এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ৪ শতাংশ হারে কর্তন করা কল্যাণ ট্রাস্টের অর্থ পেতে নতুন নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট।
বিভিন্ন ত্রুটির কারণে যারা এখনো এই অর্থ পাননি, তাদের জাতীয় পরিচয়পত্রের কপি ও সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্টসহ প্রয়োজনীয় তথ্য নির্ধারিত গুগল ফরমে জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে পাওয়া আবেদনগুলোর মধ্যে যারা ইতোমধ্যে এমপিও থেকে ৪ শতাংশ হারে কর্তন করা জমার অর্থ পেয়েছেন, তাদের অবশিষ্ট প্রাপ্য অর্থ আবেদন জমার তারিখের ক্রমানুসারে যাচাই করা হবে।
যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাবে প্রাপ্য অর্থ পাঠানো হবে।
বিভিন্ন ত্রুটির কারণে যেসব শিক্ষক-কর্মচারী এখনও ৪ শতাংশ হারে কর্তন করা জমার অর্থ পাননি, তাদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্টের কপি এবং জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে বলা হয়েছে।
নির্ধারিত গুগল ফরমের লিংকে সঠিক তথ্য পূরণের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র নির্ভুলভাবে আপলোড করতে অনুরোধ করেছে কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ।
ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে যাতে অর্থ পাওয়ার প্রক্রিয়া আবারও বাধাগ্রস্ত না হয়, সে জন্য তথ্য ও প্রয়োজনীয় নথি সতর্কতার সঙ্গে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এমএইচ/এএম




