বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ওএসডির ১৮ দিনের মধ্যে আবারও ইইডিতে বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

ওএসডির ১৮ দিনের মধ্যে আবারও ইইডিতে বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. শাহজাহান আলী। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বিভিন্ন প্রকল্প, দরপত্র ও প্রশাসনিক কর্মকাণ্ডে প্রভাব বিস্তারের অভিযোগে আলোচিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. শাহজাহান আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় গত ২৩ জুলাই। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উন্নয়ন-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে অদৃশ্য কারণে ওএসডি হওয়ার ১৮ দিনের মধ্যেই এই কর্মকর্তাকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পুনর্বহাল করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন-৩ শাখা থেকে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে তাঁকে ১৮ দিনের মাথায় পুনর্বহাল করা হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান।

এর আগে শাহজাহান আলীকে ওএসডি করার একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলী ইমামকে প্রধান কার্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে বদলি করা হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে হাওর অঞ্চলের শিক্ষার চিত্র বদলে দিতে ৪৩০ কোটি টাকায় নির্মাণ করা হয় আধুনিক ২৫টি বহুতল ভবন। কিন্তু উদ্বোধনের আগেই শিক্ষার প্রসারে গড়ে ওঠা ভবনগুলোর দেয়ালে দেখা দিয়েছে ফাটল। কোথাও নতুন ভবনের গাঁথুনিতে চিড়, কোথাও জানালার লিন্টেল বাঁকা, কোথাও ত্রুটিপূর্ণ ছাদ নির্মাণ করা হয়েছে। এ প্রকল্পটির পরিচালক ছিলেন মো. শাহজাহান আলী।

এই প্রকল্পের অনিয়ম নিয়ে সম্প্রতি তাঁর বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবুও তদন্ত চলাকালীন তাঁকে এ পদে আবারও বহাল করা হয়েছে।

এ বিষয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) শাহজাহান আলী বলেন, এটা সরকারের সিদ্ধান্ত। সরকার ওএসডি করেছিল। আবার সরকারই বহাল করেছে। আমি সরকারি কর্মকর্তা হিসেবে যেভাবে দায়িত্ব এসেছে, সেভাবেই পালন করছি।

বিইউ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর