রংপুরের পীরগাছায় নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। উপজেলার নয়টি ইউনিয়নে ডিলার নিয়োগের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নয়জনের নামের একটি তালিকা ছড়িয়ে পড়েছে। ওই তালিকায় উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্ত্রীদের নামও রয়েছে।
অভিযোগগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
অনুসন্ধানে জানা গেছে, পীরগাছার নয়টি ইউনিয়নে একজন করে সার ডিলার নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এর আগে রংপুর জেলা প্রশাসনের ৩১ আগস্টের বিজ্ঞপ্তির ভিত্তিতে নয়টি ইউনিয়নে একজন করে মোট নয়জন সার ডিলার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়।
স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, উপজেলার সাত ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগের নামে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কল্যাণী ইউনিয়নে ১৫ লাখ, ইটাকুমারীতে ১৭ লাখ, অন্নদানগরে ১৫ লাখ, পারুলে ১৮ লাখ, কান্দিতে ২৭ লাখ, ছাওলায় ২৩ লাখ এবং কৈকুড়িতে ১৬ লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
এদিকে নতুন সার ডিলার নিয়োগ নিয়ে অন্নদানগর ইউনিয়নের কীটনাশক ব্যবসায়ী সাখাওয়াত হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিমের কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই কথোপকথনে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙার নাম উল্লেখ করে ডিলার নিয়োগের ক্ষেত্রে ১৫ থেকে ২০ লাখ টাকা উৎকোচের প্রসঙ্গ উঠে আসে বলে দাবি করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তালিকায় উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙার স্ত্রী সুলতানা ফেরদৌসি এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজের স্ত্রী সুইটির নামও রয়েছে।
এ বিষয়ে পীরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ বলেন, তারা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন। তাদের স্ত্রীরাই সংসার ও ব্যবসা-বাণিজ্য দেখাশোনা করেন। এতে দোষের কিছু নেই।
অন্যদিকে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়েদ ইমরুল মুজাক্কিন বলেন, সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে প্রতিটি ইউনিয়নের জন্য তিনজনের তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি। তাই এ বিষয়ে এখনই আর কিছু বলার নেই।
প্রতিনিধি/এসএস




