images

অর্থনীতি

গ্যাস সেবায় বড় পরিবর্তন: গ্রাহকবান্ধব ও সহজীকরণ নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম

দেশের ক্রমবর্ধমান গ্যাস চাহিদা ও সেবায় বিদ্যমান জটিলতা কমাতে গ্যাস বিতরণ ও বিপণন কোম্পানিগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে সরকার।

মঙ্গলবার (২১ এপ্রিল) পেট্রো বাংলার পাঠানো এক বার্তায় জানানো হয়, সোমবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়, আন্তর্জাতিক চর্চা ও বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে সেবাকে আরো গ্রাহকবান্ধব ও সহজ করার লক্ষ্যে এ পরিপত্র প্রকাশ করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, গ্যাস সরবরাহ ব্যবস্থায় বিভিন্ন প্রশাসনিক জটিলতা কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী—

(ক) অনুমোদিত ঘণ্টাপ্রতি লোড অপরিবর্তিত রেখে গ্যাস সরঞ্জাম পুনর্বিন্যাস বা প্রতিস্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির তালিকাভুক্ত ঠিকাদার দিয়ে কমিশনিং কাজ সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে আলাদা কোম্পানি অনুমোদনের প্রয়োজন হবে না।

(খ) একই আঙ্গিনায় একই মালিকানাধীন অন্য শিল্প ইউনিটে অব্যবহৃত গ্যাস লোড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা আঞ্চলিক প্রধানের অনুমোদন নিয়ে স্থানান্তর করা যাবে।

(গ) একই আঙ্গিনার ভেতরে ক্যাপটিভ পাওয়ার শ্রেণির লোড প্রয়োজনে শিল্প শ্রেণিতে স্থানান্তর করা যাবে। তবে শিল্প শ্রেণির লোড কোনোভাবেই ক্যাপটিভ পাওয়ারে রূপান্তর করা যাবে না।

(ঘ) মিটার স্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে স্থাপন সম্পন্ন করে পরবর্তী পর্যায়ে গুণগত মান যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

সরকার বলছে, এসব পদক্ষেপের মাধ্যমে গ্যাস সেবায় গতি বাড়বে, প্রশাসনিক জটিলতা কমবে এবং শিল্প ও গ্রাহক পর্যায়ে সরবরাহ ব্যবস্থা আরো কার্যকর হবে।


এমআর/এফএ