মহিউদ্দিন রাব্বানি
১৪ নভেম্বর ২০২৬, ১২:২৭ পিএম
- ৫৩ মাস ধরে মূল্যস্ফীতির চেয়ে কম মজুরি বৃদ্ধি
- আয় না বাড়লেও বাড়ছে সংসারের ব্যয়, কমছে সঞ্চয়
- কর্মসংস্থান সংকটে দারিদ্র্যের ঝুঁকিতে কোটি মানুষ
- কৃষি ছেড়ে অটোরিকশা ও নির্মাণকাজে ঝুঁকছেন শ্রমজীবীরা
- খাদ্যতালিকায় কাটছাঁট, কমছে পুষ্টি ও চিকিৎসার ব্যয়
- শুধু মুদ্রানীতি নয়, প্রয়োজন সমন্বিত অর্থনৈতিক উদ্যোগ
- ক্রয়ক্ষমতা ফেরাতে চাই প্রকৃত মজুরি ও কর্মসংস্থান বৃদ্ধি
উচ্চ মূল্যস্ফীতি, মজুরি বৃদ্ধির ধীরগতি এবং কর্মসংস্থানের সংকট—এই তিন চাপে ক্রমেই কমছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা। নিত্যপণ্য থেকে শুরু করে বাড়িভাড়া, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত, প্রায় প্রতিটি খাতেই বাড়ছে ব্যয়ের বোঝা। অথচ সেই অনুপাতে বাড়ছে না মানুষের আয়। কারও আয় বাড়লেও মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারছে না, আবার অনেকের কর্মসংস্থান নেই কিংবা কাজের ধরন ও আয় আগের চেয়ে অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে সীমিত আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলোও সংসারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে। প্রয়োজনীয় ব্যয় কমানো, সঞ্চয় ভাঙা, ধারদেনা করা কিংবা খাবার ও চিকিৎসার মতো মৌলিক খরচে কাটছাঁট করতে হচ্ছে অনেককে। অর্থনীতিবিদদের মতে, শুধু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নয়, একই সঙ্গে মানুষের প্রকৃত আয় বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিদ্যমান কাজের মান উন্নত করতে না পারলে এই সংকট থেকে উত্তরণ কঠিন হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যেও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার চিত্র স্পষ্ট। সংস্থাটির হিসাবে, ২০২২ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত টানা ৫৩ মাস কোনো মাসেই মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতিকে ছাড়িয়ে যেতে পারেনি। সর্বশেষ জুনে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ, বিপরীতে মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ১৮ শতাংশ। অর্থাৎ আয় কিছুটা বাড়লেও পণ্য ও সেবার দাম বাড়ার তুলনায় তা কম। ফলে কাগজে-কলমে আয় বাড়ার পরও বাস্তবে মানুষের কেনাকাটার সামর্থ্য কমছে।
৪ বছর ধরে কমছে প্রকৃত আয়
বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ এবং জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৯২ শতাংশ। এরপর থেকে আর কোনো মাসে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতিকে ছাড়িয়ে যেতে পারেনি। অর্থাৎ টানা ৫৩ মাস ধরে মূল্যস্ফীতির চাপে মানুষের প্রকৃত আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিবিএস দেশের ৬৪ জেলা থেকে ৬৩ ধরনের মজুরিসংক্রান্ত তথ্য সংগ্রহ করে এই হার নির্ধারণ করে। কৃষি, মৎস্য, পশুপালন, নির্মাণ, কলকারখানা ও পরিবহনসহ বিভিন্ন খাতের শ্রমিকদের মজুরি এবং বেতনের পরিবর্তন এতে বিবেচনায় নেওয়া হয়।
এই সংকটের বড় একটি প্রভাব পড়ছে অনানুষ্ঠানিক খাতে কর্মরত মানুষের ওপর। বিবিএসের হিসাবে, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রায় ৮৬ শতাংশ অনানুষ্ঠানিক খাতনির্ভর। এ খাতে কাজ করেন পাঁচ কোটির বেশি নারী-পুরুষ। তাদের বড় অংশের আয় নির্দিষ্ট নয়, নিয়মিত বেতন বৃদ্ধি বা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি সমন্বয়ের নিশ্চয়তাও নেই। ফলে বাজারে দাম বাড়লে তাদের ক্রয়ক্ষমতা দ্রুত কমে যায়।
মূল্যস্ফীতি কমার অর্থও বাজারে পণ্যের দাম কমে যাওয়া নয়। বরং আগের তুলনায় দাম বাড়ার গতি কিছুটা কমেছে। ফলে চাল, ডাল, মাছ, মাংস, সবজি কিংবা ওষুধের দাম আগের উচ্চ অবস্থানেই রয়ে গেছে। এর সঙ্গে বাড়িভাড়া, বিদ্যুৎ, গ্যাস, শিক্ষা ও চিকিৎসার খরচ যোগ হওয়ায় সংসারের ব্যয় আরও বেড়েছে। কয়েক বছর আগেও যে পরিবার মাস শেষে কিছু টাকা সঞ্চয় করতে পারত, এখন তাদের অনেককেই ধারদেনা করে মাস পার করতে হচ্ছে।
রাজধানীর একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন সাব্বির আহমেদ। দুই বছর তার বেতন বাড়েনি। এরপর ২০২৬ সালে পাঁচ হাজার টাকা বেড়ে বেতন হয়েছে ৪৫ হাজার টাকা। কিন্তু এই আয়েও সংসার চালাতে পারছেন না তিনি। তার ভাষ্য, গত তিন বছরে তিনবার বাড়িভাড়া বেড়েছে। নিত্যপণ্যের দামও বেড়েছে। আগে মাসে চার-পাঁচ হাজার টাকা সঞ্চয় করতে পারলেও এখন মাসের শেষ দিকে টানাটানি পড়ে। কোনো কোনো মাসে ধারদেনা করেও সংসার চালাতে হয়।
সাব্বিরের অভিজ্ঞতা এখন অনেক সীমিত আয়ের ও মধ্যবিত্ত পরিবারের বাস্তবতা। আয় ও ব্যয়ের ব্যবধান বাড়তে থাকায় মানুষ বিনোদন, পর্যটন, পোশাক কেনাকাটা কিংবা অন্যান্য অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিচ্ছে। এর প্রভাব পড়ছে সামগ্রিক ব্যবসা-বাণিজ্যেও।
দারিদ্র্যের ঝুঁকিতে বিপুল জনগোষ্ঠী
আয়ের সংকটের পাশাপাশি কর্মসংস্থানের অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য সম্প্রতি বলেছেন, দেশে এখনও প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। তাদের মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে। অন্যদিকে দারিদ্র্যসীমার ওপরে উঠে আসা প্রায় দুই কোটি মানুষ সামান্য আয় কমে গেলেও আবার দারিদ্র্যের মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে প্রতি চারজন তরুণের একজন বেকার। শিক্ষিত তরুণদের ক্ষেত্রে প্রতি তিনজনের একজনের কর্মসংস্থান নেই। মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছরে পৌঁছানো বড় অর্জন হলেও শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার মতো মৌলিক সুবিধা এখনও সবার কাছে সমানভাবে পৌঁছায়নি।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মী, প্রতিবন্ধী ব্যক্তি, উত্তরবঙ্গের খরাপ্রবণ এলাকার মানুষ এবং উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। দুর্নীতি, স্বজনপ্রীতি ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে এসব জনগোষ্ঠী উন্নয়নের সুফল থেকেও বঞ্চিত হচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, কর্মসংস্থানের অভাব শুধু বেকার মানুষের আয় কমিয়ে দিচ্ছে না, বিদ্যমান শ্রমবাজারেও এর প্রভাব পড়ছে। কৃষিতে শ্রমিকের সংকট দেখা গেলেও অনেক মানুষ কৃষিকাজ ছেড়ে অটোরিকশা চালানো কিংবা নির্মাণ খাতের মতো কাজে যুক্ত হচ্ছেন। কারণ এসব কাজে তুলনামূলক দ্রুত আয় করার সুযোগ রয়েছে। কিন্তু এ ধরনের কাজের অনেক ক্ষেত্রেই স্থায়ী আয়, সামাজিক সুরক্ষা কিংবা ভবিষ্যৎ নিরাপত্তা নেই। ফলে কর্মসংস্থান থাকলেও তার মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বিত নীতির প্রয়োজন
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ, সুদের হার বৃদ্ধি কিংবা কিছু নিত্যপণ্যে শুল্ক কমানোর মতো পদক্ষেপ নেওয়া হলেও সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরেনি। গত কয়েক বছরে ডলারের দাম বৃদ্ধি, আমদানি ব্যয় বেড়ে যাওয়া এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিও বাজারে পণ্য ও সেবার দাম বাড়িয়েছে। ২০২২ সালের আগস্টে জ্বালানি তেলের দাম ৪০ শতাংশের বেশি বাড়ানোর পর মূল্যস্ফীতি দ্রুত বেড়ে যায়। পরবর্তী সময়ে তা নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও উচ্চ মূল্যস্ফীতির চাপ এখনও রয়ে গেছে।
অর্থনীতিবিদদের মতে, শুধু সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আবার উৎপাদনশীলতা না বাড়িয়ে ব্যাপক হারে মজুরি বাড়ানো হলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়ে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে। তাই মুদ্রানীতি, রাজস্বনীতি, উৎপাদননীতি ও শ্রমবাজারের নীতির মধ্যে সমন্বয় প্রয়োজন।
অর্থনীতিবিদররা বলছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে বাজারে নিত্যপণ্যের পাশাপাশি বাড়িভাড়া ও পরিবহন ব্যয়ও বাড়ার আশঙ্কা থাকে। এতে সরকারি চাকরির বাইরে থাকা সীমিত আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হন। তাই বেসরকারি খাতের মজুরি ও বেতন বৃদ্ধির বিষয়েও সরকারের কার্যকর উদ্যোগ থাকা প্রয়োজন। পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখা এবং প্রকৃত সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে হবে। বাজার সিন্ডিকেট ও সার্বিক বাজার ব্যবস্থাপনায় নজরদারিও বাড়াতে হবে।
সংকট উত্তরণে প্রয়োজন মানুষের আয় ও কাজের নিশ্চয়তা
বিশেষজ্ঞদের মতে, বর্তমান সংকটকে কেবল বাজারে পণ্যের দাম বাড়ার সমস্যা হিসেবে দেখলে চলবে না। কারণ উচ্চ মূল্যস্ফীতি মানুষের ক্রয়ক্ষমতা কমাচ্ছে, মজুরি বৃদ্ধির ধীরগতি সেই চাপ আরও বাড়াচ্ছে, আর কর্মসংস্থানের সংকট মানুষের আয় অর্জনের সুযোগ সীমিত করছে। এই তিনটি বিষয় পরস্পরের সঙ্গে সম্পর্কিত। একদিকে মানুষের আয় না বাড়লে বাজারে চাহিদা কমবে, অন্যদিকে উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য সংকুচিত হলে নতুন কর্মসংস্থান তৈরির সুযোগও কমে যাবে।
তাই সাময়িক বাজার তদারকির পাশাপাশি উৎপাদনশীল বিনিয়োগ, শ্রমিকের ন্যায্য মজুরি, তরুণদের কর্মসংস্থান, লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা এবং সরকারি ব্যয়ের দক্ষ ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আয়-ব্যয়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতি গ্রহণ জরুরি।
অর্থনীতিবিদদের অভিমত, মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরানোর প্রকৃত মাপকাঠি শুধু মূল্যস্ফীতির হার কমানো নয়, বরং মানুষের আয় দিয়ে প্রয়োজনীয় পণ্য ও সেবা কেনার সামর্থ্য ফিরিয়ে আনা। কর্মসংস্থানের নিশ্চয়তা ও প্রকৃত মজুরি বৃদ্ধি ছাড়া সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়।
অর্থনৈতিক বিশ্লেষক ও চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো এম. হেলাল আহম্মেদ জনি ঢাকা মেইলকে বলেন, বর্তমান পরিস্থিতিতে নীতিনির্ধারকদের একসঙ্গে তিনটি বিষয়ে গুরুত্ব দিতে হবে। প্রথমত, পণ্য ও সেবার মূল্য স্থিতিশীল রাখতে হবে। দ্বিতীয়ত, মানুষের প্রকৃত আয় ও মজুরি বাড়াতে হবে। তৃতীয়ত, নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিদ্যমান কর্মসংস্থানের মান উন্নত করতে হবে।
তিনি বলেন, শুধু সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে চলবে না। কারণ, এ ধরনের নীতির অতিরিক্ত প্রয়োগে বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আবার উৎপাদনশীলতা না বাড়িয়ে ব্যাপক হারে মজুরি বৃদ্ধি করলেও উৎপাদন ব্যয় বাড়বে, যা মূল্যস্ফীতির ওপর নতুন করে চাপ তৈরি করতে পারে। এ কারণে মুদ্রানীতি, রাজস্বনীতি, উৎপাদননীতি ও শ্রমবাজারের নীতির মধ্যে সমন্বয় থাকা জরুরি।
হেলাল আহম্মেদ জনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা, আর্থিক খাতের সংস্কার এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দিতে হবে। তবে বর্তমান সংকটে শুধু মজুরি কম হওয়াই সমস্যা নয়, মানুষের কর্মসংস্থানের অভাবও বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। নিম্ন আয়ের অনেক মানুষ কৃষিকাজ ছেড়ে অটোরিকশা চালানো কিংবা নির্মাণ খাতে যুক্ত হচ্ছেন। কারণ এসব কাজে তুলনামূলক দ্রুত আয় করার সুযোগ রয়েছে। বিশেষ করে অটোরিকশা চালিয়ে দৈনিক আয় করা সম্ভব হওয়ায় অনেকে কৃষিকাজের পরিবর্তে এ পেশায় ঝুঁকছেন। ফলে কৃষিতে শ্রমিক সংকট তৈরি হচ্ছে, অন্যদিকে শহরে অটোরিকশার সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি উৎপাদনশীল ও টেকসই কর্মসংস্থান তৈরিতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন ঢাকা মেইলকে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বিপুলসংখ্যক মানুষ কর্মসংস্থান হারিয়েছেন। এর আগে করোনার সময়ও বহু মানুষ কাজ হারিয়েছিলেন। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই অর্থনীতিতে বারবার নতুন ধাক্কা এসেছে। ফলে একদিকে কর্মসংস্থানের সুযোগ কমছে, অন্যদিকে দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের আয় ও ক্রয়ক্ষমতা ক্রমাগত কমে যাচ্ছে।
তিনি বলেন, একদিকে মানুষের আয় কমছে, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা ও পরিষেবার খরচও বাড়ছে। ফলে মানুষ বাধ্য হয়ে সংসারের ব্যয় সংকোচন করছে। বিশেষ করে খাবারের তালিকা থেকে পুষ্টিকর ও মানসম্মত খাদ্য কমিয়ে দিচ্ছে। শুধু খাদ্য কেনাকাটাই নয়, চিকিৎসা, শিক্ষা ও পরিবারের অন্যান্য প্রয়োজনীয় সেবার ব্যবহারও কমাতে হচ্ছে। এতে মানুষের জীবনযাত্রার মানের অবনতি ঘটছে।
নাজের হোসাইন আরও বলেন, পুষ্টিকর খাবার গ্রহণ কমে যাওয়ায় মানুষের শারীরিক সক্ষমতা ও রোগ প্রতিরোধক্ষমতা হ্রাসের ঝুঁকি তৈরি হচ্ছে। একইভাবে শিক্ষা ও চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় কমাতে বাধ্য হওয়ায় দীর্ঘমেয়াদে এর নেতিবাচক প্রভাব পড়বে পরিবার ও সমাজে। অর্থাৎ ক্রয়ক্ষমতা কমে যাওয়ার বিষয়টি এখন আর শুধু বাজার থেকে পণ্য কেনার সামর্থ্যের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি মানুষের পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা ও সামগ্রিক জীবনমানের ওপরও সরাসরি প্রভাব ফেলছে।
এমআর/এএস