নিজস্ব প্রতিবেদক
০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো)। এই দাবিতে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংগঠনের নির্বাহী মহাসচিব মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত আবেদনটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়।
আবেদনে বলা হয়, সরকারের দূরদর্শী নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি সরকারের সহানুভূতি এবং শিক্ষার মানোন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের জন্য কৃতজ্ঞ।
সংগঠনটি বলছে, মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার প্রায় ৯৭ শতাংশ পরিচালনা করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তবে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা শিক্ষা ভাতা পেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সন্তানরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এতে আরও বলা হয়, শিক্ষক-কর্মচারীরা দেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ তাদের সন্তানদের শিক্ষা ভাতা না পাওয়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আবেদনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম।
সংগঠনটির আশা, এ সুবিধা চালু হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হবে এবং তাদের সন্তানদের শিক্ষার ব্যয় বহনে কিছুটা স্বস্তি আসবে।
এমএইচ/এএম