নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট ২০২৬, ০২:১৯ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় নকলের ঘটনায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করা দুই শিক্ষককে বাউবির পরীক্ষা-সংক্রান্ত সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
শনিবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি কাজিপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পরীক্ষার হলে কয়েকজন পরীক্ষার্থী বই খুলে উত্তর লিখছেন-এমন দৃশ্য দেখা যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
ঘটনাটি নজরে আসার পর বাউবি কর্তৃপক্ষ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় পরীক্ষার সময় নকলের সঙ্গে জড়িত চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে থাকা দুই শিক্ষককে বাউবির পরীক্ষা-সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
এদিকে পরীক্ষাকেন্দ্রে অনিয়মের ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক হামলা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাদের মুঠোফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় হামলার শিকার বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ গতকাল গাংনী থানায় মামলা করেছেন। মামলায় রফিকুজ্জামান ও মনিরুজ্জামান বিপ্লবের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
বাউবির পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা এবং সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ-দুই বিষয়েই সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এম/এমআই