নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম
দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’। সাত দিনব্যাপী এ মেলায় সারাদেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশের মালিক নারী উদ্যোক্তা।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলা শুরু হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ২৮ নভেম্বর পর্যন্ত। শনিবার (২১ নভেম্বর) সকালে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী জানান, রোববার সকাল ৯টায় সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে আটটি শ্রেণিতে আটজন উদ্যোক্তাকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। পুরস্কারের শ্রেণিগুলো হলো বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশে কোনো ফি লাগবে না। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় বিদেশি বা আমদানিকৃত কোনো পণ্য প্রদর্শন কিংবা বিক্রি করা যাবে না। শতভাগ দেশীয় পণ্য নিয়েই সাজানো হচ্ছে এবারের আয়োজন।
মেলায় ফ্যাশন ডিজাইন খাতের সবচেয়ে বেশি ৯৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এ ছাড়া পাদুকা ও চামড়াজাত পণ্যের ৩৭টি, পাটজাত পণ্যের ৩৫টি, হস্তশিল্পের ৩৫টি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণের ৩০টি, হালকা প্রকৌশল শিল্পের ১৬টি, জুয়েলারি পণ্যের ১৩টি, হারবাল ও প্রসাধনীর ৯টি, তথ্যপ্রযুক্তি খাতের সাতটি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্যের তিনটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
এ ছাড়া সরকারের অগ্রাধিকার প্রকল্প ‘এক গ্রাম, এক পণ্য’, সারাদেশের এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের ৭৮টি প্রতিষ্ঠান, শিল্প মন্ত্রণালয়ের সাতটি দফতর-সংস্থা, সরকারি-বেসরকারি প্রায় সাড়ে ৩০০ প্রতিষ্ঠান এবং ২৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মেলায় যুক্ত হচ্ছে।
মেলায় উদ্যোক্তাদের জন্য থাকছে ব্যাংকঋণ পাওয়ার সুযোগ। অংশগ্রহণকারী উদ্যোক্তারা ব্যাংকারদের সঙ্গে সরাসরি আলোচনা করে এসএমই ঋণের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি ২৩ ও ২৪ নভেম্বর সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে সহজ অর্থায়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও পণ্য বাজারজাতকরণ নিয়ে তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে।
এসব আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান।
সংবাদ সম্মেলনে মন্ত্রী ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষার তথ্য তুলে ধরে বলেন, দেশে মোট ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা ১ কোটি ১৭ লাখ। এর প্রায় ৯৯ শতাংশই কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের। শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ, অর্থাৎ ৩ কোটি ৬ লাখ মানুষ এ খাতে কর্মরত। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।
তিনি আরও জানান, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রায় ২৫ লাখ উদ্যোক্তা উপকৃত হয়েছেন। তাদের মধ্যে ৬০ শতাংশই নারী।
এবারের মেলায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে সিটি ব্যাংক এবং সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক। সংবাদ সম্মেলনে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ও শিল্পসচিব আব্দুন নাসের খান উপস্থিত ছিলেন।
এমআর/এফএ