Dhaka Mail Logo

শিক্ষা

‘এআইয়ের মাধ্যমে শিশুদের পড়া, যুক্তি ও যাচাইয়ের দক্ষতা বাড়াতে হবে’

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

শিশুদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সক্ষম করে গড়ে তুলতে হলে তাদের শিখন দক্ষতা আরও বাড়াতে হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক ২০২৬’ এর ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা’ শীর্ষক সেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের শিশুদের ভিত্তিমূলক শিক্ষা বা বুনিয়াদি শিখনে  দুর্বলতা রয়েছে। তাই এআই থেকে সর্বোচ্চ সুবিধা নিতে হলে শিশুদের পড়া, যুক্তি ও তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়াতে সহযোগিতা করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে এআই ব্যবহারের আগে শিক্ষকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানে এআই চালুর আগে পরীক্ষামূলক প্রকল্প, ক্রয়, মূল্যায়ন ও সংশোধনের প্রতিটি প্রক্রিয়ায় শিক্ষকদের যুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, এআই অনেক সময় বাঁচায়। তবে তাই বলে সব ক্ষেত্রে এটি ব্যবহারের সুযোগ নেই। আবার সময়ের চাহিদার কারণে এআই থেকে পিছিয়ে থাকারও সুযোগ নেই।

উদাহরণ হিসেবে তিনি বলেন, শিক্ষকদের নিয়োগ, পদোন্নতি, মূল্যায়ন বা শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধু স্বয়ংক্রিয় ব্যবস্থার ওপর নির্ভর করা সম্ভব নয়।

এআইয়ের ব্যবহার ও জনপ্রিয়তা বাড়লেও শুধু ব্যবহারকারীর সংখ্যা, পরীক্ষামূলক প্রকল্প কিংবা সম্পৃক্ততার মাত্রা দিয়ে এর সফলতা বিচার করা ঠিক হবে না বলে মন্তব্য করেন মন্ত্রী।

এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশকে এআইয়ের মূল্যায়ন করতে হবে শেখার ফলাফল, শিক্ষকদের কাজের চাপ, সমতা, নিরাপত্তা ও ব্যয়-সাশ্রয়ের ভিত্তিতে। একই সঙ্গে শিক্ষকরা কীভাবে এবং কতটা এআইয়ের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন, সেটিও বিবেচনায় নিতে হবে।

সেশনে ২৫টি দেশের মন্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

ফ্রান্সের প্যারিসে ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কো কর্তৃক আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। এবারের মূল প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা’।

আগামীকাল বুধবার (৯ সেপ্টেম্বর) ‘Teachers at the Center: Agency, Competencies and the Teacher-Student Relationship’ শীর্ষক প্ল্যানারি সেশনে শিক্ষামন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

এমএইচ/এফএ