আব্দুল হাকিম
১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার টানা প্রায় চার মেয়াদ ক্ষমতায় থাকাকালে অর্থনীতির প্রবৃদ্ধির যে চিত্র বিভিন্ন সময় তুলে ধরেছে, তার নির্ভরযোগ্যতা নিয়েই এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। উৎপাদনশিল্পের বিভিন্ন উপখাতের তথ্য পর্যালোচনায় উঠে এসেছে, কোথাও একটি প্রতিষ্ঠানের উৎপাদনকে পুরো শিল্পের উৎপাদন হিসেবে দেখানো হয়েছে, কোথাও আবার বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ প্রবৃদ্ধির অস্বাভাবিক উল্লম্ফন ঘটেছে।
বিশেষজ্ঞ কমিটির অনুসন্ধানে এমন সাতটি খাতের উপাত্তে বিকৃতির প্রমাণ মিলেছে, যার ফলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ও প্রবৃদ্ধি প্রকৃত হিসাবের চেয়ে বেশি দেখানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানোর পরিমাণ ১ দশমিক ১৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত। অর্থনীতির প্রকৃত চিত্র আড়াল করে রাজনৈতিক স্বার্থে ও উন্নয়নের সাফল্যের বয়ান প্রতিষ্ঠায় এসব পরিসংখ্যান ব্যবহারের অভিযোগও সামনে এসেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘পিয়ার রিভিউ অব ফরেনসিক অডিট রিপোর্ট অন জিডিপি এস্টিমেটস’ বিশেষজ্ঞ কমিটির খসড়া প্রতিবেদন অনুযায়ী, ২০১০-১১ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত দুই মেয়াদের জিডিপি প্রবৃদ্ধির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ২০১০-১১ থেকে ২০১৩-১৪ অর্থবছরে দেশের গড় জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ২৭ শতাংশ। পরবর্তী ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৩৯ শতাংশে। দুই মেয়াদের গড় প্রবৃদ্ধির ব্যবধান প্রায় ১ দশমিক ১২ শতাংশীয় পয়েন্ট। কোভিড মহামারির প্রভাব বিবেচনায় ২০১৯-২০ অর্থবছরকে এ তুলনামূলক বিশ্লেষণের বাইরে রাখা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে জিডিপি প্রবৃদ্ধির বৃদ্ধির প্রায় ৪১ শতাংশ এসেছে উৎপাদনশিল্প থেকে। এ খাতের অবদান ০ দশমিক ৪৬২৭ শতাংশীয় পয়েন্ট। প্রথম মেয়াদে উৎপাদনশিল্পের গড় প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৭৬ শতাংশ। দ্বিতীয় মেয়াদে তা বেড়ে দাঁড়ায় ১২ দশমিক ১১ শতাংশে।
উৎপাদনশিল্পের প্রবৃদ্ধি বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান ছিল মাঝারি ও বৃহৎ শিল্পের। প্রতিবেদন অনুযায়ী, এ শ্রেণির শিল্পের অবদান ছিল প্রায় ৭৯ শতাংশ বা ০ দশমিক ৩৬৬৬ শতাংশীয় পয়েন্ট। একই সময়ে জিডিপিতে মাঝারি ও বৃহৎ শিল্পের অংশ ১৫ দশমিক ১৬ শতাংশ থেকে বেড়ে ১৮ দশমিক ২৫ শতাংশে উন্নীত হয়। অন্যদিকে ক্ষুদ্র শিল্পের প্রবৃদ্ধি ৬ দশমিক ৮৫ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৫২ শতাংশ হলেও সামগ্রিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে তাদের অবদান ছিল তুলনামূলক কম।
দেশের উৎপাদনশিল্পের প্রবৃদ্ধি বাড়লেও তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি কমেছে। শিল্প উৎপাদনের কোয়ান্টাম ইনডেক্স অব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে (কিউআইআইপি) তৈরি পোশাক খাতের ওজন ৩৪ দশমিক ৮৪ শতাংশ। অথচ এ খাতের গড় প্রবৃদ্ধি প্রথম মেয়াদের ১৩ দশমিক ৫৫ শতাংশ থেকে দ্বিতীয় মেয়াদে কমে ৮ দশমিক ৬৯ শতাংশে নেমে আসে। বিপরীতে উৎপাদনশিল্পের ২২টি উপখাতের মধ্যে ১৬টিতে প্রবৃদ্ধি বেড়েছে।
এর মধ্যে সিমেন্ট ও ইট উৎপাদনসংশ্লিষ্ট অন্যান্য অধাতব খনিজ খাতের প্রবৃদ্ধি ২ দশমিক ৩২ শতাংশ থেকে বেড়ে ২৫ দশমিক ৬৭ শতাংশে পৌঁছায়। টেক্সটাইল খাতের প্রবৃদ্ধিও প্রায় শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ১৪ শতাংশ দেখানো হয়।
এ ছাড়া পরিবহন সরঞ্জাম, যন্ত্রপাতি ও ইলেকট্রনিকস খাতের প্রবৃদ্ধির পরিবর্তন ছিল যথাক্রমে ৩৮ দশমিক ৯, ৩০ ও ২৮ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট। উৎপাদনশিল্পের এসব উপখাতে এত বড় পরিবর্তনের পেছনে প্রকৃত উৎপাদন বৃদ্ধি কতটা ভূমিকা রেখেছে, আর তথ্য সংগ্রহ ও হিসাব পদ্ধতির দুর্বলতা কতটা প্রভাব ফেলেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞ কমিটি।
শিল্প উৎপাদনের তথ্য সংগ্রহ ও সংকলন প্রক্রিয়ায় একাধিক দুর্বলতা চিহ্নিত করেছে বিশেষজ্ঞ কমিটি। কিছু ক্ষেত্রে একটি বা সীমিতসংখ্যক প্রতিষ্ঠানের উৎপাদনসংক্রান্ত তথ্যের ওপর নির্ভর করে পুরো শিল্প খাতের প্রবৃদ্ধি হিসাব করার প্রবণতা দেখা গেছে। এতে একটি প্রতিষ্ঠানের উৎপাদন বাড়া বা কমার প্রভাব পুরো উপখাতের হিসাবে পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
পেট্রোলিয়াম পরিশোধন খাতের হিসাব এ ক্ষেত্রে উল্লেখযোগ্য উদাহরণ। এ খাতে ২০১৫-১৬ অর্থবছরে ৮৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি দেখানোর পর পরবর্তী অর্থবছরে তা ঋণাত্মক ৫০ দশমিক ৩ শতাংশ দেখানো হয়। কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, এ হিসাবের ক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারির তথ্যের ওপর নির্ভরতা ছিল।
আরও পড়ুন
হাওয়া নেই এডিপির পালে!
একটি প্রতিষ্ঠানের উৎপাদন বাড়লে পুরো শিল্প খাতের প্রবৃদ্ধি বেড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে জাতীয় পর্যায়ের উৎপাদন চিত্র সঠিকভাবে প্রতিফলিত হয় না। একইভাবে কোনো প্রতিষ্ঠানের উৎপাদন কমে গেলে পুরো খাতের প্রবৃদ্ধিতে বড় পতন দেখা দিতে পারে। ফলে শিল্প খাতের সামগ্রিক অবস্থার সঙ্গে পরিসংখ্যানের ব্যবধান তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
জাহাজ নির্মাণ খাতেও অস্বাভাবিক প্রবৃদ্ধির তথ্য পাওয়া গেছে। ২০১৪-১৫ অর্থবছরে এ খাতের প্রবৃদ্ধি ২৪২ দশমিক ৪ শতাংশ এবং পরের অর্থবছরে ৯৭ দশমিক ৬ শতাংশ দেখানো হয়। কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, একটি বড় সামরিক বা রফতানি আদেশের প্রভাব পুরো শিল্প খাতের উৎপাদন বৃদ্ধির হিসাবে প্রতিফলিত হলে প্রকৃত চিত্র বিকৃত হওয়ার আশঙ্কা থাকে।
অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের বড় ধরনের কার্যাদেশ বা উৎপাদন বৃদ্ধিকে পুরো শিল্পের সাধারণ প্রবণতা হিসেবে বিবেচনা করা হলে সেই হিসাব দেশের সামগ্রিক শিল্প উৎপাদনের বাস্তব অবস্থা তুলে ধরতে পারে না। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানভিত্তিক তথ্যের পাশাপাশি পুরো খাতের উৎপাদন পরিস্থিতি যাচাই করা জরুরি
উৎপাদনশিল্পের আরেকটি গুরুত্বপূর্ণ উপখাত সিমেন্ট। দেশের অবকাঠামো নির্মাণ, আবাসন ও উন্নয়ন প্রকল্পের সঙ্গে এ শিল্পের উৎপাদন সরাসরি সম্পর্কিত। তবে এ খাতের প্রবৃদ্ধি হিসাবেও ত্রুটির ঝুঁকি চিহ্নিত করেছে বিশেষজ্ঞ কমিটি।
প্রতিবেদনে বলা হয়েছে, সিমেন্ট উৎপাদনের হিসাব তৈরির ক্ষেত্রে ক্লিংকার আমদানির পরিমাণ, প্রকৃত মূল্য সংযোজন এবং মজুত পণ্যের সমন্বয় যথাযথভাবে বিবেচনা না করা হলে প্রবৃদ্ধি অতিরঞ্জিত হওয়ার সুযোগ থাকে। অল্প কয়েকটি প্রতিষ্ঠানের প্রশাসনিক তথ্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাও এ ক্ষেত্রে ঝুঁকি তৈরি করে।
সিমেন্ট উৎপাদনের জন্য আমদানি করা ক্লিংকার একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল। এ কাঁচামাল আমদানি, ব্যবহার, উৎপাদন ও মজুতের মধ্যে যথাযথ সমন্বয় না থাকলে উৎপাদনের প্রকৃত মূল্য সংযোজন নির্ধারণে ভুল হতে পারে। এতে উৎপাদনশিল্পের সামগ্রিক প্রবৃদ্ধির হিসাবেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
জাতীয় হিসাব প্রণয়নের ক্ষেত্রে তথ্যের উৎস কতটা নির্ভরযোগ্য, তা প্রবৃদ্ধির সঠিকতা নির্ধারণে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞ কমিটির পর্যবেক্ষণে উঠে এসেছে, বিবিএসের নিজস্ব মাঠপর্যায়ের জরিপের তুলনায় প্রশাসনিক ও অন্যান্য উৎস থেকে সংগৃহীত উপাত্তে বিকৃতির সুযোগ বেশি ছিল।
প্রশাসনিক উপাত্ত সাধারণত বিভিন্ন সরকারি দফতর, প্রতিষ্ঠান ও সংস্থার কাছ থেকে সংগ্রহ করা হয়। এসব তথ্যের ভিত্তিতে উৎপাদন, আয় ও মূল্য সংযোজনের হিসাব তৈরি করা হলে উৎসের নির্ভরযোগ্যতা এবং তথ্য যাচাইয়ের পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কোনো উৎসের তথ্য ভুল বা অসম্পূর্ণ হলে তার প্রভাব জাতীয় হিসাবেও পড়তে পারে।
বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনায় সাতটি খাতের তথ্যে বিকৃতির বিষয়টি উঠে এসেছে।
১. শিল্প উৎপাদন সূচকের নমুনা ছোট। কোথাও বড় শিল্পের উৎপাদন নিরূপণে মাত্র দুটি প্রতিষ্ঠানের তথ্য ধরা হয়েছে।
২. এনবিআরের করতথ্য যাচাইয়ের পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা নেই।
৩. ইপিবির তথ্যে ওভার-ইনভয়েসিংয়ের প্রভাব আছে।
৪. সরকারি ও একচেটিয়া প্রতিষ্ঠানের প্রশাসনিক তথ্য যাচাই ছাড়াই ব্যবহার হয়েছে।
৫. নির্মাণ খাতে এক জায়গার পরিবর্তন সামগ্রিক হিসাবে প্রভাব ফেলেছে।
৬. ক্ষুদ্র ও কুটির শিল্পে সরাসরি তথ্যের বদলে যান্ত্রিক প্রাক্কলন ব্যবহার হয়েছে।
৭. আগের প্রবণতা ধরে পরের হিসাব করায় বাড়িয়ে দেখানোর ধারা চলতে থেকেছে।
যেসব খাতে নির্ভরযোগ্য প্রাথমিক তথ্যের ঘাটতি ছিল এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সরাসরি জরিপের পরিবর্তে প্রশাসনিক বা দ্বিতীয় পর্যায়ের তথ্য ব্যবহার করা হয়েছে, সেসব খাতেই সবচেয়ে বেশি অসংগতি পাওয়া গেছে। বিশেষজ্ঞদের পর্যালোচনায় দেখা গেছে, তথ্যের উৎস ও যাচাইয়ের দুর্বলতা জাতীয় হিসাবের নির্ভুলতাকে প্রশ্নের মুখে ফেলেছে।
নিরীক্ষা মূল্যায়নে হিসাবের আরেকটি সূক্ষ্ম দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। সিমেন্ট ও ওষুধের মতো কয়েকটি খাতে পণ্যের দাম বাড়ায় উৎপাদনের আর্থিক মূল্য বেড়েছে। কিন্তু পণ্যের মূল্যবৃদ্ধি ও প্রকৃত উৎপাদন বৃদ্ধির মধ্যে যথাযথ পার্থক্য না করায় জিডিপির হিসাবে অতিরিক্ত প্রবৃদ্ধি যুক্ত হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব প্রবৃদ্ধিও বিভিন্ন অর্থবছরে বেশি দেখানো হয়েছিল। ২০১৪-১৫ অর্থবছরে রাজস্ব প্রবৃদ্ধি ২০ শতাংশ এবং ২০১৬-১৭ অর্থবছরে ২৩ শতাংশ দেখানো হয়। পরবর্তী সময়ে এ প্রবৃদ্ধির হার ধীরে ধীরে কমে আসে। রফতানি আয়ের হিসাবেও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), কাস্টমস ও বাংলাদেশ ব্যাংকের উপাত্তের মধ্যে অমিল পাওয়া গেছে।
তৈরি পোশাকশিল্পের তথ্যে এ ধরনের অসংগতি পাওয়া যায়নি। এ খাতে তথ্যের স্বচ্ছতা তুলনামূলক বেশি থাকায় উপাত্ত বিকৃতির সুযোগ কম ছিল বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। ফলে পোশাকবহির্ভূত কয়েকটি শিল্প উপখাতের অস্বাভাবিক প্রবৃদ্ধি সামগ্রিক উৎপাদনশিল্পের প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে। অর্থাৎ যেসব খাতের তথ্য সহজে যাচাই করা সম্ভব ছিল, সেখানে বড় ধরনের অসংগতি পাওয়া যায়নি। বরং তথ্য যাচাইয়ের সুযোগ সীমিত ছিল, এমন খাতেই গরমিল বেশি দেখা গেছে।
জাতীয় হিসাবের নির্ভরযোগ্যতা ফিরিয়ে আনতে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ১০টি সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে তথ্য সংগ্রহে মানসম্মত ছক প্রণয়ন, যাতে তথ্যের উৎস ও পরবর্তী পরিবর্তনের বিবরণ সংরক্ষিত থাকে। দ্বিতীয় পর্যায়ের উপাত্ত ব্যবহারের ক্ষেত্রে বাধ্যতামূলক কারিগরি যাচাইয়ের ব্যবস্থাও রাখার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া উৎপাদনশিল্পের জরিপ নিয়মিত হালনাগাদ, ২০০৫ সালের পুরোনো ভিত্তি বছর পরিবর্তন এবং জিডিপি যাচাইয়ে আয় পদ্ধতি ব্যবহারের সম্ভাবনা পর্যালোচনার কথা বলা হয়েছে। একই সঙ্গে বিবিএসের প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন ও পেশাদার নেতৃত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ও জাতীয় আয় হিসাবের নির্ভরযোগ্যতা নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও গবেষকেরা আগেও প্রশ্ন তুলেছেন। ২০২২ সালে বিশ্বব্যাংকের একটি বিশ্লেষণে স্যাটেলাইট থেকে পাওয়া রাতের আলোর তথ্য ব্যবহার করে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রবৃদ্ধি পর্যালোচনা করা হয়। এতে সরকারি জিডিপি প্রবৃদ্ধির হিসাবের সঙ্গে বিকল্প সূচকের উল্লেখযোগ্য ব্যবধানের বিষয়টি উঠে আসে।
২০২৪ সালের হোয়াইট পেপার কমিটির পর্যালোচনাতেও ২০১২-১৩ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধির ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে প্রশ্ন তোলা হয়। কর আদায়, বেসরকারি বিনিয়োগ ও ব্যাংকঋণের তথ্যের সঙ্গে ঘোষিত জিডিপি প্রবৃদ্ধির অসংগতির বিষয়টি সেখানে উল্লেখ করা হয়।
একই বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মূল্যায়নে বাংলাদেশের জাতীয় হিসাব সংকলন কাঠামোকে ‘সি’ গ্রেড দেওয়া হয়। জাতীয় হিসাব প্রকাশে দীর্ঘ বিলম্বকেও কাঠামোগত দুর্বলতা হিসেবে চিহ্নিত করা হয়।
২০২৫ সালের বিশেষজ্ঞ টাস্কফোর্সের পর্যালোচনায় জাতীয় হিসাব প্রণয়নে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার অভাব এবং মন্ত্রণালয়কেন্দ্রিক প্রাক্কলন ব্যবস্থার কারণে রাজনৈতিক প্রভাব বিস্তারের ঝুঁকির বিষয়টিও উঠে আসে। ফলে এবারের পর্যালোচনা শুধু কয়েকটি খাতের প্রবৃদ্ধির হিসাবের অসংগতিই নয়, জাতীয় পর্যায়ে অর্থনৈতিক পরিসংখ্যান তৈরির পুরো প্রক্রিয়ার দুর্বলতাকেও সামনে এনেছে।
বিশেষজ্ঞ কমিটির মতে, জিডিপি প্রবৃদ্ধি ও জাতীয় আয়ের পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে জাতীয় হিসাব প্রণয়ন ও প্রকাশের পুরো প্রক্রিয়ায় সংস্কার প্রয়োজন। এ জন্য তথ্য সংগ্রহ, যাচাই, সংকলন ও প্রকাশের ক্ষেত্রে বিবিএসের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং স্বাধীনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জাতীয় হিসাব প্রণয়নে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা, শিল্প খাতের তথ্য সংগ্রহে নির্ভরযোগ্য উৎস ব্যবহার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা জরুরি বলে মনে করছে কমিটি। একই সঙ্গে জিডিপি হিসাবের পদ্ধতি, উপাত্তের উৎস ও সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।
সরকারের পক্ষ থেকেও পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নে কয়েকটি উদ্যোগের কথা জানানো হয়েছে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে কম্পিউটারভিত্তিক ব্যক্তিগত সাক্ষাৎকার (সিএপিআই) এবং ভৌগোলিক অবস্থান শনাক্তকরণ প্রযুক্তি (জিও-কোডিং) ব্যবহারের পরিকল্পনা রয়েছে। রপ্তানি হিসাবের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তথ্যকে প্রামাণ্য হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি শিল্পের প্রকৃত উৎপাদন যাচাইয়ে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারের মতো স্বাধীন সূচক কাজে লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে এবং তথাকথিত উন্নয়নের বয়ান প্রতিষ্ঠায় অতীতে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যান বাড়িয়ে দেখানো হয়েছে। বিশেষজ্ঞদের পর্যালোচনায় ২০১৪-১৫ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের তুলনায় ০ দশমিক ৮ থেকে ১ দশমিক ১৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানোর বিষয়টি উঠে এসেছে।
অর্থ উপদেষ্টা বলেন, বিবিএসের নিজস্ব মাঠপর্যায়ের জরিপের তুলনায় প্রশাসনিক ও অন্যান্য উৎস থেকে সংগৃহীত উপাত্তে বিকৃতির সুযোগ বেশি ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে সাতটি খাতের তথ্যে মনগড়া উপাত্ত যুক্ত করে জিডিপির আকার ও প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে।
তিতুমীর আরও বলেন, তৈরি পোশাক খাতে তথ্যের স্বচ্ছতা তুলনামূলক বেশি থাকায় সেখানে এ ধরনের বিকৃতির সুযোগ কম ছিল। তবে পেট্রোলিয়াম পরিশোধন, জাহাজ নির্মাণ ও সিমেন্টের মতো কয়েকটি খাতে অস্বাভাবিক উৎপাদন ও মূল্য সংযোজন দেখিয়ে সামগ্রিক শিল্প খাতের প্রবৃদ্ধি বাড়িয়ে উপস্থাপন করা হয়েছে।
জিডিপিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরোধিতা করে তিতুমীর বলেন, অর্থনীতির প্রকৃত অবস্থার প্রতিফলন হওয়াই জিডিপির মূল উদ্দেশ্য। রাষ্ট্রের পরিসংখ্যান জনগণের, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের নয়। জিডিপির ক্ষেত্রে সংখ্যার চেয়ে এর সত্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক বলেন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার নির্দেশে গত মার্চে এ কমিটি গঠন করা হয়। রাজনৈতিক স্বার্থে ও তথাকথিত উন্নয়নের বয়ান প্রতিষ্ঠায় অতীতে দেশের জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যান বাড়িয়ে দেখানো হয়েছে।
এই গবেষক বলেন, বিশেষজ্ঞ কমিটির এ পর্যালোচনা বা নিরীক্ষায় কোনো ধরনের প্রশাসনিক কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি। বিআইডিএসের গবেষক ও স্বাধীন বিশেষজ্ঞরা বৈজ্ঞানিক ও পেশাদার পদ্ধতিতে, পিয়ার রিভিউয়ের মাধ্যমে পর্যালোচনার কাজ সম্পন্ন করেছেন।
এএইচ/জেবি