সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শিক্ষায় এআই ব্যবহার বাড়াতে গুগলের সহযোগিতা প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

শেয়ার করুন:

শিক্ষায় এআই ব্যবহার বাড়াতে গুগলের সহযোগিতা প্রত্যাশা শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গুগলের গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসির আঞ্চলিক প্রধান কাইলি গার্ডনারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল

শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষায় তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াতে গুগলের সহযোগিতা চেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৬ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসির আঞ্চলিক প্রধান কাইলি গার্ডনারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করলে এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে গুগল ফর এডুকেশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিশেষ প্রকল্পের প্রধান টিম পাওলিনি, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন। এ সময় বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে সরকারের কৌশলগত অগ্রাধিকার ও বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তাদের অবহিত করা হয়।

গুগল এডুকেশনের কার্যক্রম নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ, ‘জেমিনাই একাডেমি’ ও ক্রোমবুকসহ বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে বাংলাদেশে কীভাবে কাজ করা যায়, তা নিয়েও মতবিনিময় করেন তারা।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার কাজ চলছে। এক্ষেত্রে গুগলের সহযোগিতা করার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ও এআইয়ের ব্যবহার বাড়াতে হলে শিক্ষকদেরও এসব বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে।

এজন্য ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ বিভিন্ন উদ্যোগে গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের এসব উদ্যোগ বাস্তবায়নেও গুগল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও শিক্ষার কনটেন্ট উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রেও গুগলের সহযোগিতা নেওয়ার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এমএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর