রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে রিকশাচালককে পুলিশে দিল জবি ছাত্রদল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে রিকশাচালককে পুলিশে দিল জবি ছাত্রদল

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে এক রিকশাচালককে আটক করে পুলিশে হস্তান্তর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 

আটকের পর ওই ব্যক্তিকে মারধর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে তাকে চিকিৎসার জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে এক রিকশাচালক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় সেখানে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাকে আটক করে কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক রিকশাচালক নিজেকে বরগুনার বাসিন্দা ও মনির নামে পরিচয় দিয়েছেন। তবে তার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল থাকা জবি শাখা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক বলেন, নিষিদ্ধ ও পলাতক আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে গতকাল থেকে তারা ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অবস্থান করছেন। দুপুরের দিকে ওই রিকশাচালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ‘ছাত্রদল একজনকে ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে। আটকের পর হয়তো তাকে মারধর করা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।’

ওসি আরও জানান, চিকিৎসা শেষে রিকশাচালককে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘটনার বিষয়ে জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, ওই রিকশাচালক ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন। 

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর