নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম
তৈরি পোশাকশিল্প শ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাবে একমত হয়েছে মালিকপক্ষ। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সহযোগিতার কথা জানিয়েছে মজুরি বোর্ড। স্বল্পতম সময়ের মধ্যে মজুরি নির্ধারণের কার্যক্রম এগিয়ে নেওয়ায় উভয় পক্ষের ভূমিকার প্রশংসা করেছে বোর্ড।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর শ্রম ভবনে আয়োজিত মজুরি বোর্ডের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, মজুরি বোর্ড গঠনের আগে থেকেই শ্রমিকনেতা, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। পুরো প্রক্রিয়ায় সবার সহযোগিতা পাওয়া গেছে। বিশেষ করে দেশের অর্থনীতি সচল রাখা এবং শ্রমিকদের স্বার্থ বিবেচনায় সবাই দেশপ্রেম ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
বক্তারা জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মজুরি নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করার বিষয়ে মালিকপক্ষ একমত হয়েছে। এজন্য মালিকপক্ষকে ধন্যবাদ জানানো হয়। বোর্ড গঠনের পর চতুর্থ সভাতেই মালিকপক্ষ তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে।
শ্রমিকনেতা বাবুল আক্তার বলেন, মালিকপক্ষ আমাদের দাবি মেনে নিয়েছে। তবে অনেক শ্রমিকের কাছে এখনো এই খবর পৌঁছেনি।
এর আগে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। বর্তমানে শ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন প্রস্তাব কার্যকর হলে সর্বনিম্ন মজুরি বাড়বে ৪ হাজার ৫০০ টাকা।
ওই সভায় বোর্ডের সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনটি গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়। প্রস্তাব অনুযায়ী, গ্রেড-১-এর শ্রমিকদের নিম্নতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এর ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এর ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
এম/এফএ