বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, বন্ধ ২৯টির কার্যক্রম

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, বন্ধ ২৯টির কার্যক্রম
দেশের বেশ কয়েকটি এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে ২৯টি শাখার কার্যক্রম। এতে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গ্রামীণ অঞ্চলের গ্রাহকদের ঋণ ও অন্যান্য আর্থিক সেবা গ্রহণে ভোগান্তি তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এক বার্তায় এসব তথ্য জানান।

সেখানে বলা হয়, গত ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সর্বশেষ ২৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জেলার মোট ১০৪টি শাখা ও কার্যালয় এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং অবশিষ্ট ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪টি জেলায় ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। ব্যাংকটির নিজস্ব ভবন ও স্থাপনার সংখ্যা ৬৭৭টি।

গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির কার্যক্রম বিস্তৃত। প্রতিষ্ঠানটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে বিনিয়োগ করা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বার্তায় আরও বলা হয়, বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান থাকলেও সাময়িকভাবে বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকেরা এ সেবা নিতে পারছেন না। একইভাবে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য প্রয়োজনীয় ঋণ গ্রহণেও সংশ্লিষ্ট গ্রাহকেরা সমস্যায় পড়ছেন। এতে এসব অঞ্চলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ব্যাংকটির শাখা ও কার্যালয়ে সংঘটিত এসব ঘটনায় সম্পদ ও স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতি, আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা পাওয়ার ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে।

এ অবস্থায় ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

টিএই/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর