শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

আমানতের পাহাড়, বিনিয়োগে খরা—চাপে ব্যাংক খাত

মুহা. তারিক আবেদীন ইমন
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১০:৩২ পিএম

শেয়ার করুন:

আমানতের পাহাড়, বিনিয়োগে খরা—চাপে ব্যাংক খাত
  • ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য ৪ লাখ ৪২ হাজার কোটি টাকা
  • ১০ ব্যাংকের হাতে জমেছে ৩ লাখ ১২ হাজার কোটি
  • বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি মাত্র ৪ দশমিক ৭৫ শতাংশ
  • কয়েকটি ব্যাংকে এখনো বড় অঙ্কের তারল্য ঘাটতি
  • উৎপাদনশীল খাতে বিনিয়োগ কমায় বাড়ছে সংকট
  • বিনিয়োগ মন্দায় ট্রেজারি বিল-বন্ডে যাচ্ছে ব্যাংকের অর্থ

ব্যাংকে টাকা জমা হচ্ছে, বাড়ছে আমানতের পরিমাণ; কিন্তু সেই অর্থ ঋণ ও বিনিয়োগের মাধ্যমে উৎপাদনশীল খাতে প্রবাহিত হচ্ছে না। একদিকে ভালো ব্যাংকগুলোর হাতে জমছে বিপুল উদ্বৃত্ত তারল্য, অন্যদিকে বেসরকারি খাতে ঋণের চাহিদা কমে যাওয়ায় বিনিয়োগের গতি থমকে আছে। পরিস্থিতি সামাল দিতে ব্যাংকগুলো সরকারি ট্রেজারি বিল-বন্ড, কলমানি ও অন্য ব্যাংকে আমানত হিসেবে অর্থ খাটাচ্ছে। এরপরও বড় অঙ্কের অর্থ উদ্বৃত্ত থেকে যাচ্ছে। এর প্রভাব পড়ছে আমানত ব্যবস্থাপনাতেও। নতুন আমানত সংগ্রহে আগ্রহ কমিয়ে সুদহার কমাচ্ছে ব্যাংকগুলো। সব মিলিয়ে ব্যাংক খাতে অর্থের প্রাচুর্য থাকলেও বিনিয়োগের মন্দা নতুন ধরনের সংকট তৈরি করছে।

গত আগস্ট শেষে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ৪২ হাজার কোটি টাকা। এর মধ্যে মাত্র ১০টি ব্যাংকের হাতেই রয়েছে ৩ লাখ ১২ হাজার ৪৬৫ কোটি টাকা। অর্থাৎ ব্যাংক খাতের মোট উদ্বৃত্ত তারল্যের বড় অংশই কয়েকটি ব্যাংকে কেন্দ্রীভূত। অথচ একই সময়ে অনেক ব্যাংক প্রয়োজনীয় তারল্য ধরে রাখতে হিমশিম খাচ্ছে। ফলে ব্যাংক খাতে একদিকে অর্থের পাহাড়, অন্যদিকে তারল্যসংকট—দুই বিপরীত চিত্র পাশাপাশি দৃশ্যমান হচ্ছে।

অতিরিক্ত তারল্য থাকা ব্যাংকগুলোর তালিকায় সবার ওপরে রয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। ব্যাংকটির উদ্বৃত্ত তারল্যের পরিমাণ ৮৮ হাজার ২৭৮ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা পূবালী ব্যাংকের অতিরিক্ত তারল্য ৩২ হাজার ২৭৮ কোটি টাকা। তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংকের ২৯ হাজার ৯১৩ কোটি টাকা এবং চতুর্থ অবস্থানে অগ্রণী ব্যাংকের ২৯ হাজার ৪০৫ কোটি টাকা রয়েছে। শীর্ষ পাঁচে থাকা ডাচ্-বাংলা ব্যাংকের উদ্বৃত্ত তারল্য ২৮ হাজার ৯১৩ কোটি টাকা।

এ ছাড়া সিটি ব্যাংকের ২৩ হাজার ৯৮৪ কোটি, ব্যাংক এশিয়ার ২৩ হাজার ৫১৮ কোটি, যমুনা ব্যাংকের ২২ হাজার ৪৬৯ কোটি, ইস্টার্ন ব্যাংকের ১৭ হাজার ৫৪৪ কোটি এবং প্রাইম ব্যাংকের ১৬ হাজার ১৬৩ কোটি টাকা অতিরিক্ত তারল্য রয়েছে।

বিনিয়োগে স্থবিরতা, বাড়ছে উদ্বৃত্ত অর্থ

ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য বেড়ে যাওয়ার পেছনে অন্যতম কারণ বেসরকারি খাতে ঋণের চাহিদা কমে যাওয়া। টানা ছয় মাসের বেশি সময় ধরে এ খাতে ঋণ প্রবৃদ্ধির হার ৫ শতাংশের নিচে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্ট শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ৭৫ শতাংশে। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের গতি যে এখনো মন্থর, এ চিত্র তারই প্রতিফলন।

ব্যাংক খাতসংশ্লিষ্টদের মতে, বাজারভিত্তিক সুদহার চালুর পর ব্যাংকগুলোর আমানত সংগ্রহের পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ঋণ ও আমানতের সুদহার নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখা হয়েছিল। সরকার পতনের পর সেই সীমা তুলে দিয়ে সুদহার বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়। এতে দুর্বল ব্যাংকগুলো আমানত সংগ্রহে তুলনামূলক বেশি সুদ দিতে বাধ্য হলেও ভালো ব্যাংকগুলো কম সুদেও আমানত পাচ্ছে।

এর পেছনে আমানতকারীদের আস্থার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বেশি সুদের প্রস্তাবের চেয়ে প্রয়োজনে জমা অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তাকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন। ফলে আর্থিকভাবে শক্তিশালী ব্যাংকগুলোয় আমানত বাড়লেও সেই অর্থ ঋণ ও বিনিয়োগে কাজে লাগানোর মতো পর্যাপ্ত চাহিদা তৈরি হচ্ছে না।

বিশেষ করে গ্যাস-বিদ্যুৎ সংকটসহ ব্যবসা পরিচালনার নানা প্রতিবন্ধকতার কারণে বেসরকারি খাতের উদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না। নতুন শিল্প স্থাপন, উৎপাদন সক্ষমতা বাড়ানো কিংবা ব্যবসা সম্প্রসারণে ঋণ নেওয়ার প্রবণতা কমে যাওয়ায় ব্যাংকগুলোর হাতে অর্থ জমছে। অন্যদিকে ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকগুলোও আগের তুলনায় বেশি সতর্ক। নির্ভরযোগ্য ও ভালো ঋণগ্রহীতা না পাওয়ায় অর্থ থাকলেও তা বিতরণ করতে পারছে না অনেক ব্যাংক।

ট্রেজারি বিল-বন্ডে যাচ্ছে ব্যাংকের অর্থ

উৎপাদনশীল খাতে ঋণ বিতরণের সুযোগ সীমিত হয়ে পড়ায় ব্যাংকগুলো বিকল্প বিনিয়োগের পথ বেছে নিচ্ছে। সরকারি ট্রেজারি বিল ও বন্ড, কলমানি মার্কেট, অন্য ব্যাংকের বন্ড, বাংলাদেশ ব্যাংকের প্রি-ফাইন্যান্স প্যাকেজ এবং অন্য ভালো ব্যাংকে ফিক্সড ডিপোজিট হিসেবে অর্থ রাখছে তারা। এসব খাতে অর্থ বিনিয়োগ করে আয় করা সম্ভব হওয়ায় ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য পুরোপুরি অলস পড়ে থাকছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘উদ্বৃত্ত তারল্যের সবটাই ট্রেজারি বিল বা বন্ড, অন্য ব্যাংকের চালু করা বন্ড, বাংলাদেশ ব্যাংকের প্রি-ফাইন্যান্স প্যাকেজ এবং অন্য ভালো ব্যাংকের ফিক্সড ডিপোজিটে প্লেসমেন্টের মতো খাতে লাভজনকভাবে ও নিরাপদে বিনিয়োগ করা আছে। যেহেতু এসব বিনিয়োগ লাভজনক, তাই আমানতকারীদের সুদ পরিশোধে কোনো বাড়তি চাপ নেই। থাকার প্রশ্নও আসে না। আর এগুলো সব ভালো ব্যাংক। প্রত্যেকটির ব্যালান্সশিট বেশ ভালোভাবে ভারসাম্যপূর্ণ।’

অর্থাৎ ব্যাংকগুলোর হাতে থাকা উদ্বৃত্ত অর্থ থেকে আয় করার বিকল্প ব্যবস্থা রয়েছে। তবে এসব বিনিয়োগের বড় অংশ সরকারি সিকিউরিটিজ বা আর্থিক খাতের অন্যান্য নিরাপদ উপকরণে কেন্দ্রীভূত হওয়ায় তা সরাসরি নতুন শিল্প, কর্মসংস্থান কিংবা উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখছে না। ফলে ব্যাংকের আয় ব্যবস্থাপনায় স্বস্তি থাকলেও সামগ্রিক অর্থনীতিতে বিনিয়োগের গতি ফেরানোর ক্ষেত্রে এ অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত হচ্ছে না।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য ঋণ হিসেবে বিতরণ না হলেও অলস পড়ে নেই। এসব অর্থের একটি বড় অংশ বিভিন্ন সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকগুলো সতর্কতার সঙ্গে ঋণ বিতরণ করছে। অতীতে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই ঋণ বিতরণের কারণে বর্তমানে খেলাপি ঋণের এই পরিস্থিতি তৈরি হয়েছে। আশা করা যায়, আগামী বছর থেকে ব্যাংকগুলো নতুন করে বিনিয়োগে ফিরবে।

উদ্বৃত্তের বিপরীতে তারল্যসংকটে ১০ ব্যাংক

ব্যাংক খাতের সামগ্রিক চিত্রে অতিরিক্ত তারল্যের আধিক্য থাকলেও সব ব্যাংকের অবস্থা এক নয়। কিছু ব্যাংক বিপুল উদ্বৃত্ত অর্থ নিয়ে বসে থাকলেও অন্য কয়েকটি ব্যাংক প্রয়োজনীয় তারল্য সংরক্ষণ করতে পারছে না। গত আগস্ট শেষে ন্যাশনাল ব্যাংকের তারল্য ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ২২৭ কোটি টাকা। এবি ব্যাংকের ঘাটতি ৩ হাজার ৮৪৭ কোটি টাকা।

এ ছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংকের ১ হাজার ৮৮ কোটি, ইউনিয়ন ব্যাংকের ৭৬৭ কোটি, প্রিমিয়ার ব্যাংকের ৬২৫ কোটি, পদ্মা ব্যাংকের ৬০০ কোটি, বাংলাদেশ কমার্স ব্যাংকের ৫২৫ কোটি, গ্লোবাল ব্যাংকের ৩৮৭ কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩১৯ কোটি এবং আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৮ কোটি টাকা তারল্য ঘাটতি রয়েছে।

এ চিত্র ব্যাংক খাতের ভেতরে তারল্য বণ্টনের অসমতা এবং ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতার পার্থক্যকে সামনে নিয়ে এসেছে। একদিকে আমানতকারীদের আস্থায় শক্তিশালী ব্যাংকগুলোয় অর্থের প্রবাহ বাড়ছে, অন্যদিকে দুর্বল ব্যাংকগুলো আমানত ধরে রাখা ও প্রয়োজনীয় তারল্য ব্যবস্থাপনায় চাপে রয়েছে। ফলে সামগ্রিক ব্যাংক খাতে অতিরিক্ত অর্থ থাকলেও সব ব্যাংকের জন্য তা সমানভাবে ব্যবহারযোগ্য হচ্ছে না।

আমানতের সুদহার কমাচ্ছে ব্যাংকগুলো

উদ্বৃত্ত তারল্যের আরেকটি প্রভাব পড়ছে আমানতের বাজারে। প্রয়োজনের তুলনায় বেশি অর্থ হাতে থাকায় শীর্ষ পর্যায়ের ব্যাংকগুলো গত দুই মাসে দুই দফায় আমানতের সুদহার কমিয়েছে। একাধিক ব্যাংক মেয়াদি আমানতের সুদহার ৫০ থেকে ১০০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে।

তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে এক বছর মেয়াদি আমানতের সুদহার ছিল ৯ থেকে ১০ দশমিক ১৫ শতাংশ। আগস্টে তা কমে সাড়ে ৮ থেকে ৯ শতাংশে নেমে আসে। সম্প্রতি আরও কমে সাড়ে ৭ থেকে ৮ শতাংশে দাঁড়িয়েছে।

ব্যাংকভিত্তিক তথ্যেও এ প্রবণতা স্পষ্ট। গত জুলাইয়ে পূবালী ব্যাংকের এক বছর মেয়াদি আমানতের সুদহার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। এর চেয়ে বেশি মেয়াদের আমানতে সুদহার ছিল ৮ দশমিক ৪৪ শতাংশ। আগস্টে তা কমে যথাক্রমে ৮ দশমিক ২১ ও ৮ দশমিক ৪১ শতাংশ হয়।

ব্র্যাক ব্যাংকের এক বছর মেয়াদি আমানতের সুদহার জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩৫ শতাংশ এবং এর চেয়ে বেশি মেয়াদের আমানতে ছিল ৯ দশমিক ২৬ শতাংশ। পরে তা কমে যথাক্রমে ৮ দশমিক ১৭ ও ৯ দশমিক ১৮ শতাংশ হয়। ব্যাংক এশিয়ার এক বছর মেয়াদি আমানতের সুদহার জুলাইয়ের ৯ দশমিক ৪২ শতাংশ থেকে আগস্টে কমে ৮ দশমিক ৯৮ শতাংশ হয়েছে। যমুনা ব্যাংকের এক বছর মেয়াদি আমানতের সুদহার ৯ দশমিক ৬৩ শতাংশ থেকে কমে ৯ দশমিক ৫৯ শতাংশে নেমেছে। একই ব্যাংকের এর চেয়ে বেশি মেয়াদের আমানতের সুদহার ৯ দশমিক ২৬ শতাংশ থেকে কমে ৯ দশমিক ২০ শতাংশ হয়েছে।

ব্যাংক কর্মকর্তাদের মতে, আমানত সংগ্রহ এখন অনেক ব্যাংকের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমানতের সুদ ও অন্যান্য খরচ মেটানোর পর ব্যাংকের মুনাফার সুযোগ কমে যাচ্ছে। কারণ, বিনিয়োগের উপযুক্ত ক্ষেত্র পাওয়া যাচ্ছে না। আবার আমানতকারীরা টাকা জমা রাখতে এলে তাদের ফিরিয়ে দেওয়ার সুযোগও নেই। ফলে অতিরিক্ত তারল্য থাকা ব্যাংকগুলো বাধ্য হয়ে আমানতের সুদহার কমাচ্ছে।

এ পরিস্থিতিতে আমানতকারীদের জন্য একদিকে ব্যাংকে টাকা রাখার মুনাফা কমছে, অন্যদিকে ব্যাংকগুলোর জন্য অতিরিক্ত অর্থ ব্যবস্থাপনার চাপ বাড়ছে। অর্থাৎ আমানত বাড়লেও তা ব্যাংকের ঋণ ও বিনিয়োগ আয় বাড়াতে পারছে না।

ঋণ বিতরণে সতর্কতা, অর্থনীতিতে প্রভাব

ব্যাংকিং খাতের এই পরিস্থিতিকে শুধু অতিরিক্ত তারল্যের সমস্যা হিসেবে দেখছেন না অর্থনীতিবিদরা। তাদের মতে, একদিকে দুর্বল ও শরিয়াহভিত্তিক কিছু ব্যাংক তীব্র তারল্যসংকটে ভুগছে, অন্যদিকে পুরো ব্যাংকিং ব্যবস্থায় বিপুল পরিমাণ অর্থ উদ্বৃত্ত রয়েছে। অথচ সেই অর্থ বিনিয়োগের উপযুক্ত ক্ষেত্র পাচ্ছে না ব্যাংকগুলো।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক বরকত-এ-খোদা বলেন, বর্তমানে ব্যাংকিং খাতে তারল্য নিয়ে এক ধরনের বৈপরীত্য দেখা যাচ্ছে। একদিকে কিছু দুর্বল ও শরিয়াহভিত্তিক ব্যাংক তীব্র তারল্যসংকটে ভুগছে, অন্যদিকে পুরো ব্যাংকিং ব্যবস্থায় বিপুল পরিমাণ অর্থ অলস পড়ে রয়েছে। ব্যাংকগুলো আমানতের বিপরীতে উচ্চ সুদ পরিশোধ করলেও সেই অর্থ বিনিয়োগের উপযুক্ত ক্ষেত্র পাচ্ছে না। বেসরকারি খাতে ঋণের চাহিদা কম থাকায় ব্যাংকের হাতে থাকা অর্থ উৎপাদনশীল খাতে ব্যবহার হচ্ছে না। এতে একদিকে ব্যাংকের আমানত ব্যবস্থাপনার ব্যয় বাড়ছে, অন্যদিকে অতিরিক্ত তারল্য থেকে কাঙ্ক্ষিত আয় করতে পারছে না ব্যাংকগুলো।

সব মিলিয়ে ব্যাংক খাতে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা অর্থের সংকটের চেয়ে বিনিয়োগের সুযোগ ও ঋণের চাহিদার সংকটকেই বেশি স্পষ্ট করছে। ব্যাংকে আমানত বাড়ছে, কিন্তু নতুন শিল্প, ব্যবসা সম্প্রসারণ ও উৎপাদনশীল কর্মকাণ্ডে অর্থের প্রবাহ সেই অনুপাতে বাড়ছে না। আবার অতীতের অনিয়ম ও খেলাপি ঋণের অভিজ্ঞতায় ব্যাংকগুলো ঋণ বিতরণে সতর্ক অবস্থান নিয়েছে। অন্যদিকে জ্বালানি সংকট ও ব্যবসার অনিশ্চয়তা উদ্যোক্তাদের নতুন বিনিয়োগ থেকে দূরে রাখছে। এ অবস্থায় শুধু ব্যাংকের হাতে থাকা উদ্বৃত্ত অর্থের পরিমাণ কমানোই যথেষ্ট নয়; বরং বেসরকারি খাতে বিনিয়োগের পরিবেশ উন্নত করা, নির্ভরযোগ্য ঋণগ্রহীতা তৈরি এবং ব্যাংকগুলোর মধ্যে তারল্যের অসমতা কমানো জরুরি।

টিএই/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর