Dhaka Mail Logo

অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক: সারেনি লুটের ক্ষত, ব্যয়ের চাপে ‘নাস্তানাবুদ’

মুহা. তারিক আবেদীন ইমন

১৩ নভেম্বর ২০২৬, ১১:২৭ এএম

  • প্রতিদিন প্রায় ৩৬ কোটি টাকা লোকসান
  • ৩৫ হাজার কোটি টাকা সহায়তার পরও ঘুরে দাঁড়ায়নি ব্যাংক
  • ১৫ হাজারের বেশি জনবলের পরও নতুন নিয়োগ
  • মোট ঋণ ও বিনিয়োগের ৮৮ শতাংশই খেলাপি
  • পাঁচ ব্যাংকের তিনটির খেলাপি ঋণ ৯৬ শতাংশের বেশি

পতিত ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ সময়ে লুটপাটে বিপর্যস্ত পাঁচটি ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছিল সম্মিলিত ইসলামী ব্যাংক। লক্ষ্য ছিল বিপুল খেলাপি ঋণের বোঝা সামলে প্রতিষ্ঠানটিকে ঘুরে দাঁড় করানো, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনা। এ জন্য সরকারের পক্ষ থেকে ৩৫ হাজার কোটি টাকার মূলধনী সহায়তাও দেওয়া হয়েছে। কিন্তু একীভূতকরণের পরও ব্যাংকটির আর্থিক সংকট কাটেনি। বরং বিপুল জনবল, উচ্চ পরিচালন ব্যয়, নতুন করে উচ্চ বেতনে কর্মকর্তা নিয়োগ এবং ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতি মাসে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা লোকসান গুনছে ব্যাংকটি। সে হিসাবে প্রতিদিন লোকসানের পরিমাণ প্রায় ৩৬ কোটি টাকা। পুরোনো লুটপাটের ক্ষত সারিয়ে আর্থিক ভিত্তি শক্তিশালী করার পরিবর্তে নতুন করে ব্যয়ের বোঝা বাড়ায় উল্টো নাস্তানাবুদ অবস্থা ব্যাংকটির।

তথ্য অনুযায়ী, বিগত সরকারের আমলে ব্যাপক অনিয়ম, ঋণ জালিয়াতি ও অর্থ লুটপাটের শিকার হওয়া পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এর মধ্যে এক্সিম ব্যাংক ছাড়া বাকি চারটি ব্যাংক ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। এক্সিম ব্যাংক নিয়ন্ত্রণ করতেন নজরুল ইসলাম মজুমদার।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকগুলো এস আলম ও নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণমুক্ত হয়। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ড. আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর বিপর্যস্ত ব্যাংকগুলোকে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়। সেই উদ্যোগের অংশ হিসেবে পাঁচটি ব্যাংক নিয়ে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক।

তবে একীভূতকরণের পরও ব্যাংকটির ব্যবস্থাপনা ও পরিচালন ব্যয় নিয়ে অসন্তোষ বাড়ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী থাকা সত্ত্বেও নতুন করে উচ্চ বেতনে কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। ব্যাংকের ব্যয় বাড়ার পাশাপাশি পরিচালনা পর্ষদের ভারসাম্য ও জবাবদিহি নিয়েও প্রশ্ন উঠেছে।

জানা গেছে, পাঁচটি ব্যাংক মিলিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের বর্তমান জনবল ১৫ হাজার ১৩৫ জন। এর মধ্যে সোস্যাল ইসলামী ব্যাংকের ৩ হাজার ৯৪৮ জন, এক্সিম ব্যাংকের ৩ হাজার ১৩৮ জন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৪ হাজার ৯৯ জন, গ্লোবাল ইসলামী ব্যাংকের ২ হাজার ২৪২ জন এবং ইউনিয়ন ব্যাংকের ১ হাজার ৭০৮ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

এত বিপুলসংখ্যক জনবল থাকা এবং প্রতিদিন প্রায় ৩৬ কোটি টাকা লোকসান গুনলেও ব্যাংকটিতে নতুন নিয়োগ অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ৩৪ জনকে উচ্চ বেতনে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে মাসিক ১০ লাখ টাকা বেতনে একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়োগের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রশ্ন, বিদ্যমান জনবল কাজে লাগানোর সুযোগ থাকার পরও কেন নতুন করে এত উচ্চ বেতনে কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে? বিশেষ করে আর্থিক সংকটে থাকা এবং সরকারি মূলধনী সহায়তার ওপর নির্ভরশীল একটি ব্যাংকে এ ধরনের নিয়োগ কতটা যৌক্তিক, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এসব সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তাও অসন্তুষ্ট বলে জানা গেছে। ব্যাংকটির ভেতরেও এমডির ভূমিকা নিয়ে সমালোচনা চলছে।

অন্যদিকে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের অন্যতম উদ্দেশ্য ছিল বিপর্যস্ত ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ফিরিয়ে আনা, খেলাপি ঋণ আদায় এবং আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা। এ লক্ষ্যে সরকার ব্যাংকটিকে ৩৫ হাজার কোটি টাকার মূলধনী সহায়তা দেওয়ার ব্যবস্থা করেছে। পাশাপাশি ব্যাংকের পরিচালনা ও তদারকির জন্য গঠন করা হয় পরিচালনা পর্ষদ। কিন্তু এত বড় অঙ্কের সরকারি সহায়তার পরও ব্যাংকটির আর্থিক অবস্থার দৃশ্যমান উন্নতি না হওয়ায় অর্থের ব্যবহার ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে।

প্রাথমিকভাবে সরকারি তিনজন আমলা এবং বেসরকারি খাতের পেশাজীবীদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছিল। তবে বর্তমানে পর্ষদ থেকে সরকারি আমলাদের প্রত্যাহার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এতে পর্ষদের ভারসাম্য কমেছে এবং চেয়ারম্যানের একক কর্তৃত্ব বেড়েছে বলে অভিযোগ উঠেছে।

ব্যাংকিং খাতসংশ্লিষ্টরা বলছেন, এত বড় আর্থিক সংকটের মুখে থাকা একটি ব্যাংকের জন্য স্বাধীন, দক্ষ ও জবাবদিহিমূলক পরিচালনা পর্ষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেখানে সরকারি অর্থে মূলধন জোগান দেওয়া হয়েছে এবং খেলাপি ঋণের পরিমাণ মোট ঋণ ও বিনিয়োগের প্রায় ৮৮ শতাংশ, সেখানে নিয়োগ, পরিচালন ব্যয় এবং ঋণ আদায়ের প্রতিটি সিদ্ধান্তে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। পরিচালনা পর্ষদের ক্ষমতার ভারসাম্য দুর্বল হলে ব্যাংকটির পুনরুদ্ধার কার্যক্রমও বাধাগ্রস্ত হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা বলেন, শুধু বক্তৃতা-বিবৃতি কিংবা অনলাইনে প্রচার চালিয়ে একটি ব্যাংককে দাঁড় করানো সম্ভব নয়। এ ধরনের দুর্বল ব্যাংককে পুনরুদ্ধার করতে হলে দক্ষ ও অভিজ্ঞ জনবল প্রয়োজন। তাদের মতে, পাঁচটি ব্যাংকের বিদ্যমান জনবলই যথেষ্ট। অথচ উচ্চ বেতনে নিজের পছন্দের লোক নিয়োগোর তৎপরতা চলছে। সরকারি ব্যাংক হিসেবে পরিচিতি পাওয়ার পরও প্রতিষ্ঠানটি নতুন বিনিয়োগ আকর্ষণ করতে পারছে না। বরং কিছু বিনিয়োগকারী ও গ্রাহক ব্যাংকটি থেকে সরে যাচ্ছেন।

ব্যাংকটির আর্থিক অবস্থার চিত্রও বেশ উদ্বেগজনক। জানা গেছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের মোট আমানতের পরিমাণ ১ লাখ ২৮ হাজার ১১০ কোটি টাকা। অন্যদিকে মোট ঋণ ও বিনিয়োগের পরিমাণ ১ লাখ ৯৭ হাজার ৪০৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ১ লাখ ৭৩ হাজার ২১২ কোটি টাকা। অর্থাৎ ব্যাংকটির মোট ঋণ ও বিনিয়োগের প্রায় ৮৮ শতাংশই খেলাপি।

এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংককে শক্তিশালী করতে সরকার বিপুল অঙ্কের মূলধনী সহায়তা দিয়েছে। তাদের ধারণা ছিল, এর মাধ্যমে ব্যাংকটি ঘুরে দাঁড়াবে। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে না।

তিনি বলেন, কিছু লোক ব্যাংক থেকে ঋণের নামে অর্থ লুট করে নিয়ে যায়। এরপর কেন্দ্রীয় ব্যাংক ও সরকার আবার অর্থ দিয়ে সেই ব্যাংকগুলোকে সহায়তা করে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। লুটপাট বন্ধ করার পাশাপাশি লুট হওয়া অর্থ উদ্ধারে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

পাঁচটি ব্যাংকের পৃথক খেলাপি ঋণের হারও সংকটের ভয়াবহতা তুলে ধরছে। আগস্টের শেষ নাগাদ পাওয়া তথ্য অনুযায়ী, এক্সিম ব্যাংকের খেলাপি ঋণের হার ৭৭ দশমিক ০৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৯৭ দশমিক ০৪ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৭৭ দশমিক ৬৪ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ৯৬ দশমিক ১৭ শতাংশ এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ৯৭ দশমিক ১৩ শতাংশ।

সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে অনিশ্চয়তা, জমা অর্থ কবে পাবেন গ্রাহক?

এই হিসাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ঋণের প্রায় পুরোটাই খেলাপি হয়ে পড়েছে। অন্য দুই ব্যাংকের অবস্থাও নাজুক। ফলে একীভূত হওয়ার পর নতুন ব্যাংকটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে খেলাপি ঋণ আদায়, সম্পদের মান উন্নয়ন এবং নিয়মিত আয় বাড়ানো।

শাখা ও জনবল ব্যবস্থাপনাতেও সমন্বয়ের অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের পাঁচ শতাধিক শাখা রয়েছে। এর বেশির ভাগই শহরাঞ্চলে অবস্থিত। একই শহরে পাঁচটি ব্যাংকের একাধিক শাখা থাকায় একীভূতকরণের পর শাখা পুনর্বিন্যাস এবং জনবল সমন্বয়ের বড় সুযোগ তৈরি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয় বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

তাদের মতে, কোন শাখায় কতজন কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন, কোথায় অতিরিক্ত জনবল রয়েছে এবং কোন বিভাগে দক্ষ জনবলের ঘাটতি রয়েছে, তা পর্যালোচনা করে একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া উচিত। এতে অপ্রয়োজনীয় পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি বিদ্যমান কর্মীদের দক্ষতা কাজে লাগানো সম্ভব হবে। অথচ ব্যয় কমানোর উদ্যোগের পরিবর্তে নতুন নিয়োগ দেওয়ায় ব্যাংকটির আর্থিক চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া পাঁচটি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায়ও বড় ধরনের বৈষম্য রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, একই ধরনের বা কাছাকাছি দায়িত্ব পালন করা কর্মীদের বেতন-ভাতার ব্যবধান ১৫ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত। কিন্তু একীভূত হওয়ার পরও অভিন্ন বেতন কাঠামো তৈরির কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। একীভূত ব্যাংকের জন্য সমন্বিত মানবসম্পদ নীতিমালা ও স্বচ্ছ বেতন কাঠামো তৈরি করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ব্যাংকটির ব্যবসায়িক কার্যক্রম নিয়েও উদ্বেগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিযোগ, ভালো গ্রাহকরা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা পাচ্ছেন না। সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা এবং আর্থিক সেবা পেতে জটিলতার কারণে অনেক গ্রাহক অন্য ব্যাংকের দিকে ঝুঁকছেন। এতে নিয়মিত আয় বাড়ানোর সুযোগ হারাচ্ছে ব্যাংকটি। একদিকে খেলাপি ঋণের বিপুল বোঝা, অন্যদিকে ভালো গ্রাহক ধরে রাখতে না পারার পরিস্থিতি ব্যাংকটির পুনরুদ্ধার কার্যক্রমকে আরও কঠিন করে তুলছে।

এসব বিষয়ে বক্তব্য জানতে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান শিকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো ও অর্থনীতি বিশ্লেষক এম হেলাল আহমেদ জনি বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংককে দাঁড় করানোর জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে, তা যথেষ্ট নয়। শুরুতে ব্যক্তিগত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দেওয়া হলেও পরে টাকা উত্তোলনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত যুক্ত করা হয়েছে। এমনকি অর্থ ফেরত দেওয়ার সময় টাকা কেটে রাখার বিষয়টিও সামনে এসেছে। এতে আমানতকারীরা প্রত্যাশিত সুবিধা পাচ্ছেন না। অন্যদিকে করপোরেট গ্রাহকদের আমানত ও বিনিয়োগ ফেরত দেওয়ার ক্ষেত্রেও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

তিনি বলেন, সরকার বড় একটা অ্যামাউন্ড টাকা পেইড-আপ ক্যাপিটাল দিয়েছিল, যাতে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়াসহ ব্যাংকটির সমস্যার সমাধান করা যায়। কিন্তু এখন পর্যন্ত এর দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ছে না। উল্টো ব্যয় বাড়ছে। এতে বোঝা যায়, ব্যাংকটির সংকট সমাধানে সরকার যে গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল, তা দেওয়া হচ্ছে না।

হেলাল আহমেদ আরও বলেন, ব্যাংকটিকে শক্তিশালী করতে হলে প্রথমেই একটি দক্ষ ও উপযুক্ত পরিচালনা পর্ষদ গঠন করা প্রয়োজন ছিল। এমন পর্ষদ দরকার, যারা ব্যাংকটির পুনরুদ্ধারে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এখন হয়তো আগের মতো লুটপাট হচ্ছে না, কিন্তু ব্যাংকের আয় না বাড়লেও প্রতিদিন ব্যয় হচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় সরকারের দেওয়া অর্থও শেষ হয়ে যেতে পারে। তাই ব্যাংকটির পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি আমানত বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, জনবল নিয়োগ দেওয়া ব্যাংকের নিজস্ব বিষয়। তবে নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত কিছু হলে কেন্দ্রীয় ব্যাংক তা দেখবে। সম্মিলিত ইসলামী ব্যাংককে শক্তিশালী করতে যা যা করা প্রয়োজন, কেন্দ্রীয় ব্যাংক সেসব উদ্যোগ নিচ্ছে।

টিএই/এএস