অবসর সুবিধা হিসেবে এখনও ভাতা পাননি, এমন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড।
রোববার (৬ সেপ্টেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ আগস্ট থেকে পাঠানো অবসর সুবিধার ভাতার টাকা যারা এখনো পাননি, তাদের আবেদন রসিদের কপি, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নাম্বার এবং হালনাগাদ ব্যাংক স্ট্যাটমেন্ট পাঠাতে হবে।
এসব কাগজ ঢাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ডাকযোগে, কুরিয়ারে অথবা ই-মেইলের মাধ্যমে পাঠানো যাবে। ই-মেইলে পাঠানোর ক্ষেত্রে স্কুল শাখার জন্য [email protected], কলেজ ও কারিগরি শাখার জন্য [email protected] এবং মাদরাসা শাখার জন্য [email protected] ঠিকানা ব্যবহার করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক-কর্মচারীদের এ বিষয়ে সশরীরে ঢাকায় আসার প্রয়োজন নেই। একই সঙ্গে কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সতর্ক করা হয়েছে। দালাল ও প্রতারকদের খপ্পরে না পড়ার জন্যও শিক্ষক-কর্মচারীদের সতর্ক করেছে বোর্ড।
বোর্ড জানিয়েছে, নির্ধারিত ব্যাংক হিসাবে আইবাস++ অথবা ইএফটির মাধ্যমে অবসর সুবিধার টাকা পৌঁছে যাবে। এই নির্দেশনাসমূহ অনুসরণ করে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এমএইচ/এফএ




