মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

গ্যাস সরঞ্জাম পুনর্বিন্যাস ও প্রতিস্থাপন সেবা সহজ করল সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পিএম

শেয়ার করুন:

গ্যাস সরঞ্জাম পুনর্বিন্যাস ও প্রতিস্থাপন সেবা সহজ করলো সরকার
গ্যাস সরঞ্জাম পুনর্বিন্যাস ও প্রতিস্থাপন সেবা সহজ করলো সরকার। ফাইল ছবি

দেশে শিল্প খাতে গ্যাস ব্যবহারের প্রক্রিয়া আরও সহজ ও গ্রাহকবান্ধব করতে নতুন পরিপত্র জারি করেছে সরকার। এর ফলে অনুমোদিত গ্যাস লোড অপরিবর্তিত থাকলে সরঞ্জাম পুনর্বিন্যাস বা প্রতিস্থাপনের ক্ষেত্রে আগের মতো গ্যাস বিতরণ কোম্পানির অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা থাকবে না।

সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ নাজমুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের ক্রমবর্ধমান গ্যাস চাহিদা এবং আন্তর্জাতিক চর্চা পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ঘণ্টাপ্রতি গ্যাস লোড অপরিবর্তিত রেখে সরঞ্জাম পুনর্বিন্যাস ও প্রতিস্থাপনের কমিশনিং কাজ সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির তালিকাভুক্ত ঠিকাদারের মাধ্যমে সম্পন্ন করা যাবে। এ ক্ষেত্রে গ্যাস বিতরণ কোম্পানির আলাদা অনুমতির প্রয়োজন হবে না।

এছাড়া একই আঙিনায় অবস্থিত একই মালিকানাধীন অন্য কোনো শিল্প ইউনিটের অব্যবহৃত গ্যাস লোড সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা আঞ্চলিক প্রধানের অনুমোদন সাপেক্ষে স্থানান্তর করা যাবে। প্রয়োজন হলে ক্যাপটিভ পাওয়ার শ্রেণিতে ব্যবহৃত লোড শিল্প শ্রেণিতে নেওয়ার সুযোগ রাখা হয়েছে, তবে শিল্প শ্রেণির লোড ক্যাপটিভ পাওয়ারে স্থানান্তরের অনুমতি দেওয়া হয়নি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন মিটার স্থাপনের ক্ষেত্রে স্থাপনের পর সর্বোচ্চ সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ ও বিপণন কোম্পানিকে গুণগত মান যাচাই সম্পন্ন করতে হবে।

এদিকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, শিল্প খাতে গ্যাস বিতরণ ও বিপণন সেবা সহজীকরণের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। তাদের মতে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শিল্প উৎপাদন কার্যক্রম আরও গতিশীল হবে, ব্যয় কমবে এবং জ্বালানি ব্যবস্থাপনা দক্ষতা বাড়বে। 


বিজ্ঞাপন


এমআর/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর