Dhaka Mail Logo

অর্থনীতি

পুনঃতফসিলে বড় ছাড়েও কমছে না খেলাপি ঋণ

মুহা. তারিক আবেদীন ইমন

২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

ব্যাংক খাতে খেলাপি ঋণ কমাতে একের পর এক নীতিমালা শিথিল করছে বাংলাদেশ ব্যাংক। নামমাত্র ডাউন পেমেন্টে দীর্ঘ মেয়াদে ঋণ পুনঃতফসিলের সুযোগও দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এসব ছাড় কাজে লাগিয়ে গত এপ্রিল-জুন সময়ে প্রায় ২০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে ব্যাংকগুলো। তবে এত বিপুল অঙ্কের ঋণ পুনঃতফসিলের পরও কমেনি খেলাপি ঋণ। উল্টো ওই তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৪৬ হাজার ৬৪২ কোটি টাকা। অর্থাৎ, পুরোনো খেলাপি ঋণ পুনঃতফসিলের মাধ্যমে হিসাবের খাতা থেকে সরানো হলেও নতুন করে খেলাপি হওয়া ঋণের চাপ সামাল দেওয়া যাচ্ছে না। ফলে ব্যাংক খাতের মোট ঋণের এক-তৃতীয়াংশই এখন খেলাপি।

ব্যাংকাররা বলছেন, গত কয়েক বছর ধরেই দেশের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা চলছে। নতুন সরকার গঠনের পরও রাজনৈতিক অস্থিরতায় সামগ্রিক ব্যবসায়িক পরিবেশের চাপ কাটেনি। এতে অনেক ঋণগ্রহীতার আয় ও ব্যবসায়িক সক্ষমতা কমেছে। ফলে নির্ধারিত সময়ে ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না তারা। এমন পরিস্থিতিতে ঋণ আদায় বাড়ানো এবং গ্রাহকদের ঋণ পরিশোধে উৎসাহিত করতে বিভিন্ন ধরনের ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে অন্যতম হলো নামমাত্র ডাউন পেমেন্টে খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ। বড় ঋণগ্রহীতাদের পাশাপাশি মাঝারি ও ছোট গ্রাহকরাও এ সুবিধা নিচ্ছেন। ফলে সাম্প্রতিক সময়ে পুনঃতফসিল করা ঋণের পরিমাণ বেড়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েক দফায় ঋণ পুনঃতফসিলের নীতিমালা শিথিল করে বাংলাদেশ ব্যাংক। প্রচলিত নিয়মে খেলাপি ঋণ পুনঃতফসিল করতে সাধারণত সাড়ে চার শতাংশ ডাউন পেমেন্ট দিতে হয়। এ ছাড়া ঋণ পরিশোধে সর্বোচ্চ সাত বছর সময় এবং এক বছর গ্রেস পিরিয়ডের সুযোগ রয়েছে। তবে নতুন নীতিমালায় এসব শর্ত অনেকটাই শিথিল করা হয়েছে।

গত ৩১ আগস্ট জারি করা এক সার্কুলারে বড় ঋণগ্রহীতাদের ঋণ পুনঃতফসিলেও বিশেষ ছাড় দেয় বাংলাদেশ ব্যাংক। এতে এক হাজার কোটি টাকা বা তার বেশি ঋণস্থিতি থাকা প্রতিষ্ঠান বা গ্রুপকে বিশেষ সুবিধায় সর্বোচ্চ ১৫ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়। এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর গ্রেস পিরিয়ডও পাওয়া যাবে। এ ছাড়া বিশেষ পুনর্গঠনের ক্ষেত্রে আগের নির্ধারিত মেয়াদের সঙ্গে সর্বোচ্চ চার বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। এসব সুবিধা নিতে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০২৬।

নতুন সুবিধা অনুযায়ী, এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের খেলাপি ঋণগ্রহীতারা দুই বছর ঋণ পরিশোধে বিরতিসহ ১৫ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিল বা নবায়নের সুযোগ পান। এর চেয়ে কম অঙ্কের ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছর মেয়াদে পুনঃতফসিল করা যাচ্ছে। এ ক্ষেত্রে আবেদনের সময় বকেয়া ঋণের এক শতাংশ জমা দিতে হয়। বাকি এক শতাংশ পুনঃতফসিল কার্যকর হওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যে পরিশোধের সুযোগ রয়েছে। অর্থাৎ, মোট দুই শতাংশ ডাউন পেমেন্ট দুই ধাপে পরিশোধ করতে পারছেন ঋণগ্রহীতারা।

কেন্দ্রীয় ব্যাংকের এসব সুবিধা কাজে লাগিয়ে গত এপ্রিল-জুন সময়ে ব্যাংকগুলো মোট ১৯ হাজার ৯৫৬ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে। এ তালিকায় দুর্বল ব্যাংকের পাশাপাশি তুলনামূলক ভালো অবস্থানে থাকা ব্যাংকও রয়েছে। তবে বিপুল অঙ্কের ঋণ পুনঃতফসিলের পরও অনেক ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ও হার বেড়েছে।

bangladesh_bankগত জুন প্রান্তিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ তিন হাজার ৩০ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে। এরপরও ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯১৫ কোটি টাকা, যা ব্যাংকটির বিতরণ করা মোট ঋণের ৫২ দশমিক ১৫ শতাংশ। অর্থাৎ, ব্যাংকটির মোট ঋণের অর্ধেকের বেশি এখন খেলাপি। মূলত ব্যাংকটি থেকে এস আলম গ্রুপের আত্মসাৎ করা প্রায় ৮২ হাজার কোটি টাকা আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় খেলাপি ঋণের চাপ বাড়ছে।

এদিকে গত এপ্রিল-জুন সময়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এক হাজার ৯৭৭ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে। এরপরও জুন প্রান্তিকে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল ১০ হাজার ৬৪৮ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ১৬ দশমিক ৪৭ শতাংশ। একই সময়ে এবি ব্যাংক এক হাজার ২৫৯ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করলেও ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ২০ হাজার ৩২৫ কোটি টাকা। এটি ব্যাংকটির বিতরণ করা ঋণের ৫৬ দশমিক শূন্য ৪ শতাংশ।

অন্য ব্যাংকগুলোর মধ্যে প্রাইম ব্যাংক ৯৯৬ কোটি, ট্রাস্ট ব্যাংক ৯৬৩ কোটি, প্রিমিয়ার ব্যাংক ৯৫৬ কোটি, এনসিসি ব্যাংক ৭২৮ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংক ৬৯৬ কোটি, ডাচ্-বাংলা ব্যাংক ৫২৯ কোটি এবং যমুনা ব্যাংক ৫১২ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক ৪৭৩ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংক ৪৭২ কোটি এবং ব্যাংক এশিয়া ৪৫৫ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে।

অর্থাৎ, কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া বিশেষ সুবিধায় বিভিন্ন ব্যাংক বিপুল অঙ্কের খেলাপি ঋণ পুনঃতফসিল করলেও সামগ্রিক পরিস্থিতির উন্নতি হচ্ছে না। একদিকে পুরোনো খেলাপি ঋণ পুনঃতফসিল হচ্ছে, অন্যদিকে নতুন করে বিপুল অঙ্কের ঋণ খেলাপি হয়ে পড়ছে। ফলে পুনঃতফসিলের মাধ্যমে সাময়িকভাবে খেলাপি ঋণের চাপ কমানোর চেষ্টা করা হলেও ব্যাংক খাতের প্রকৃত সংকট কাটছে না।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, সাম্প্রতিক সময়ে খেলাপি ঋণ আদায়ে কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েকটি নীতিমালা দিয়েছে। সেগুলো কাজে লাগিয়ে খেলাপি ঋণ কমানোর চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে একটি হলো ঋণ পুনঃতফসিল। অনেক গ্রাহক ঋণ পুনঃতফসিল করছেন, আবার অনেকে এখনো আসছেন। আগামী ডিসেম্বরের মধ্যে এসব সার্কুলারের ভালো ফলাফল দেখা যাবে।

নাম প্রকাশ না করার শর্তে বেসরকারি একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সামগ্রিক অর্থনীতির মন্থর গতি ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের সক্ষমতা কমিয়ে দিয়েছে। বিভিন্ন সুবিধার ফলাফল পুরোপুরি এখনো দেখা যাচ্ছে না। তবে ধীরে ধীরে গ্রাহক এসব সুবিধা নিতে আসছেন। ডিসেম্বরের মধ্যে ভালো ফলাফল পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

শুধু ঋণ পুনঃতফসিল নয়, খেলাপি ঋণের চাপ সামাল দিতে ব্যাংকগুলো সুদ মওকুফের পথেও হাঁটছে। গত এপ্রিল-জুন এই তিন মাসে ব্যাংকগুলো মোট ৭৮৪ কোটি টাকার সুদ মওকুফ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৫০ কোটি টাকা সুদ মওকুফ করেছে প্রাইম ব্যাংক।

এ ছাড়া ইউসিবি ৭৮ কোটি, প্রিমিয়ার ব্যাংক ৭৪ কোটি, সোনালী ব্যাংক ৬৭ কোটি, ন্যাশনাল ব্যাংক ৬৬ কোটি, কৃষি ব্যাংক ৫৪ কোটি, জনতা ব্যাংক ৩৯ কোটি, সাউথ বাংলা ব্যাংক ৩৭ কোটি, পূবালী ব্যাংক ৩৬ কোটি, অগ্রণী ব্যাংক ৩৪ কোটি, এমটিবি ৩১ কোটি, মার্কেন্টাইল ব্যাংক ৩০ কোটি, যমুনা ব্যাংক ২২ কোটি এবং মিডল্যান্ড ব্যাংক ১৭ কোটি টাকার সুদ মওকুফ করেছে।

সব মিলিয়ে ঋণ পুনঃতফসিল ও সুদ মওকুফের মাধ্যমে খেলাপি ঋণ আদায় এবং ব্যাংকগুলোর হিসাবের চাপ কমানোর চেষ্টা চলছে। কিন্তু তিন মাসে প্রায় ২০ হাজার কোটি টাকার ঋণ পুনঃতফসিলের পরও খেলাপি ঋণ ৪৬ হাজার ৬৪২ কোটি টাকা বেড়ে যাওয়ার ঘটনা ব্যাংক খাতের সংকটের গভীরতাই তুলে ধরছে। এতে স্পষ্ট, শুধু নীতিমালা শিথিল করে পুনঃতফসিলের সুযোগ বাড়ালেই খেলাপি ঋণের লাগাম টানা সম্ভব হচ্ছে না।

গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো ও অর্থনীতি বিশ্লেষক এম হেলাল আহমেদ খান ঢাকা মেইলকে বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতের সংকট এখন শুধুমাত্র খেলাপি ঋণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি ঋণের ক্ষেত্রে সুশাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহির যে সংকট রয়েছে, সেটাকে আরও প্রকট করেছে। ঋণখেলাপিদের বারবার ছাড় দিয়ে সাময়িকভাবে ব্যাংকের হিসাবের খাতায় খেলাপি ঋণের পরিমাণ কমানো দেখানো গেলেও, কিন্তু বাস্তবে অর্থ আদায় না হলে এই ব্যাংকের আর্থিক সক্ষমতা বাড়ে না; বরং এ ধরনের নীতি ইচ্ছাকৃতভাবে ঋণখেলাপিদের আরও উৎসাহিত করতে পারে। তাই এখন নীতিগত অগ্রাধিকার হওয়া উচিত ঋণ পুনঃতফসিলের পরিমাণ না বাড়িয়ে বরং প্রকৃত ঋণ আদায়টা আসলে নিশ্চিত করা দরকার।

টিএই/এমআর