Dhaka Mail Logo

শিক্ষা

আবু সাঈদ হত্যা: বেরোবির ৩ শিক্ষকসহ ১১ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার

জেলা প্রতিনিধি

০১ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চূড়ান্ত রায়ের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক এবং আটজন কর্মকর্তা-কর্মচারীসহ ১১ জনকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সচিব ও বেরোবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান। এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের ১২৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়াও সভায় তিন শিক্ষকের পদ অবনমন ও ছাত্রী হলের নামকরণের সিদ্ধান্তসহ গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষকরা হলেন— বেরোবির গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর শরিফুল ইসলাম।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহাবুবার রহমান ওরফে বাবু, তৎকালীন সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান ওরফে তুফান, সেকশন অফিসার মো. মনিরুজ্জামান পলাশ, এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল, নিরাপত্তাকর্মী নূর আলম মিয়া এবং এমএলএসএস এ কে এম আমির হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত ৯ এপ্রিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

BRU

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, শহীদ আবু সাঈদের হত্যার সঙ্গে জড়িতদের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আদেশের কপি আমরা গত পরশুদিন পেয়েছি। কপি পাওয়ার পর বিষয়টি সিন্ডিকেটে উপস্থাপন করা হয়। শহীদ আবু সাঈদের প্রতি সম্মান এবং তার স্বপ্ন বাস্তবায়নের লক্ষে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১নং গেট-সংলগ্ন স্থানে (বর্তমান শহীদ আবু সাঈদ গেট) পুলিশের গুলিতে নিহত হন বেরোবি ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী বিপ্লবী আবু সাঈদ।

প্রতিনিধি/এফএ