বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

নতুন মজুরিতে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম

শেয়ার করুন:

নতুন মজুরিতে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফাইল ছবি

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। বর্তমান বিনিময় হার অনুযায়ী নতুন এই মজুরি প্রায় ১৩৭ মার্কিন ডলার, যা প্রতিবেশী ভারত ও পাকিস্তানের পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরির চেয়ে বেশি। এদিকে, বছরওয়ারি আনুপাতিক বৃদ্ধির হিসাবে এবারের মজুরি বৃদ্ধির হার অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

নতুন মজুরি কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডে মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং সর্বনিম্ন চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে।

প্রতি ডলারের বিনিময়মূল্য ১২৪ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশের নতুন ন্যূনতম মজুরি দাঁড়ায় ১৩৭ দশমিক ১০ ডলার। আগের ১২ হাজার ৫০০ টাকার তুলনায় নতুন মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।

বিশ্বের অন্যতম বৃহৎ ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএমের ২০২৫ সালের সরবরাহকারী কারখানার তথ্য অনুযায়ী, ভারতে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ১২৪ ডলার এবং পাকিস্তানে ১৩৫ ডলার। সে হিসাবে বাংলাদেশের নতুন মজুরি ভারতের চেয়ে ১০ দশমিক ৬ শতাংশ এবং পাকিস্তানের চেয়ে ১ দশমিক ৬ শতাংশ বেশি।

তবে ভারত ও পাকিস্তানের তুলনামূলক তথ্য ২০২৫ সালের। অন্যদিকে, বাংলাদেশের নতুন মজুরি নির্ধারিত হয়েছে ২০২৬ সালের নভেম্বরে। ফলে এই তুলনায় সময়ের পার্থক্য রয়েছে। এটি একই সময়ের তিন দেশের জাতীয় আইনগত ন্যূনতম মজুরির তুলনা নয়; বরং বাংলাদেশের নতুন ঘোষিত মজুরির সঙ্গে এইচঅ্যান্ডএমের সরবরাহকারী কারখানার সর্বশেষ প্রকাশিত তথ্যের তুলনা।

image

এইচঅ্যান্ডএম গ্রুপের ২০২৫ সালের ‘ওয়েজেস ইন আওয়ার সাপ্লাই চেইন’ ড্যাশবোর্ডে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ আটটি গুরুত্বপূর্ণ পোশাক উৎপাদনকারী দেশের শ্রমিকদের মজুরি পরিস্থিতি তুলে ধরা হয়েছে। ২০২৬ সালের মার্চে হালনাগাদ করা এই ড্যাশবোর্ডে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। এতে সরবরাহকারী কারখানার শ্রমিকদের গড় মাসিক মজুরি ও নিম্নতম মজুরির তথ্য আলাদাভাবে দেখানো হয়েছে।

এইচঅ্যান্ডএম ২০১৩ সাল থেকে তাদের সরাসরি সরবরাহকারী কারখানাগুলোতে শ্রমিকদের মজুরি পর্যবেক্ষণ করছে। প্রতিষ্ঠানটির ড্যাশবোর্ডে দেশভিত্তিক তথ্য স্থানীয় মুদ্রা ও মার্কিন ডলার—দুই হিসাবেই প্রকাশ করা হয়। অঞ্চল, রাজ্য ও শ্রমিকের শ্রেণিভেদে মজুরির পার্থক্য বিবেচনায় নিয়ে নিম্নতম মজুরির ভারসাম্যপূর্ণ গড় হিসাব করা হয়।

এদিকে, নতুন মজুরি কাঠামো নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বছরওয়ারি আনুপাতিক বৃদ্ধির হার বিবেচনায় এবারের মজুরি বৃদ্ধির হার অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। বুধবার নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ২০২৩ সালে মজুরি বোর্ড নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১১ দশমিক ২৫ শতাংশ হারে মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছিল। এবার বছরওয়ারি ১২ শতাংশ হারে মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পর্যালোচনায় দেখা যায়, অতীতে বিভিন্ন সময়ে ঘোষিত বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হারের চেয়ে এবারের সুপারিশকৃত বৃদ্ধির হার বেশি।

নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করায় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, সদস্য, শ্রমিক ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান মন্ত্রী।

তিনি বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য ও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় মজুরি বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে, যাতে শ্রমিকেরা সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে শ্রম আইন সংশোধনসহ ইতিবাচক সংস্কার এনেছে। এর অংশ হিসেবে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। প্রতি তিন বছর পর মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের এ উদ্যোগ শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেওয়ার পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে।

শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা ও চট্টগ্রামে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান মন্ত্রী। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে টঙ্গীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

শিল্পখাতে স্বাভাবিক কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বজায় রাখতে শ্রমিকদের কর্মক্ষেত্রে ফিরে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে মালিকপক্ষের প্রতিও আহ্বান জানান তিনি।

এদিকে, দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তা ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বাসসকে বলেন, পোশাকশিল্পের সামগ্রিক সক্ষমতা ও অন্যান্য দিক বিবেচনায় নতুন ঘোষিত মজুরি কাঠামো সর্বোচ্চ। আঞ্চলিক অনেক প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে রয়েছে।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়েছিল। নতুন সিদ্ধান্তে তিন বছরের ব্যবধানে আবারও শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর