Dhaka Mail Logo

শিক্ষা

ইইডিতে গুরুত্বপূর্ণ পদে আ.লীগপন্থি দুই প্রকৌশলী, ক্ষুব্ধ বিএনপিপন্থিরা

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২৬, ০৩:১০ পিএম

শিক্ষা প্রকৌশল অধিদফতরে (ইইডি) গুরুত্বপূর্ণ পদে এখনও বহাল রয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দুই প্রকৌশলী মো. শাহজাহান আলী ও মো. জাহেদুল করিম। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ইইডি শাখার শীর্ষ পদে দায়িত্ব পালন করা এই দুই কর্মকর্তার অবস্থান নিয়ে অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে বিএনপিপন্থি প্রকৌশলীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ রয়েছে বলে জানা গেছে।

অধিদফতর সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যেই বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ইইডি শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই বছরের ৯ জুলাই তৎকালীন প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারকে আহ্বায়ক, মো. জাহেদুল করিমকে যুগ্ম আহ্বায়ক এবং মো. শাহজাহান আলীকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়।

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরেও তারা অধিদপ্তরে নিজেদের অবস্থান ধরে রাখেন। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) হন। বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় থাকলেও গুরুত্বপূর্ণ পদে তাদের বহাল থাকা নিয়ে অধিদফতরের বিভিন্ন পর্যায়ে আলোচনা-সমালোচনা চলছে।

Engineers_Shahjahan_Ali_and_Jahedul_Karim_both_close_to_the_Awami_League_hold_key_positions_in_the_EED_1শাহজাহান আলীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতরে একক আধিপত্য প্রতিষ্ঠারও অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, নির্দিষ্ট ৫ শতাংশ কমিশন ছাড়া ফাইল ছাড় না দেওয়া এবং নিজ জেলা জামালপুরে হাজার কোটি টাকার উন্নয়নকাজের ঠিকাদারি নিয়ন্ত্রণে সিন্ডিকেট পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন তিনি। 

এ ছাড়া কমিশন বাণিজ্যের মাধ্যমে অর্জিত অর্থে রংপুরে বিলাসবহুল বাড়ি, রাজধানীর উত্তরায় একাধিক ফ্ল্যাটসহ নামে-বেনামে সম্পদ গড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত ২৩ জুলাই তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তবে মাত্র ১৮ দিনের মাথায় ১২ আগস্ট তিনি আবারও অধিদপ্তরের প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ পদে ফিরে আসেন। অল্প সময়ের মধ্যে তার দায়িত্বে ফেরার ঘটনায় অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়।

শাহজাহান আলীর তত্ত্বাবধানে থাকা হাওর প্রকল্পের কাজ নিয়েও একাধিক অভিযোগ উঠেছে। প্রকল্পের আওতায় নির্মিত বহুতল ভবন, ছাত্রাবাস ও ল্যাব হস্তান্তরের আগেই ১৪টি ভবনে বিপজ্জনক ফাটল দেখা দেওয়ার কথা জানা গেছে।

সরকারি অডিট অধিদফতরের প্রাথমিক প্রতিবেদনে প্রকল্পটিতে ৩৪ কোটি ২৩ লাখ টাকার আর্থিক অনিয়মের বিষয়ে আপত্তি তোলা হয়েছে। কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনে ছাদ চুইয়ে পানি পড়া এবং নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও রয়েছে।

এ ছাড়া ল্যাবের যন্ত্রপাতি না কিনেই ভুয়া ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্তে গত ৬ আগস্ট একটি কমিটি গঠন করা হলেও তিন দিনের মাথায় তা ভেঙে নতুন কমিটি করা হয়। তবে নতুন কমিটির প্রতিবেদন সাড়ে তিন মাসেও জমা পড়েনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৫ সালের ১০ ডিসেম্বর তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি পান জাহেদুল করিম। অভিযোগ রয়েছে, আর্থিক লেনদেনের মাধ্যমে তিনি রংপুর সার্কেলের মতো গুরুত্বপূর্ণ ও লাভজনক পদে দায়িত্ব পান। তার বিরুদ্ধে বিগত সরকারের আমলে কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারদের অগ্রিম বিল পরিশোধ এবং অধিদফতরের প্রধান কার্যালয়ের হিসাব সহকারী জসিমের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সাঈদ এন্টারপ্রাইজ’-কে বিধিবহির্ভূতভাবে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি ১১টি বিলের বিপরীতে ২ কোটি ৮০ লাখ ৫৫ হাজার ৭৬০ টাকা উত্তোলন করে। এসব অর্থের বড় অংশ জাহেদুল করিমের কাছে গেছে বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়া সম্প্রতি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) নির্বাচন নিয়ে আওয়ামী লীগপন্থি ‘মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী ৫০১ জন প্রকৌশলী’র ব্যানারে গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতির তালিকায় ৪৫৬ নম্বরে জাহেদুল করিমের নাম রয়েছে বলে জানা গেছে।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহজাহান আলী বলেন, ২০২৪ সালের জুলাইয়ে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কোনো কমিটি গঠন করা হয়নি। এ-সংক্রান্ত ছড়িয়ে পড়া কাগজটি ভুয়া। তার বিরুদ্ধে আনা সব অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। 

তবে ওই কমিটির অনুমোদনকারী তৎকালীন কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ইইডির একাধিক কর্মকর্তা কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. জাহেদুল করিম বলেন, ‘আওয়ামী লীগ করতাম এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ছিলাম—এটা সত্য। তবে টেন্ডারে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি করিনি।’

সার্বিক বিষয়ে জানতে শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী তারেক আনোয়ার জাহেদীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এমএইচ/এএম