Dhaka Mail Logo

অর্থনীতি

রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি, বিনিয়োগে অশনিসংকেত

মুহা. তারিক আবেদীন ইমন

০৯ নভেম্বর ২০২৬, ১২:৩১ পিএম

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্নে
ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য ৪ লাখ ৪২ হাজার কোটি টাকা
উচ্চ মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটে বিনিয়োগে ভাটা
বিনিয়োগ চাঙা করতে ৬০ হাজার কোটির প্রণোদনা
১ নভেম্বর গ্রস রিজার্ভ বেড়ে ৩৬.২৫ বিলিয়ন ডলার
প্রথম চার মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪.৭ শতাংশ
জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৫.৮৮ শতাংশ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ, প্রবাসী আয় ও রফতানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও দেশের বেসরকারি খাতের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ব্যাংক খাতে ঋণের চাহিদা কমতে কমতে গত সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন ৪ দশমিক ১৭ শতাংশে। বিপরীতে ব্যাংকগুলোতে জমেছে ৪ লাখ ৪১ হাজার ৯৫৪ কোটি টাকার উদ্বৃত্ত তারল্য। অর্থাৎ ব্যাংকে ঋণ দেওয়ার মতো বিপুল অর্থ থাকলেও নতুন বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না উদ্যোক্তারা। এতে অর্থনীতির বৈদেশিক খাতে স্বস্তির চিত্র থাকলেও অভ্যন্তরীণ উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।

অন্যদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসী আয় এসেছে ১১ হাজার ৬৮৭ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৭ শতাংশ বেশি। একই সময়ে রফতানি আয়েও ৫ দশমিক ৮৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু এসব ইতিবাচক সূচকের বিপরীতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমে যাওয়ায় অর্থনীতির অভ্যন্তরীণ গতিশীলতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ১৭ শতাংশে। এর আগে গত জুনে ৪ দশমিক ৪৭ শতাংশে নেমে সর্বনিম্ন প্রবৃদ্ধির রেকর্ড হয়েছিল। জুলাইয়ে সামান্য বেড়ে ৪ দশমিক ৬২ শতাংশ এবং আগস্টে ৪ দশমিক ৭৫ শতাংশ হলেও সেপ্টেম্বরে আবার কমেছে। ১৯৯৩-৯৪ অর্থবছর থেকে সংরক্ষিত কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে এত কম ঋণ প্রবৃদ্ধির নজির নেই।

একসময় দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নিয়মিত দুই অঙ্কের ঘরে ছিল। সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে এ প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ১৩ শতাংশ। পরের মাসে তা কমে ৯ দশমিক ৮৬ শতাংশে দাঁড়ায়। এরপর থেকে ধারাবাহিকভাবে কমতে থাকে। চলতি বছরের মার্চে প্রথমবারের মতো ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে নামে। জুনে তা আরও কমে ৪ দশমিক ৪৭ শতাংশে দাঁড়ায়। কয়েক মাসের ব্যবধানে সেই অবস্থান থেকেও আরও নিচে নেমে গেছে।

>> আরও পড়ুন

দোকান ভাড়া আর খরচের চাপে দিশেহারা মুদি দোকানিরা

ঋণ প্রবৃদ্ধির এমন পতনের পেছনে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি, ঋণের উচ্চ সুদহার, জ্বালানি সংকট এবং বিনিয়োগ পরিবেশের অনিশ্চয়তা। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে রফতানি বাজারে চাহিদা প্রত্যাশিত মাত্রায় বাড়ছে না। একই সঙ্গে অভ্যন্তরীণ বাজারেও পণ্য বিক্রির গতি কম। ফলে উৎপাদন বাড়ানোর পরিবর্তে অনেক উদ্যোক্তা বিদ্যমান ব্যবসা টিকিয়ে রাখার দিকে মনোযোগ দিচ্ছেন। নতুন কারখানা স্থাপন, উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ কিংবা ব্যবসা বড় করার মতো উদ্যোগে আগ্রহ কমেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের এমডি বলেন, উচ্চ মূল্যস্ফীতিসহ নানা কারণে বৈশ্বিকভাবেই পণ্যের চাহিদা কমেছে। এর প্রভাব দেশের রফতানি খাতেও পড়েছে। অভ্যন্তরীণ বাজারেও তেমন চাহিদা নেই। ফলে পণ্য উৎপাদন করে বিক্রি করার সুযোগ সংকুচিত হয়েছে। এ কারণে ঋণের চাহিদাও কমেছে। উৎপাদনকারীরা প্রয়োজনীয় গ্যাস সরবরাহের নিশ্চয়তা পাচ্ছেন না। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে খুব দ্রুত চাহিদা বাড়ার সম্ভাবনাও দেখছেন না তিনি। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হবে।

ঋণের চাহিদা কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়েছে ব্যাংক খাতের তারল্য ব্যবস্থাপনায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্ট শেষে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৪১ হাজার ৯৫৪ কোটি টাকা। অর্থাৎ ব্যাংকগুলোর হাতে বিপুল পরিমাণ অর্থ থাকলেও তা বেসরকারি খাতে ঋণ হিসেবে যথেষ্ট পরিমাণে ব্যবহৃত হচ্ছে না। সাধারণত ব্যাংকের তারল্য বাড়লে ঋণ বিতরণের সক্ষমতা বাড়ে। কিন্তু ঋণ নেওয়ার মতো নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ না থাকলে সেই অর্থ অর্থনীতিতে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারে না।

ব্যাংকারদের মতে, ঋণ প্রবৃদ্ধির হিসাবের ক্ষেত্রে সুদের প্রভাবও বিবেচনায় নিতে হয়। ব্যাংকঋণ নিয়মিত থাকলে সুদ আদায় না হলেও অনেক ক্ষেত্রে সেই সুদ ঋণের স্থিতির সঙ্গে যুক্ত হয়। ফলে ঋণ প্রবৃদ্ধির হিসাব শুধু নতুন ঋণ বিতরণের পরিমাণ দিয়ে নির্ধারিত হয় না। তবে প্রকাশিত প্রবৃদ্ধির হার এত নিচে নেমে আসা বেসরকারি খাতে নতুন ঋণের চাহিদা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের দুর্বলতার ইঙ্গিত দেয়।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, গত আগস্টে ব্যাংকঋণের গড় সুদহার ছিল ১১ দশমিক ৮৩ শতাংশ। একই সময়ে আমানতের গড় সুদহার ছিল ৬ দশমিক ১৬ শতাংশ। উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা ও উৎপাদন সম্প্রসারণ উদ্যোক্তাদের জন্য ব্যয়বহুল হয়ে উঠেছে। এর সঙ্গে কাঁচামাল, বিদ্যুৎ, গ্যাস ও পরিবহন ব্যয় যুক্ত হওয়ায় উৎপাদন খাতের ওপর চাপ বাড়ছে। ফলে নতুন ঋণ নিয়ে বিনিয়োগের পরিবর্তে অনেক উদ্যোক্তা অপেক্ষার নীতি অনুসরণ করছেন।

ঋণ প্রবৃদ্ধির দীর্ঘমেয়াদি চিত্রেও এই পতনের গভীরতা স্পষ্ট। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ১৯৯৩-৯৪ অর্থবছর থেকে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির তথ্য রয়েছে। এর মধ্যে ১৯৯৩-৯৪ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৫৭ শতাংশ। পরের অর্থবছরে তা বেড়ে ২৬ দশমিক ৬৬ শতাংশে পৌঁছায়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ২০০৭-০৮ অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

দীর্ঘ সময় পর করোনাভাইরাস মহামারির প্রভাবে ২০১৯-২০ অর্থবছর শেষে ঋণ প্রবৃদ্ধি কমে ৮ দশমিক ৬১ শতাংশে নেমে আসে। পরের অর্থবছরে তা আরও কমে ৮ দশমিক ৩৫ শতাংশ হয়। পরে ২০২১-২২ অর্থবছরে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়তে থাকলে ঋণ প্রবৃদ্ধি বেড়ে ১৩ দশমিক ৬৬ শতাংশে ওঠে। কিন্তু এরপর আবার কমতে শুরু করে। ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৫৭ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরে ৯ দশমিক ৮৪ শতাংশ এবং ২০২৪-২৫ অর্থবছরে ৬ দশমিক ৪৯ শতাংশ। পরবর্তী সময়ে তা আরও কমে জুনে ৪ দশমিক ৪৭ শতাংশ এবং সেপ্টেম্বরে ৪ দশমিক ১৭ শতাংশে নেমেছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, বেসরকারি খাতে ঋণের অস্বাভাবিক প্রবৃদ্ধি যেমন ভালো নয়, তেমনি এত কম প্রবৃদ্ধিও অর্থনীতির জন্য উদ্বেগজনক। কারণ, বেসরকারি খাতের বিনিয়োগের সঙ্গে জিডিপি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সরাসরি সম্পর্কিত। ঋণের চাহিদা কমতে থাকলে নতুন শিল্প স্থাপন, কারখানার সম্প্রসারণ ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ বাধাগ্রস্ত হবে। এর প্রভাব পড়বে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। করোনা মহামারি শুরুর পর থেকে দেশের অর্থনীতিকে একের পর এক বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকট মোকাবিলা করতে হয়েছে। করোনার ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও পণ্যের দাম বেড়ে যায়। একই সময়ে টাকার বিপরীতে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা তৈরি হয়। আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি দেশে মূল্যস্ফীতিও উচ্চ পর্যায়ে পৌঁছে।

এরপর ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যবসা-বাণিজ্যে নানা অনিশ্চয়তা তৈরি হয়। ব্যবসার আড়ালে আর্থিক অনিয়ম ও জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রমেও প্রভাব পড়ে। এর মধ্যে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সংঘাত ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা নতুন করে চাপ তৈরি করেছে। সব মিলিয়ে বেসরকারি খাতে নতুন বিনিয়োগের আগ্রহ কমেছে।

অর্থনীতিতে গতিশীলতা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্প, কৃষিসহ বিভিন্ন খাতের জন্য কম সুদে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বন্ধ কারখানা সচল করা, উৎপাদন বাড়ানো এবং উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ব্যাংকগুলোতে অর্থের জোগান থাকলেও উদ্যোক্তাদের মধ্যে বিনিয়োগের চাহিদা তৈরি না হলে এসব উদ্যোগের প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন হবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক এজাজুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ‘ঋণের তুলনায় আমানত দ্রুত বাড়ায় ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত তারল্য রয়েছে। বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে থাকলেও আমানত প্রবৃদ্ধি ১০ শতাংশের বেশি। ফলে ব্যাংকগুলোর দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংক ও আন্তঃব্যাংক বাজার থেকে ধার নেওয়ার প্রয়োজন কমছে। ব্যাংকে উদ্বৃত্ত তারল্য বাড়ার পাশাপাশি স্বল্পমেয়াদি ধার কমে যাওয়া অর্থনীতিতে বিনিয়োগ ও নতুন ঋণের চাহিদা দুর্বল থাকারই ইঙ্গিত দিচ্ছে।’

>> আরও পড়ুন

ফাঁকা হচ্ছে ফুটপাত, অনিশ্চয়তায় হাজারও মানুষের জীবিকা

অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থান কিছুটা স্বস্তিদায়ক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ২৫৪ দশমিক ০১ মিলিয়ন ডলার। আইএমএফের বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৩৮৭ দশমিক ১২ মিলিয়ন ডলার। ডলারের সরবরাহ পরিস্থিতি ও বৈদেশিক লেনদেনের সক্ষমতার ক্ষেত্রে রিজার্ভ একটি গুরুত্বপূর্ণ সূচক।

প্রবাসী আয়েও ইতিবাচক প্রবৃদ্ধি রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১১ হাজার ৬৮৭ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৭ শতাংশ। শুধু ১ নভেম্বর এক দিনেই দেশে ২২২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই দিনে এসেছিল ৪৩ মিলিয়ন ডলার।

রফতানি আয়েও প্রবৃদ্ধির ধারা ফিরেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে, অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রফতানি আয় বেড়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ। এ সময়ে মোট রফতানি আয় দাঁড়িয়েছে ১ হাজার ৭০৯ কোটি ডলারে। আগের অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ১ হাজার ৬১৪ কোটি ডলার। এক বছরের ব্যবধানে রফতানি আয় বেড়েছে প্রায় ৯৫ কোটি ডলার।

রফতানি আয়ের প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান তৈরি পোশাক খাতের। প্রথম চার মাসে মোট রফতানি আয়ের প্রায় ৮০ শতাংশ এসেছে এ খাত থেকে। পোশাকের পাশাপাশি পাট, চামড়া, ওষুধ ও প্রকৌশল পণ্য রফতানিতেও ভালো প্রবৃদ্ধি হয়েছে। তবে কৃষি ও মৎস্যজাত পণ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ উপখাতে রফতানি আয় কমেছে।

অর্থনীতির এসব সূচক বিশ্লেষণে দেখা যায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, প্রবাসী আয় ও রফতানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও তার প্রভাব এখনো বেসরকারি বিনিয়োগে যথেষ্টভাবে প্রতিফলিত হচ্ছে না। বৈদেশিক খাত থেকে ডলারের সরবরাহ বাড়া অর্থনীতির জন্য স্বস্তির হলেও দেশের অভ্যন্তরে উৎপাদন, শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান বাড়াতে নতুন বিনিয়োগ প্রয়োজন। ব্যাংক খাতে বিপুল উদ্বৃত্ত তারল্য থাকার পরও ঋণ প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে নেমে আসা সেই বিনিয়োগ দুর্বলতারই ইঙ্গিত দিচ্ছে। ফলে রিজার্ভ ও রেমিট্যান্সের ইতিবাচক ধারাকে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রূপ দিতে বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ঋণের ব্যয় সহনীয় পর্যায়ে আনা জরুরি হয়ে উঠেছে।

টিএই/জেবি