দেশে অসংখ্য গ্র্যাজুয়েট তৈরি হলেও দেশের বিভিন্ন স্থাপনা, প্রতিষ্ঠান পরিচালনায় কেন বিদেশি কর্মী আনতে হয়- এমন প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান তিনি।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
প্রশ্ন রেখে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও অসংখ্য গ্র্যাজুয়েট বের হচ্ছে তারপরও কেন দেশের বিভিন্ন কৌশলগত স্থাপনা, বন্দর ও বিশেষায়িত প্রতিষ্ঠান এমনকি বেসরকারি কোম্পানি পরিচালনার জন্য বিদেশি কর্মী আনতে হবে।
দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলাই সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন তিনি।
সাক্ষাৎকালে ড. মো. সবুর খান রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়টির নিজস্ব পেটেন্ট উন্নয়ন বিভাগ রয়েছে, যা গবেষকদের উদ্ভাবনসমূহের পেটেন্ট অধিকার ও বাণিজ্যিকীকরণে সহায়তা করে। এছাড়াও বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে গবেষণা, প্রডাকশন অ্যান্ড মাল্টিমিডিয়া, নিউট্রিশন অ্যান্ড ফুড, ফিশারিজ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনসহ বিভিন্ন কর্মমুখী বিষয়ে শিক্ষা দিচ্ছে। যার ফলে বিশ্ববিদ্যালয়টি বিশ্বের বিভিন্ন র্যাংকিংয়ে এগিয়ে যাচ্ছে।
এসব শুনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করে প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রাস্টি বোর্ড সদস্য,ডিন ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
বিইউ/এমআর




