images

শিক্ষা

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশিত হতে পারে। সেই লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নিচ্ছেন সংশ্লিষ্টরা। তবে এখনও ফল প্রকাশে নির্দিষ্ট কোনো তারিখ চূড়ান্ত হয়নি।

রোববার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির একটি এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র বলছে, ভর্তি পরীক্ষার ফলাফল এখনও আনুষ্ঠানিকভাবে অনলাইন কমিটির কাছে জমা দেওয়া হয়নি। তবে ফলাফল অনলাইন কমিটিতে জমা দেওয়ার পর দুই-এক দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

অনলাইন কমিটির একটি সূত্র জানায়, ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

এরআগে বিজ্ঞান ইউনিটের সমন্বয়ক এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক সাংবাদিকদের জানিয়েছেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

‘সব প্রস্তুতি সম্পন্ন হলেই দ্রুত ফল প্রকাশ করা হবে এবং চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে’, তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি সাপ্তাহিক ছুটি হওয়ায় ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) চলতি সপ্তাহের শেষ কর্মদিবস। সে হিসেবে ওই সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা হতে পারে।

এবার বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা গত ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। সে হিসাবে প্রতি আসনের জন্য গড়ে প্রায় ৬০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভাগীয় শহরগুলোর কেন্দ্র ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে প্রথম দফার ২০ ডিসেম্বর অনুষ্ঠেয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করে ২৭ ডিসেম্বরে পরীক্ষা নেওয়া হয়।

এম/এএম