বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

কৃষি ঋণে নতুন লক্ষ্য, গুরুত্ব পাচ্ছে আধুনিক প্রযুক্তি ও প্রকৃত কৃষক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

শেয়ার করুন:

কৃষি ঋণে নতুন লক্ষ্য, গুরুত্ব পাচ্ছে আধুনিক প্রযুক্তি ও প্রকৃত কৃষক
ছবি: সংগৃহীত

কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পুরো সরবরাহব্যবস্থার উন্নয়ন এবং প্রকৃত কৃষকের ঋণপ্রাপ্তি সহজ করতে কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। 

নতুন নীতিমালায় প্রিসিশন এগ্রিকালচার, ক্লাইমেট স্মার্ট কৃষি, কৃষি ভ্যালু চেইন ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে ঋণ বিতরণ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।  একই সঙ্গে ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন কৃষক ও বর্গাচাষিদের হয়রানিমুক্ত ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে ব্যাংকের ঋণ কার্যক্রম সম্প্রসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ ২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা-সংক্রান্ত সার্কুলার জারি করে। এতে কৃষি খাতের অর্থায়নে নতুন অগ্রাধিকার নির্ধারণের পাশাপাশি ঋণ বিতরণের আওতা বাড়ানো হয়েছে। নতুন নীতিমালায় কৃষি ঋণের অর্থ বিতরণে ফসল, কৃষি যন্ত্রপাতি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ জন্য মোট কৃষি ঋণের লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ ফসল খাতে, ১৫ শতাংশ কৃষি যন্ত্রপাতি খাতে, ১০ শতাংশ মৎস্য খাতে এবং ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতে বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর বাইরে কৃষি উপকরণ, কৃষিপণ্য উৎপাদন ও কৃষিসংশ্লিষ্ট সেবা, কৃষি প্রযুক্তি, ডিজিটাল সেবা, প্রিসিশন ফার্মিং, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এবং কৃষি ভ্যালু চেইনের বিভিন্ন কার্যক্রমেও ঋণ বিতরণের সুযোগ রাখা হয়েছে।

নীতিমালার অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো কৃষি ভ্যালু চেইনভিত্তিক অর্থায়নের পরিধি বাড়ানো। এর আওতায় শুধু কৃষিপণ্য উৎপাদনকারীরাই নন, উৎপাদনের পর পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমিতিও ঋণ পাবেন। অর্থাৎ উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াকে কৃষি অর্থায়নের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া প্রিসিশন এগ্রিকালচার বা নির্ভুল কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জমির অবস্থা, পানির ব্যবহার, সার প্রয়োগ ও ফসল উৎপাদন ব্যবস্থাপনা আরও কার্যকর করার উদ্যোগে ঋণ বিতরণের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারেও ঋণ বাড়ানোর নির্দেশনা রয়েছে।

প্রকৃত কৃষকের কাছে ঋণ পৌঁছানোর বিষয়টিও নতুন নীতিমালায় বিশেষ গুরুত্ব পেয়েছে। ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন কৃষক ও বর্গাচাষিরা যাতে সহজ প্রক্রিয়ায়, সময়মতো এবং হয়রানিমুক্তভাবে ঋণ পান, সে জন্য ইউনিয়ন পর্যায়ে কৃষি ঋণসংক্রান্ত তথ্য প্রচার ও বিতরণ কার্যক্রম পরিচালনা করতে হবে।

প্রয়োজনে স্থানীয় হাটের দিনে ব্যাংকের শাখা কর্মকর্তাদের ক্যাম্প করার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ক্যাম্প থেকে কৃষকদের ঋণসংক্রান্ত তথ্য জানানো, আবেদন গ্রহণ এবং ঋণ বিতরণের ব্যবস্থা করতে হবে। এর মাধ্যমে ব্যাংকের শাখায় যাতায়াতের জটিলতা কমিয়ে প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছে ঋণসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কৃষিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়েও নতুন নীতিমালায় নির্দেশনা রয়েছে। সোলার পাম্প স্থাপনের মাধ্যমে সৌরবিদ্যুৎনির্ভর সেচব্যবস্থা গড়ে তুলতে বিতরণ করা কৃষি ঋণ হিসেবে গণ্য হবে। এতে কৃষিতে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি সেচব্যবস্থায় পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়বে বলে আশা করা হচ্ছে।

একই সঙ্গে পরিবেশবান্ধব জৈব সার ব্যবহার করে ফসল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে জৈব সার উৎপাদন ও বিতরণ খাতেও ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এর মাধ্যমে কৃষিতে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার এবং টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নীতিমালায় কৃষি মূল্য শৃঙ্খল বা অ্যাগ্রিকালচারাল ভ্যালু চেইন, প্রিসিশন এগ্রিকালচার এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বিষয়ে তিনটি নতুন অনুচ্ছেদ সংযোজন করা হয়েছে। এসব অনুচ্ছেদের মাধ্যমে কৃষি খাতে আধুনিক প্রযুক্তি, উৎপাদন দক্ষতা এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর উদ্যোগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে।

এদিকে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় ব্যাংকগুলোকে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করতে হবে। পরবর্তী অর্থবছরের জুলাই মাসের মধ্যে এসব প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, কৃষি ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম তদারকি, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই ২০২৬-২৭ অর্থবছরের নীতিমালায় এসব পরিবর্তন আনা হয়েছে।

টিএই/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর