৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে একটি রৌপ্য, দুটি ব্রোঞ্জ ও একটি সম্মানসূচক পদক অর্জনকারী বাংলাদেশ দলের সদস্যরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
গত ৪ থেকে ১২ জুলাই কলম্বিয়ার বুকারামাঙ্গা শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বিশ্বের ৯৫টি দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করেন।
সাক্ষাৎকালে পদকজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘তোমরাই আগামীর বাংলাদেশ। ভবিষ্যতে তোমরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে।’
শুধু পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশ নেওয়ার পরামর্শ দেন। ভবিষ্যতে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ দল আরও বড় সাফল্য অর্জন করবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
এ সময় বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মদ জাহাঙ্গীর মাসুদ উপস্থিত ছিলেন।
এমএইচ/এএম




