২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পিএম
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ আট নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। একই অভিযোগে শাখাটির আরেক যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির ও মো. সৌরভুর রহমান সুজন এবং ছাত্রনেতা কাব্য সাহা।
এদের মধ্যে কাব্য সাহাকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। আর বাকি সাতজনকে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে জবি শাখার যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ারসহ সাতজনকে সাংগঠনিক পদ থেকে এবং ছাত্রনেতা কাব্য সাহাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বহিষ্কার বা শোকজের নির্দিষ্ট ঘটনার বিস্তারিত কারণ উল্লেখ করা হয়নি, সেখানে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা বলা হয়েছে।
অন্যদিকে, নাহিয়ান বিন হক অনিককে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
একই দিনে জবি ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, এর আগে রোববার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সংগঠনটির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন ও যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বহিষ্কার ও শোকজের বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ঠিক রাখার জন্য আমরা সবসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নিবেদিতপ্রাণ। ক্যাম্পাস অথবা সংগঠনে বিশৃঙ্খলা করলে সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও কেউ এমন কাজের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।’
এএম