মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

৬.২৭ লাখ কোটি টাকার খেলাপি ঋণের ৫.৮১ লাখ কোটিই আদায় অযোগ্য!

মুহা. তারিক আবেদীন ইমন
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০১ পিএম

শেয়ার করুন:

৬.২৭ লাখ কোটি টাকার খেলাপি ঋণের ৫.৮১ লাখ কোটিই আদায় অযোগ্য!

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যা বিতরণ করা মোট ঋণের প্রায় ৩৪ শতাংশ। এর মধ্যে ৫ লাখ ৮১ হাজার কোটি টাকার বেশি রয়েছে মন্দ ও ক্ষতিজনক শ্রেণিতে, যা মোট খেলাপি ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশ। অর্থাৎ খেলাপি হয়ে পড়া ঋণের প্রায় ৯৩ শতাংশই এখন ‘আদায় অযোগ্য’ পর্যায়ে। বিপুল অঙ্কের এই ঋণ আদায়ের অনিশ্চয়তার পাশাপাশি প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে না পারায় নতুন করে আর্থিক চাপে পড়েছে ব্যাংক খাত।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। এর মধ্যে মন্দ বা আদায় অযোগ্য হওয়ার মতো ঋণের পরিমাণ ৫ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি ৯২ লাখ টাকা। মোট খেলাপি ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশই এখন এই শ্রেণিতে রয়েছে। ব্যাংক খাতের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। সে হিসাবে মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি।

ব্যাংক খাতের এই পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও গবেষকরা। তাদের মতে, খেলাপি ঋণের পরিমাণ বাড়ার চেয়েও বড় সংকট হয়ে দাঁড়িয়েছে এসব ঋণ আদায় করতে না পারা। রাজনৈতিক বিবেচনায় ঋণ বিতরণ, ঋণ অনুমোদনে পরিচালনা পর্ষদের প্রভাব এবং ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকও দায় এড়াতে পারে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত কয়েক বছরে ব্যাংক খাতের খেলাপি ঋণের প্রকৃত চিত্র ধীরে ধীরে সামনে এসেছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন আড়ালে থাকা ঋণ অনিয়ম ও খেলাপির তথ্য প্রকাশ পেতে শুরু করে।

২০২৪ সালের সেপ্টেম্বরে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ১১ হাজার কোটি টাকা। তবে পরবর্তী সময়ে ঋণের হিসাব পুনর্মূল্যায়ন করে দেখা যায়, আগের বছরগুলোতে প্রায় ৪ লাখ ১৭ হাজার কোটি টাকার খেলাপি ঋণ আড়াল করা হয়েছিল। এরপর ২০২৫ সালের শুরু থেকে প্রতি প্রান্তিকেই খেলাপি ঋণের অঙ্ক বাড়তে থাকে। বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠানের অডিট এবং ইসলামী ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক চিত্র প্রকাশের ফলে ব্যাংক খাতের খেলাপি ঋণের প্রকৃত অবস্থা আরও স্পষ্ট হয়ে ওঠে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ৩০ জুন শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ব্যাংকগুলোর ঋণ বেড়েছে ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। অথচ একই সময়ে শ্রেণিকৃত ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। জুন শেষে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা।

এ হিসাবে তিন মাসে ব্যাংক খাতের শ্রেণিকৃত ঋণের হার ১ দশমিক ০২ শতাংশ পয়েন্ট বেড়ে ৩৩ দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে। গত জুন শেষে এই হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। অন্যদিকে নিট শ্রেণিকৃত ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ ব্যাংকগুলোর ঋণ বিতরণ যে হারে বাড়ছে, তার তুলনায় খেলাপি ঋণের অঙ্ক বাড়ছে অনেক বেশি গতিতে।

খেলাপি ঋণের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো এর বড় অংশই এখন মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে রয়েছে। সেপ্টেম্বর শেষে এ ধরনের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি ৯২ লাখ টাকা। এটি মোট শ্রেণিকৃত ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশ। ব্যাংকিং পরিভাষায় এই শ্রেণির ঋণ থেকে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ফলে এত বিপুল অঙ্কের ঋণ আদায় করতে না পারলে ব্যাংকগুলোর সম্পদ ও মূলধনের ওপর দীর্ঘমেয়াদি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া বিশেষ তদারকিতে থাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্টের (এসএমএ) ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭ কোটি টাকা।

bangladesh_bank

এদিকে খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে গিয়েও বড় ধরনের সংকটে পড়েছে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে প্রয়োজনীয় প্রভিশনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকা। কিন্তু ব্যাংকগুলো সংরক্ষণ করতে পেরেছে ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা। ফলে প্রয়োজনীয় প্রভিশনের বিপরীতে ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা।

তবে আগের প্রান্তিকের তুলনায় প্রভিশন ঘাটতি কিছুটা কমেছে। গত জুন শেষে ব্যাংক খাতে এই ঘাটতির পরিমাণ ছিল ২ লাখ ২২ হাজার ৩৫৮ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে ঘাটতি কমেছে প্রায় ৪ হাজার ১৯ কোটি টাকা। একই সময়ে প্রভিশন কভারেজ অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ৫৪ দশমিক ৭৫ শতাংশে। গত জুন শেষে এই অনুপাত ছিল ৫৪ শতাংশ। আর গত বছরের সেপ্টেম্বর শেষে প্রভিশন কভারেজ অনুপাত ছিল ২৮ দশমিক ৮২ শতাংশ। অর্থাৎ এক বছরে প্রভিশন সংরক্ষণের অনুপাতে উল্লেখযোগ্য উন্নতি হলেও প্রয়োজনীয় সঞ্চিতির তুলনায় ঘাটতি এখনো বিপুল।

অর্থনীতিবিদ মো. মাজেদুল হক বলেন, দীর্ঘদিন ধরে ব্যাংক খাতে রাজনৈতিক বিবেচনায় ঋণ বিতরণ করা হয়েছে। এসব ঋণ দেশের অর্থনীতির স্বার্থে দেওয়া হয়নি। ইচ্ছাকৃত ঋণখেলাপির সংখ্যা অনেক বেশি। একটি গোষ্ঠী কাগুজে প্রতিষ্ঠান খুলে ভুয়া ঋণ নিয়েছে। এ কারণে এসব ঋণের অর্থ আর ফেরত আসেনি। এসব ঋণের দায় নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক এড়াতে পারে না। কারণ ঋণ বিতরণের প্রতিটি প্রক্রিয়া কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির আওতায় থাকার কথা।

তিনি আরও বলেন, ব্যাংক খাতের বড় সমস্যাগুলোর একটি হলো, ঋণগ্রহীতাদের অনেক ক্ষেত্রে ব্যাংকাররা নির্বাচন করেননি। বরং পরিচালনা পর্ষদ নিজেদের পছন্দ অনুযায়ী ঋণগ্রহীতা নির্বাচন করে ঋণ দিয়েছে। ফলে ঋণ অনুমোদনের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই ও পেশাদারত্ব অনেক ক্ষেত্রে উপেক্ষিত হয়েছে।

চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো ও অর্থনীতি গবেষক এম হেলাল আহম্মেদ খান বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরে চলমান অস্থিরতার অন্যতম কারণ হলো খেলাপি ঋণ আদায় না হওয়া। একই সঙ্গে মন্দ ঋণের পরিমাণও বাড়ছে। খেলাপি ঋণের পরিমাণ বাড়ার চেয়েও বেশি উদ্বেগজনক হলো, এর প্রায় ৯৩ শতাংশই আদায় অযোগ্য পর্যায়ে চলে গেছে। ফলে ঋণ পুনরুদ্ধারের স্বাভাবিক প্রক্রিয়া কতটা কার্যকর, তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে।

হেলাল আহম্মেদ বলেন, সাম্প্রতিক সময়ে কিছু নীতিগত সুবিধা দেওয়ায় কাগজে-কলমে খেলাপি ঋণের পরিমাণ কমে এসেছে। তবে বাংলাদেশ ব্যাংক কঠোর নজরদারি ও শৃঙ্খলা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে আবারও খেলাপি ঋণ বাড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে নতুন ঋণ বিতরণের আগে ব্যাংকগুলোকে যথাযথ যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে বিদ্যমান খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

সব মিলিয়ে ব্যাংক খাতের সর্বশেষ চিত্র বলছে, সংকট এখন শুধু খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধিতে সীমাবদ্ধ নেই; বরং এসব ঋণের বড় অংশ আদায়ের অনিশ্চয়তা এবং বিপুল প্রভিশন ঘাটতি ব্যাংকগুলোর জন্য বড় আর্থিক ঝুঁকি তৈরি করেছে। খেলাপি ঋণের এই বিশাল বোঝা কমাতে ঋণ আদায়ে কার্যকর ব্যবস্থা, ঋণ বিতরণে কঠোর যাচাই-বাছাই এবং নিয়ন্ত্রক সংস্থার নজরদারি জোরদার করা এখন বড় চ্যালেঞ্জ।

টিএই/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর