মহিউদ্দিন রাব্বানি
০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম
দোকানজুড়ে নতুন পোশাকের পসরা। কোথাও ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, কোথাও ক্রেতা টানতে বিশেষ বিক্রির আয়োজন। তবু ক্রেতার অপেক্ষা ফুরাচ্ছে না দোকানিদের। যারা আসছেন, তাদের বেশিরভাগই পণ্য দেখছেন, দাম যাচাই করছেন। কিন্তু কেনাকাটা করছেন হাতে গোনা কয়েকজন। প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটার প্রবণতাও কমেছে। একসময় ছাড়ের মৌসুমে যে দোকানগুলোতে ক্রেতার ভিড় সামলানো কঠিন হতো, এখন সেখানেই বিক্রির খরা। দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতিতে সংসারের ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। কমেছে তাদের ক্রয়ক্ষমতা, সংকুচিত হয়েছে কেনাকাটা। এর সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে। বিক্রি কমে লোকসান বাড়ছে ব্যবসায়ীদের, কোথাও কর্মচারী ছাঁটাই। এরই মধ্যে দীর্ঘদিনের লোকসানে বন্ধ হয়েছে রাজধানীর পরিচিত বিপণিবিতান কর্ণফুলী গার্ডেন সিটির বাণিজ্যিক কার্যক্রম।
বিক্রি কমেছে, বাড়ছে লোকসান
রাজধানীর বিভিন্ন বিপণিবিতানের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্রেতার উপস্থিতি ও বিক্রি দুটোই কমেছে। নিউ মার্কেটের একটি পোশাকের দোকানে গত বছরের অক্টোবরে প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার টাকার পণ্য বিক্রি হতো। চলতি বছরে তা নেমে এসেছে ১৫ থেকে ২০ হাজার টাকায়। কোনো কোনো দিন বিক্রি ১০ হাজার টাকাও হচ্ছে না।
একই মার্কেটের হোম অ্যাপ্লায়েন্সের (গৃহস্থালি পণ্য) একজন দোকানী জানান, আগে প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার টাকার পণ্য বিক্রি করতেন। এখন বিক্রি কমে আট থেকে ১০ হাজার টাকায় দাঁড়িয়েছে। পণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা আগের মতো কিনছেন না।
মালিবাগ মৌচাক মার্কেটের একজন ক্রোকারিজ পণ্য ব্যবসায়ী জানান, বেচা বিক্রি কমে যাওয়ায় কর্মচারীদের বেতন দেওয়া কঠিন হয়ে পড়েছে। অনেক দোকান থেকে কর্মচারী ছাঁটাই করা হয়েছে।
ব্যবসায়ীদের কাছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, বিক্রি কমলেও দোকান পরিচালনার ব্যয় কমছে না। দোকানভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতনসহ নিয়মিত খরচ বহন করতে হচ্ছে। ফলে প্রতিদিনের বিক্রি দিয়ে ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে।
ছাড়েও মিলছে না ক্রেতা
খুচরা বাজারের মন্দার প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান পোশাকের দোকানগুলোতে। রাজধানীর ট্রেড সেন্টার, পল্টন চায়না টাওয়ারের প্রতি ঘণ্টা এলাকার ব্র্যান্ডের পোশাকের দোকানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় চলছে। কিন্তু তাতেও প্রত্যাশিত বিক্রি হচ্ছে না।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের কেনাকাটা কমেছে। গত বছরের তুলনায় এবার ক্রেতার আনাগোনা ১৫ থেকে ২০ শতাংশ কমেছে। যারা দোকানে আসছেন, তারাও প্রয়োজনীয় পণ্যটুকু কিনছেন। আগে ছাড়ের সময় অনেকে প্রয়োজনের অতিরিক্ত পোশাক কিনতেন। এখন সেই প্রবণতা প্রায় নেই।
সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মানুষ
মানুষের কেনাকাটার সামর্থ্য কমে যাওয়ার পেছনে আয় ও ব্যয়ের ব্যবধানকে বড় কারণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, মানুষের মজুরি যে হারে বাড়ছে, মূল্যস্ফীতি বাড়ছে তার চেয়ে বেশি হারে।
গত আগস্টে দেশে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। ওই মাসে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৫ শতাংশ। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৩৪ শতাংশে। বিপরীতে মজুরি বৃদ্ধির হার কমে ৭ দশমিক ৯০ শতাংশে নেমে আসে। অর্থাৎ আয় বাড়লেও পণ্য ও সেবার মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পারছেন না মানুষ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে মূল্যস্ফীতি নির্ধারণের ঝুড়িতে থাকা ৩৮২টি পণ্যের মধ্যে ২০৩টির দাম বেড়েছে। জ্বালানি উপকরণ ও খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যবৃদ্ধিও সামগ্রিক মূল্যস্ফীতির চাপ বাড়িয়েছে।
অর্থনীতিবিদরা বলেন, মূল্যস্ফীতি আগের তুলনায় কিছুটা কমলেও মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারছে না। পণ্যের উচ্চমূল্যের কারণে অনেক মানুষ প্রয়োজনীয় পণ্য কেনা থেকেও বিরত থাকছেন। আগে যারা পোলাওয়ের চাল কিনে খেতে পারতেন, এখন ২৫০ টাকা কেজি দামে সেই চাল কেনাও অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বলেন, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতিতে খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বেড়েছে। এতে শ্রমিকসহ সাধারণ মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমেছে। নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটানোর পর অন্যান্য পণ্য কেনার সামর্থ্য থাকছে না।
তিনি বলেন, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি বাড়ানো জরুরি। মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিক পরিবারের প্রকৃত ব্যয়, কর্মস্থল এলাকার জীবনযাত্রার খরচ, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতা বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদনশীলতা উন্নত করতে হবে।
খাবারের তালিকা থেকে বাদ পড়ছে মাছ-মাংস
আয় ও ব্যয়ের ব্যবধান কতটা বেড়েছে, তার বাস্তব চিত্র পাওয়া যায় বাসাবো এলাকার রিকশা চালক সজিবের পরিবারে। সজিব জানান, ইনকামের টাকায় দুই বেলা খাবার জোগাড় করতেই কষ্ট হচ্ছে। দুই মাস ধরে মাছ কিনে খেতে পারছি না।
অনেকের অভিযোগ, বাসা ভাড়া, গ্যাস ও বিদ্যুতের বিল বেড়ে যাওয়ায় আয়ের বড় অংশ চলে যাচ্ছে। অনেকেই দোকান থেকে বাকিতে নিত্যপণ্য কিনছেন। মাসের বেতন পাওয়ার কয়েক দিনের মধ্যেই বাসাভাড়া ও দোকানের বকেয়া পরিশোধ করতে হচ্ছে। ফলে খাবারের তালিকা থেকে মাছ-মাংস বাদ দেওয়ার পাশাপাশি অন্যান্য কেনাকাটাও বন্ধ করতে হচ্ছে।
টিকে থাকতে নীতিসহায়তা চান ব্যবসায়ীরা
খুচরা বাজারের মন্দা কাটাতে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ব্যবসায়ীদের জন্য নীতিসহায়তা প্রয়োজন বলে মনে করছেন দোকান মালিক নেতারা।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান মাহমুদ ঢাকা মেইলকে বলেন, ‘দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, উচ্চ মূল্যস্ফীতি ও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যে। মানুষের হাতে নগদ টাকার সংকট রয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রেও তারা আগের তুলনায় হিসাব করে খরচ করছেন। এতে দোকান ব্যবসায়ীদের বিক্রি কমে গেছে। দিন যত যাচ্ছে, ব্যবসায়ীদের ওপর চাপ তত বাড়ছে। অনেক ক্ষেত্রে বেচাকেনা প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে।’
তিনি আরো বলেন, ক্ষুদ্র দোকান ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আমাদের কয়েকটি দাবি রয়েছে। প্রথম দাবি হলো, দোকান ব্যবসায়ীদের ক্ষুদ্র ব্যবসার আওতায় অন্তর্ভুক্ত করা। সরকার প্রতিবছর ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি থেকে ২০ হাজার কোটি টাকা পর্যন্ত বরাদ্দ রাখে। বাংলাদেশ ব্যাংক থেকেও স্বল্প সুদে ঋণ দেওয়ার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। কিন্তু দেশের প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ, নীতিমালায় দোকান ব্যবসায়ীদের ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত করা হয়নি। অথচ ফুটপাতের একটি ছোট চায়ের দোকানেও অন্তত একজন বা দুজন কর্মচারীর কর্মসংস্থান হয়। সাধারণ দোকানগুলোতেও দুই থেকে তিনজন কর্মচারী কাজ করেন। কিন্তু ক্ষুদ্র শিল্পের আওতায় না থাকায় ব্যাংকগুলো থেকে তারা ঋণসহ প্রয়োজনীয় সুবিধা পাচ্ছেন না। ফলে সরকারের বরাদ্দ থাকলেও তার সুফল দোকান ব্যবসায়ীদের কাছে পৌঁছাচ্ছে না।
দ্বিতীয় দাবি তুলে ধরে তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের নামে দোকানপাট বন্ধ রাখার সময়সীমা পুনর্বিবেচনা করতে হবে। বিশেষ করে শীত মৌসুমসহ বছরের বিভিন্ন সময়ে সন্ধ্যার পরই দোকানে বেচাকেনা বেশি হয়। তাই দুপুর ১২টার দিকে দোকান খোলার অনুমতি দেওয়ার পাশাপাশি রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দিতে হবে। এতে ব্যবসায়ীরা কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন।
টার্নওভার করের চাপের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষুদ্র পাইকারি ব্যবসায়ীদের জন্য এই কর বড় ধরনের সংকট তৈরি করেছে। নির্ধারিত সীমার বেশি বার্ষিক বিক্রি হলেই এক শতাংশ হারে টার্নওভার কর দিতে হচ্ছে। অথচ ব্যবসার বিক্রির পরিমাণ আর প্রকৃত মুনাফা এক বিষয় নয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, ইসলামপুরের একজন কাপড় ব্যবসায়ী প্রতি গজ কাপড় বিক্রি করে হয়তো ১৫ পয়সা লাভ করেন। প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার গজ কাপড় বিক্রি করে তিনি ব্যবসা চালান। কিন্তু আড়াই গজ কাপড়ের বিক্রয়মূল্য যদি ৫০০ টাকা হয়, তাহলে এক শতাংশ হারে তাকে ৫ টাকা কর দিতে হচ্ছে। অথচ ওই বিক্রিতে তার লাভ মাত্র ৭৫ পয়সা। তাহলে কর দেবেন কোথা থেকে? এ ধরনের করব্যবস্থা ক্ষুদ্র পাইকারি ব্যবসায়ীদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এতে অনেকে অসাধু উপায় অবলম্বনে বাধ্য হচ্ছেন, আবার কর ফাঁকির অভিযোগেও পড়ছেন।
এমআর