নিজস্ব প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পিএম
মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি মেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও বাংলাদেশের মেয়েরা দেশের প্রতিনিধিত্ব করবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তাদের খেলাধুলার সুযোগ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।’
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমি দেখতে চাই, আমাদের মেয়েরা খেলাধুলার অঙ্গনে আরও বড় অবদান রাখছে। দাবা, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেটসহ যে যে খেলায় শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে, তাদের সেই সুযোগ দিতে হবে। শুধু জাতীয় পর্যায়ে নয়, আমাদের মেয়েরা আন্তর্জাতিক পর্যায়েও প্রতিযোগিতা করবে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, এটাই আমাদের লক্ষ্য।’
শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে মাঠ, প্রশিক্ষণ, কোচিং ও প্রয়োজনীয় সরঞ্জামের ওপর গুরুত্ব দেন ববি হাজ্জাজ। এসব ক্ষেত্রে কোনো ঘাটতি থাকলে তা কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে নিজের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
নারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের নারী শিক্ষার্থীরা আমাদের প্রিয়, আমাদের আদরের এবং আমাদের গর্ব। আমরা চাই, তারা ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্ব আরও শক্তভাবে গ্রহণ করুক।’
তিনি বলেন, ‘মেয়েদের শুধু পড়াশোনায় ভালো করলেই হবে না, শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে।’ ভবিষ্যতে দেশের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আরও বড় ভূমিকা রাখবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মান বাড়াতে সরকার সহযোগিতা করতে আগ্রহী জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘এক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও ইতিবাচক ভূমিকা রাখতে হবে। ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজকে আরও আধুনিক ও মানসম্মত করে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।’
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায় সাফল্যের প্রশংসা করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ। এসব কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি করে।’
ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে আমন্ত্রণ জানানো হলে শিক্ষার্থীদের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন ববি হাজ্জাজ।
লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি রুনা লায়লা রুনা। এ ছাড়া শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এমএইচ/এএম