Dhaka Mail Logo

অর্থনীতি

৯ লাখ মানুষের পানি সংকট মোকাবিলায় ১৫ কোটি ডলার দিচ্ছে এডিবি

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৬, ০২:৫১ পিএম

দেশের আটটি শহরে নিরাপদ ও নির্ভরযোগ্য পানি সরবরাহ এবং পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে ১৫ কোটি ডলার সহজ শর্তের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৯ লাখ মানুষ উন্নত পানি ও স্যানিটেশন সুবিধা পাবে। প্রকল্পের আওতায় এক হাজার ৭৯০ কিলোমিটার পানি সরবরাহ নেটওয়ার্ক নির্মাণ এবং ৬৫ হাজার বাড়িতে পানির সংযোগ স্থাপন বা পুনর্বাসন করা হবে।

‘ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্প’ নামে এ উদ্যোগের আওতায় কুমিল্লা সিটি করপোরেশন এবং চাঁদপুর, গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা শহরে সমন্বিত পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন সেবা চালু করা হবে। এসব শহরকে অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের অংশ হিসেবে বিবেচনা করে একসঙ্গে উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এডিবির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এডিবির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, জনস্বাস্থ্য, মানবিক মর্যাদা এবং উৎপাদনশীল ও দুর্যোগসহিষ্ণু জনপদ গড়ে তুলতে নির্ভরযোগ্য পানি ও পয়োনিষ্কাশন সেবা অপরিহার্য। এ প্রকল্পে জলবায়ুসহিষ্ণু অবকাঠামোর পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ডিজিটাল ব্যবস্থা এবং টেকসই সেবা প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে আঞ্চলিক শহরগুলোতে জনসেবা উন্নত হওয়ার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের পরিবেশ তৈরি হবে।

প্রকল্পের আওতায় আট শহরে প্রায় ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি সরবরাহ নেটওয়ার্ক নির্মাণ করা হবে। পাশাপাশি ৬৫ হাজার বাড়িতে নতুন পানির সংযোগ স্থাপন অথবা পুরোনো সংযোগ পুনর্বাসন করা হবে। এসব সংযোগে স্মার্ট মিটার বসানো হবে। নতুন সংযোগের অন্তত ১০ শতাংশ নিম্ন আয়ের জনগোষ্ঠী ও অনানুষ্ঠানিক বসতিতে বসবাসকারীদের জন্য বরাদ্দ থাকবে।

এ ছাড়া সাতটি পানি শোধনাগার পুনর্বাসন এবং পানি সরবরাহের কার্যক্রম পর্যবেক্ষণে ৭৮টি পৃথক পরিমাপ এলাকা গড়ে তোলা হবে। এসব ব্যবস্থার মাধ্যমে পানি উৎপাদন ও বিতরণের হিসাব আরও নির্ভুলভাবে রাখা এবং সরবরাহ ব্যবস্থার দুর্বলতা শনাক্ত করা সম্ভব হবে।

এডিবির তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এসব শহরে সরবরাহ করা পানির ৫০ শতাংশের বেশি অপচয় হচ্ছে। প্রকল্পের মাধ্যমে ২০৩২ সালের মধ্যে এ হার ২০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পানি উৎপাদন, বিতরণ, গুণগত মান, গ্রাহকসেবা ও অবকাঠামো ব্যবস্থাপনায় ডিজিটাল পর্যবেক্ষণ এবং সম্পদ ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হবে। এতে পানি সরবরাহের বিভিন্ন পর্যায়ে তাৎক্ষণিক তথ্য পাওয়া এবং অপচয় কমানোর উদ্যোগ নেওয়া সহজ হবে।

পানি সরবরাহের পাশাপাশি নিম্ন আয়ের মানুষের স্যানিটেশন সুবিধা বাড়ানোর উদ্যোগও রয়েছে। প্রকল্পের আওতায় নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ১ হাজার ২০০টি পারিবারিক শৌচাগার নির্মাণ করা হবে। এ ছাড়া নারী, কিশোরী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের উপযোগী চারটি গণস্যানিটেশন সুবিধা তৈরি করা হবে। এসব গণস্যানিটেশন সুবিধা পরিচালনার দায়িত্বে থাকবেন স্থানীয় নারী বাসিন্দারা।

প্রকল্পের মাধ্যমে স্থানীয় পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কারিগরি, পরিচালন ও আর্থিক সক্ষমতা বাড়ানো হবে। একই সঙ্গে কুমিল্লা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠায় সহায়তা দেওয়া হবে।

প্রকল্পটি ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১৫ কোটি ডলারের ঋণের বাইরে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার, পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের সুশাসন এবং অবকাঠামোর টেকসই পরিচালনা ও রক্ষণাবেক্ষণে এডিবি আরও ১০ লাখ ডলারের কারিগরি সহায়তা দেবে। প্রকল্পে বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে ৪ কোটি ৬০ লাখ ডলার অর্থায়ন করবে।

প্রকল্পের আওতায় জনসম্পৃক্ততা বাড়ানোর কর্মসূচিও নেওয়া হবে। এর মাধ্যমে বাড়িতে পানির সংযোগ গ্রহণ, ভূগর্ভস্থ পানির দায়িত্বশীল ব্যবহার, পানির মিটার ও মূল্য পরিশোধে সচেতনতা এবং সবার জন্য নিরাপদ পানির সমান সুযোগ নিশ্চিত করার বিষয়ে কাজ করা হবে।

এডিবির তথ্য অনুযায়ী, ক্লাস্টার টাউনস প্রকল্পটি সংস্থাটির সহায়তায় নেওয়া সমন্বিত প্রবৃদ্ধি নেটওয়ার্ক উন্নয়ন উদ্যোগের অংশ। এর লক্ষ্য আঞ্চলিক শহরগুলোতে জনসেবা উন্নত করা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বাড়ানো এবং টেকসই আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করা।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংক এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও দুর্যোগসহিষ্ণু প্রবৃদ্ধিতে অর্থায়ন করে। সংস্থাটির সদস্য ৬৯টি দেশ, যার মধ্যে এ অঞ্চলের সদস্য ৫০টি।

এএইচ/এফএ