এ তিনজনের প্রত্যেককে দেওয়া হবে ১০ হাজার টাকা করে।
চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী পাবে পাঁচ হাজার টাকা করে এবং ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারীরা পাবে তিন হাজার টাকা। এ ছাড়া প্রতিটি অঞ্চলের সেরা তিনজনের জন্য থাকবে আঞ্চলিক পুরস্কার।
অনলাইন পর্বে ৪০ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া শিক্ষার্থীদের দেওয়া হবে ডিজিটাল সনদ। আঞ্চলিক পর্বে অংশ নেওয়া সব শিক্ষার্থী পাবে মুদ্রিত সনদ ও স্যুভেনির।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, শিশুদের প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানোর দায়িত্ব বড়দের। তাদের হাত ধরে সঠিক পথ দেখানোর ভাবনা থেকেই উইকিস্কলারের যাত্রা শুরু। এ উদ্যোগের সঙ্গে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন। অভিভাবক ও শিক্ষকদের নিজেদের সন্তান ও শিক্ষার্থীদের এ প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করার আহ্বান জানান আয়োজকেরা।
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে wikischolar.bd ওয়েবসাইট এবং facebook.com/wikischolar ফেসবুক পেজে।
উইকিস্কলার সম্পর্কে
উইকিস্কলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতা। বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধের ভিত্তিতে এর পাঠ্যতালিকা তৈরি করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি উইকিপিডিয়া থেকে পড়াশোনা, তথ্য খোঁজা ও যাচাই করার পাশাপাশি মুক্ত জ্ঞান এবং উইকিমিডিয়া আন্দোলন সম্পর্কে জানার সুযোগ পায়।
২০২৬ সালে ঢাকা ও রাজশাহী অঞ্চলে পরীক্ষামূলকভাবে প্রথম সংস্করণ আয়োজনের পর ২০২৭ সালের প্রতিযোগিতায় দেশের ৬৪ জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। উইকিস্কলার আয়োজক কমিটি এ প্রতিযোগিতার আয়োজক। সার্বিক সহযোগিতায় রয়েছে উইকিমিডিয়া বাংলাদেশ।
এআরএম




