মো. মেহেদী হাসান হাসিব
০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ এএম
অর্থনীতির শ্লথগতি, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট আর মানুষের কমে যাওয়া ক্রয়ক্ষমতার চাপে মন্দা যাচ্ছে দেশের রেস্টুরেন্ট ব্যবসা। কমেছে ক্রেতার আনাগোনা, কমছে বিক্রি; অন্যদিকে গ্যাস, বিদ্যুৎ ও কাঁচামালের বাড়তি দামে বেড়েই চলেছে পরিচালন ব্যয়। আয়-ব্যয়ের হিসাব মেলাতে না পেরে ব্যবসা টিকিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রেস্টুরেন্ট মালিকদের জন্য।
অর্থনীতিবিদদের মতে, এ পরিস্থিতি থেকে উত্তরণে সামষ্টিক অর্থনীতির মৌলিক দুর্বলতা কাটিয়ে বিনিয়োগ ও ভোক্তাদের চাহিদা বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির কয়েকটি রেস্টুরেন্টে গত কয়েক দিন সন্ধ্যার পর সরেজমিন ঘুরে দেখা গেছে, শুক্র ও শনিবারসহ ছুটির দিনগুলোতে ক্রেতাদের উপস্থিতি কিছুটা বাড়লেও সপ্তাহের অন্যান্য দিনে অনেকটা ফাঁকা থাকছে রেস্টুরেন্টগুলো। ফলে ক্রেতার অপেক্ষায় সময় কাটলেও দৈনন্দিন পরিচালন ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে মালিকদের।
ইউজেন রুফটপ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. আমির হোসেন ঢাকা মেইলকে বলেন, বিগত আট বছরের মধ্যে সবচেয়ে খারাপ সময় পার করছেন তারা। ভোক্তার সংখ্যা একেবারেই কমে গেছে। ঠিকমতো ভাড়া দেওয়াও দায় হয়ে পড়েছে। এমন পরিস্থিতি শুধু তার প্রতিষ্ঠানে নয়, প্রায় সব রেস্টুরেন্টেই বিরাজ করছে। এর ওপর রয়েছে গ্যাস সংকট।

বিগত দিনের কেনাবেচার তুলনা জানতে চাইলে তিনি বলেন, আগের তুলনায় বর্তমানে বিক্রি চার ভাগের একভাগে নেমে এসেছে। অন্যদিকে খরচ বেড়েছে দ্বিগুণ।
ভোক্তা সংকটের কারণ সম্পর্কে আমির হোসেন বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয়। ভোক্তারা হয়তো আগের মতো ব্যয় করতে আগ্রহী হচ্ছেন না। এ ছাড়া কাঁচামালের সংকট রয়েছে। বাজারে যেসব কাঁচামাল পাওয়া যাচ্ছে, সেগুলোর দামও দ্বিগুণ বেড়েছে।
মেরিটেজ ঢাকা ও অ্যামব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জ দুটি রেস্টুরেন্টের ব্যবস্থাপক খোরশেদ আলম ঢাকা মেইলকে বলেন, বর্তমানে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয়। মানুষের শারীরিক ও মানসিক অবস্থার পাশাপাশি অর্থনৈতিক অবস্থাও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী না হলে শুধু রেস্টুরেন্ট নয়, কোনো ব্যবসাই ভালো চলবে না। দিন যত যাচ্ছে, ততই মনে হচ্ছে ব্যবসার ভালো সময়গুলো পেছনে পড়ে গেছে।
>> আরও পড়ুন
এই ব্যবসায়ী বলেন, রেস্টুরেন্ট ব্যবসার জন্য শীতকাল মূল মৌসুম। সাধারণত নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজন বেশি হয়। এ সময় ব্যবসা ভালো হওয়ার কথা থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। শীত মৌসুমেও প্রত্যাশিত অতিথি না পাওয়ার শঙ্কা রয়েছে। সার্বিক পরিস্থিতির উন্নতি না হলে চলতি বছর ব্যবসা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুবই কম।
খোরশেদ আলম বলেন, বর্তমানে রেস্টুরেন্টে অনুষ্ঠান আয়োজন করতে আসা গ্রাহকদের মধ্যে খরচ কমানোর প্রবণতা বেশি দেখা যাচ্ছে। আগে যেখানে কেউ এক হাজার টাকা বাজেট নিয়ে আসতেন, এখন সেখানে ৭০০ টাকার মধ্যে অনুষ্ঠান আয়োজন করতে চাইছেন। এমনকি ২০ জনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্যও গ্রাহকরা একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছেন, যাতে সবচেয়ে কম দামে আয়োজন করা যায়। আগে গ্রাহকরা খাবারের গুণগত মানকে গুরুত্ব দিতেন, এখন তাদের কাছে দামের বিষয়টিই বেশি প্রাধান্য পাচ্ছে।

সরকারের প্রতি প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখতে প্রথমেই মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বর্তমানে যাদের হাতে অর্থ রয়েছে, তারাও নিরাপত্তার কারণে স্বাভাবিকভাবে অর্থ ব্যয় করছেন না। এ ছাড়া শেয়ারবাজার ও তৈরি পোশাকশিল্পে বড় ধরনের ধসের প্রভাব সামগ্রিক অর্থনীতিতে পড়ছে। গ্যাস, জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ার কারণে ব্যবসায়ীদের ব্যয় বেড়েছে। এসব বিষয় নিয়ন্ত্রণে না এলে ব্যবসা-বাণিজ্যে অস্থিরতা কমবে না। পাশাপাশি ভ্যাট নিয়ে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। এ ধরনের চাপ অব্যাহত থাকলে ব্যবসায়ীরা স্বস্তিতে ব্যবসা পরিচালনা করতে পারবেন না। একপর্যায়ে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান টিকে থাকার সক্ষমতাও হারাবে।
ক্রেতাসংকট ও বিনিয়োগ স্থবিরতা কাটাতে সামষ্টিক অর্থনীতির সংস্কার জরুরি
বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে প্রকৃত অর্থে মন্দাবস্থা চলছে না, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি শ্লথ হয়ে পড়েছে। এর প্রভাবে ব্যবসা-বাণিজ্যে ক্রেতাসংকট, বিনিয়োগে স্থবিরতা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নেতিবাচক পরিস্থিতি তৈরি হচ্ছে। অর্থনীতির এই শ্লথগতি কাটিয়ে উঠতে হলে সামষ্টিক অর্থনীতির মৌলিক দুর্বলতাগুলো দূর করার ওপর গুরুত্ব দিতে হবে বলে মনে করেন গবেষণাপ্রতিষ্ঠান নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের সভাপতি, অর্থনীতিবিদ ও গবেষক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
তিনি ঢাকা মেইলকে বলেন, অর্থনীতির পরিভাষায় টানা তিনটি প্রান্তিকে নেতিবাচক প্রবৃদ্ধি হলে তাকে মন্দা বলা হয়। বাংলাদেশে এখনো সে ধরনের নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যায়নি। তবে প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় অর্থনীতিতে শ্লথাবস্থা তৈরি হয়েছে, যা মোটেও ভালো লক্ষণ নয়। এর প্রভাব ইতোমধ্যে ব্যবসা-বাণিজ্যে পড়তে শুরু করেছে।ব্যবসায়ীরা ক্রেতাসংকটে ভুগছেন, অন্যদিকে ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রেও তাদের অনাগ্রহ দেখা যাচ্ছে।
অর্থনীতির এই পরিস্থিতির পেছনে কয়েকটি কারণ তুলে ধরে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচকগুলো দুর্বল হয়ে পড়ায় বিনিয়োগ আকর্ষণ এবং বাজারে ক্রেতাদের ফিরিয়ে আনা কঠিন হয়ে উঠেছে। উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, রাজস্ব আদায়ে ঘাটতি, নতুন বিনিয়োগের অভাব এবং জ্বালানি সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।
এই অর্থনীতিবিদ বলেন, জ্বালানি সংকটের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমিয়ে দিচ্ছে। ফলে বাজারে ভোক্তার চাহিদা কমছে। অন্যদিকে অর্থনীতিতে নতুন বিনিয়োগ না আসায় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণও বাধাগ্রস্ত হচ্ছে।

অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কয়েকটি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রথমত, জ্বালানি সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান করতে হবে, যাতে শিল্প ও উৎপাদন খাত নিরবচ্ছিন্নভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে।
দ্বিতীয়ত, মূল্যস্ফীতিকে স্বাভাবিক পর্যায়ে নামিয়ে আনতে হবে। কারণ উচ্চ মূল্যস্ফীতি মানুষের আয় ও ক্রয়ক্ষমতা কমিয়ে দিয়ে বাজারের চাহিদাকে সংকুচিত করছে।
তৃতীয়ত, সরকারি বিনিয়োগের ক্ষেত্রে ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে রাজস্ব আদায় বাড়াতে হবে। সরকারের নিজস্ব রাজস্ব আয় বাড়ানোর মাধ্যমে বিনিয়োগের অর্থায়ন নিশ্চিত করা জরুরি।
চতুর্থত, বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে টাকার বিনিময় হারের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। বিনিময় হারের দুর্বলতার কারণে আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে, যা সামগ্রিক অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে।
এই অর্থনীতিবিদ আরও বলেন, এসব মৌলিক সমস্যার সমাধান না করে ব্যবসায়ীদের নতুন বিনিয়োগে উৎসাহিত করা কিংবা ভোক্তাদের বাজারমুখী করা সম্ভব হবে না। অর্থনীতির এই শ্লথগতি দীর্ঘায়িত হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে কর্মসংস্থানের সংকট, অনানুষ্ঠানিক কর্মসংস্থান বৃদ্ধি, বেকারত্ব ও দারিদ্র্যের মতো সমস্যা আরও প্রকট হতে পারে। তাই অর্থনীতিতে গতি ফেরাতে সরকারকে আগে সামষ্টিক অর্থনীতির ভিত্তিগত দুর্বলতাগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এমএইচএইচ/জেবি